'ফাইনালে' ফিরবেন চেনা রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে রোনালদো l এএফপি
অনুশীলনে রোনালদো l এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদোর আজ গোলে ফেরার দিন!
ভবিষ্যদ্বাণী নয়, আবার খুব বেশি সংশয়ও নেই বাক্যটিকে ঘিরে। তাঁর অতীত রেকর্ডই মুছে দিচ্ছে সব সংশয়। ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বশেষ তিন ম্যাচে (টাইব্রেকারে গোল হিসাবে আসছে না) গোলের দেখা পাননি পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু মনে করার চেষ্টা করুন তো, সর্বশেষ কবে এক মৌসুমে টানা চার ম্যাচে গোলহীন ছিলেন রোনালদো? উত্তর পেতে পাঁচ বছরেরও বেশি পেছনে ফিরে যেতে হবে—২০১১ সালের ফেব্রুয়ারিতে। শুধু এটুকুই নয়, রেকর্ডে আরও আশার বাণী আছে পর্তুগালের জন্য। সর্বশেষ চারবার তিন ম্যাচের ‘গোলখরা’ কাটিয়েছেন কমপক্ষে ২ গোল করে, এর মধ্যে দুবার হ্যাটট্রিক।
হঠাৎ রোনালদোর গোলের রেকর্ড আলোচনায় আসার কারণ, ইউরোতে আজ বাঁচা-মরার লড়াইয়ে নামবে পর্তুগাল। তাতে দলটির ভরসা অধিনায়কের এই গোলস্কোরিং রেকর্ড। গ্রুপের চারটি দলেরই অবশ্য সুযোগ আছে দ্বিতীয় পর্বে যাওয়ার। অভিন্ন সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ সময় রাত ১০টায় লিঁওতে হাঙ্গেরির বিপক্ষে খেলতে নামবে পর্তুগাল, একই সময়ে সেন্ট ডেনিসে মুখোমুখি হবে আইসল্যান্ড ও অস্ট্রিয়া।
গ্রুপে দুই ম্যাচ শেষে পর্তুগাল ও আইসল্যান্ডের পয়েন্ট ২, অস্ট্রিয়ার ১; আর হাঙ্গেরি ৪ পয়েন্ট নিয়ে সবার চেয়ে এগিয়ে। রোনালদোদের জন্য আজ সমীকরণটা এমন—জিতলে চোখ বন্ধ করে দ্বিতীয় পর্বে আর হারলে বাড়ির পথে। ড্র করলে পড়তে হবে গোল ব্যবধান, গোল করার রেকর্ড, এমনকি ফেয়ার প্লের সমীকরণের মারপ্যাঁচে।
অত হিসাবে না যেতে হলে পর্তুগালকে আগে গোলের রাস্তাটা পরিষ্কার করতে হবে। এখন পর্যন্ত প্রতিপক্ষের গোলে সবচেয়ে বেশি ৫০টি শট, জার্মানির পর গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬২ শতাংশ বল দখলের পরও পর্তুগালের গোল মাত্র ১টি। সবেধন নীলমণি সেই গোলটি করা নানির অবশ্য বিশ্বাস, আরও গোল আসবে। অস্ট্রিয়ার সঙ্গে দ্বিতীয় ম্যাচের পরই বলেছিলেন, ‘আমাদের সময় আসবে। এবং সেটা পরের ম্যাচেই। ভাগ্য আমাদের পাশে থাকবে এবং সবগুলো শট জালে জড়াবে।’
সেটির জন্য স্বাভাবিকভাবে রোনালদোই ভরসা। অস্ট্রিয়া ম্যাচে পেনাল্টি মিস করা পর্তুগাল অধিনায়কের পায়ে গোল দেখছেন কোচ ফার্নান্দো সান্তোসও, ‘রোনালদো অনেক গোলই করেছে। আমি নিশ্চিত, হাঙ্গেরির বিপক্ষেও সে গোল করবে।’
পর্তুগালের জন্য রোনালদো যেমন, অস্ট্রিয়ার জন্য তেমনি ডেভিড আলাবা। বায়ার্ন মিউনিখ তারকাও প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ ছিলেন। হাঙ্গেরির বিপক্ষে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ড্র করে বেশ বিপাকে পড়েছে দলটি। অস্ট্রিয়া কোচ মার্সেল কোলারের চোখে আজকের ম্যাচ তাই ‘ফাইনাল’, ‘এখনো আমরা দৌড়ে টিকে আছি। বুধবার তাই আমাদের ফাইনাল।’
লিঁওতে রোনালদো, সেন্ট ডেনিসে আলাবা—ফাইনালে জ্বলে উঠবেন দুই তারকা? এএফপি, রয়টার্স।
আজকের খেলা
আইসল্যান্ড-অস্ট্রিয়া
রাত ১০টা
হাঙ্গেরি-পর্তুগাল
রাত ১০টা
সুইডেন-বেলজিয়াম
রাত ১টা
ইতালি-আয়ারল্যান্ড
রাত ১টা