'প্রিটি উওম্যানের' সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কে কার সঙ্গে ছবি তুলতে পেরে বেশি খুশি, বোঝার কোনো উপায় আছে! কেউই যে কারও চেয়ে কম নয়! কেউ সবুজ মাঠের ফুটবলশিল্পী, কারও ক্যানভাস রুপালি পর্দা। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো সময়ের ফুটবলেরই সেরা। জুলিয়া রবার্টসই বা কম কী? নব্বইয়ের দশক ও এই শতাব্দীর প্রথম দশকটা মাতিয়ে রেখেছেন প্রিটি উওম্যান, মোনালিসা স্মাইল, নটিং হিল, রানঅ্যাওয়ে ব্রাইড-এর মতো চলচ্চিত্র দিয়ে। দুই জগতের তারকাদের সাক্ষাতের উপলক্ষটাও তেমনি দুর্দান্ত—গত রোববারের এল ক্লাসিকো। ম্যাচের পর বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলেরই খেলোয়াড়দের সঙ্গে গিয়ে দেখা করেছেন, ছবি তুলেছেন রবার্টস। রোনালদো, রামোস, মার্সেলো, মডরিচ, এমনকি কোচ জিনেদিন জিদান—কেউই একসময়ের বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর মর্যাদা পাওয়া রবার্টসের সঙ্গে ছবি তোলার সুযোগটা হাতছাড়া করেননি। করেননি মেসিও। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তো যেন রবার্টসকে ঘিরেও একটা ‘এল ক্লাসিকো’ বানিয়ে রেখেছে। টুইটারে মেসির সঙ্গে রবার্টসের ছবিটি দিয়ে বার্সেলোনার অফিশিয়াল অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘অ্যান্ড দ্য অস্কার গোজ টু লিওনেল মেসি!’ রিয়ালও কম যায় না। ক্লাবের তারকাদের সঙ্গে রবার্টসের সাক্ষাৎ, রিয়ালের ড্রেসিংরুমে তাঁর ঘুরে দেখার অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিওই তৈরি করেছে ইনস্টাগ্রামে! ক্যাপশন—জুলিয়া রবার্টসের বার্নাব্যু অভিজ্ঞতা! তা অভিজ্ঞতাটা নিঃসন্দেহে স্বপ্নময়ই হয়েছে ৪৯ বছর বয়সী হলিউড অভিনেত্রীর। ফক্স স্পোর্টস।