
গতবার নেপালে সেমিফাইনালেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলকে। তবে সেই অতীত নিয়ে পড়ে নেই বাংলাদেশ। এবারের বাংলাদেশ দলটির সবাই ভালো কিছু করতে প্রত্যয়ী। গতকাল সিলেট ফুটবল একাডেমিতে খেলোয়াড়দের প্রায় দুই ঘণ্টার কঠোর অনুশীলন দেখে সেটা মনে হওয়াই ছিল স্বাভাবিক।
এবার নিজেদের মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবলে জয় দিয়ে শুরু করবে, দর্শকেরাও বুক বেঁধে আছে এই আশায়। ৬ দলের টুর্নামেন্টে দুটি ম্যাচ এরই মধ্যে হয়ে গেছে। কিন্তু সিলেটবাসীর মনে টুর্নামেন্টটি এখনো রং ছড়াতে পারেনি। প্রথম দিন হাজার চারেক থাকলেও কাল দর্শক উপস্থিতি সেটির অর্ধেকে নেমে এসেছে। কারণ এ পর্যন্ত স্বাগতিক বাংলাদেশ যে মাঠেই নামেনি। বাংলাদেশ আজ নামবে প্রথম ম্যাচ খেলতে, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আজ থেকেই সিলেটবাসীর চিরচেনা ফুটবল উন্মাদনার দেখা মিলবে বলে আশাবাদী আয়োজকেরা।
বলা যায় ‘বিপর্যস্ত’ শ্রীলঙ্কার মুখোমুখি আজ ‘প্রত্যয়ী’ বাংলাদেশ। গত রোববার উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ৫-০ গোলের বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কা। মুখে না বললেও শরীরী ভাষায় বাংলাদেশ যুব দল বলছে শ্রীলঙ্কানদের ভগ্ন মনোবলের সুযোগ নিয়ে জয় তুলতে হবে! প্রতিপক্ষের আত্মবিশ্বাস তলানিতে, আর স্বাগতিক দলকে বাড়তি শক্তি জোগাবে নিজেদের দর্শক-সমর্থন। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বাংলাদেশের জয়ের ছবিই ফুটে ওঠে।
তবে কাল সিলেট ফুটবল একাডেমি মাঠে দুই ঘণ্টা অনুশীলনের পর বেলা দেড়টার দিকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের কোচ গোলাম জিলানিকে দেখা গেল বেশ সতর্ক। সাংবাদিকদের বললেন, ‘ভারতের কাছে হারলেও শ্রীলঙ্কাকে দুর্বল দল ভাবার কোনো কারণ নেই। তবে আমরা নিজেদের সেরাটা দিয়েই খেলব।’ বাংলাদেশ দলের অধিনায়ক শাওন মুখে শ্রীলঙ্কাকে ‘শক্ত প্রতিপক্ষ’ বললেও জয় দিয়েই যে সাফ ফুটবলে শুভসূচনা করতে চান, সেই ইচ্ছাটাও আবার জানিয়ে দিলেন, ‘আমাদের দলটি ভারসাম্যপূর্ণ। প্রস্তুতিও মোটামুটি ভালো। জেতার লক্ষ্য নিয়েই আমরা খেলব।’
অধিনায়কের এমন কথায় দর্শকেরা আশ্বস্ত হতেই পারে, তাই আপাতত চোখ থাকুক আজ বিকেল ৫টায় শুরু নগরের জেলা স্টেডিয়ামে শুরু ম্যাচটিতে। এদিকে কাল নেপাল ৫-০ গোলে মালদ্বীপকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে টুর্নামেন্টে। তবে এ ম্যাচের ফল নিয়ে বাংলাদেশের দর্শকদের কিছু এসে যায়নি। কারণ সবাই তো তাকিয়ে আছে আজ বাংলাদেশের জয়ের দিকে। জয়েই শুরু হবে বাংলাদেশের যুবাদের স্বপ্নযাত্রা!