'প্রমাণ করতে চাই বাংলাদেশ ভালো দল'

কিরগিজস্তানের বিপক্ষে বিশকেকের আজকের ফিরতি ম্যাচটি জামাল ভূঁইয়ার জন্য এক ধরনের চ্যালেঞ্জই। ইতালীয় কোচ ফাবিও লোপেজের অধীনে প্রথম ম্যাচ, এই ম্যাচ দিয়েই নতুন কোচকে বার্তা দিতে চান তিনি। আন্তর্জাতিক পরিসরে নিজেকে প্রমাণের ব্যাপারটি তো আছেই, দলের কাছেও তাঁর আর্জি এই ম্যাচ দিয়ে যেন প্রমাণিত হয় বাংলাদেশ ফুটবল দল খুব একটা খারাপ নয়।
বিশকেকে টিম হোটেলের বারান্দায় দাঁড়িয়ে তিনি বলেছেন, ‘কিরগিজস্তানের বিপক্ষে এই ম্যাচটি নতুন কোচের অধীনে প্রথম ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়ে আমরা কোচকে জানিয়ে দিতে চাই যে আমরা খুব খারাপ খেলি না। বাংলাদেশ খুব খারাপ ফুটবল দল নয়। ভালো ফুটবলটা বাংলাদেশও খেলতে জানে।’
কিরগিজদের বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ফিরতি পর্বের এই ম্যাচটা যে ঘরের মাঠের চেয়েও কঠিন, সেটা খুব ভালো করেই জানেন জাতীয় দলের এই ডেনিশ-বাংলাদেশি মিডফিল্ডার। তাঁর মতে, আজকের ম্যাচটিতে বাংলাদেশের সমস্যা দুটি। একটি বিশকেকের হিম-শীতল আবহাওয়া অপরটি হচ্ছে দর্শক সমর্থনের অভাব। তিনি বলেছেন, ‘এই ম্যাচের শীতের চ্যালেঞ্জ আছে, যেটা খেলোয়াড়েরা জানে, খেলোয়াড়দের এই আবহাওয়ার সঙ্গেই খাপ খাইয়ে নিতে হবে। দর্শক সমর্থন না থাকায় আমরা মাঠে কিরগিজস্তানের ১২ জনের বিপক্ষে খেলব।’
কিরগিজস্তানের শীতল আবহাওয়া উপভোগই করছেন, ইউরোপে বেড়ে ওঠা এই ফুটবলার, ‘কিরগিজস্তানের আবহাওয়া আমার জন্য কিছুটা সুবিধা। ঠান্ডায় খেললে মাঠে অতিরিক্ত শক্তি নিয়েই খেলা যাবে। কিন্তু বাংলাদেশ দলের অন্যান্য খেলোয়াড়ের জন্য ব্যাপারটা তা নয়। দেখা যাক, তারা এই আবহাওয়ায় কীভাবে মানিয়ে নেয়। তবে আমরা যেহেতু দুদিন হলো এখানে এসেছি, তাই খেলোয়াড়দের এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া উচিত।’