'ফার্গি-টাইমে' রাশফোর্ডের চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ করা সময়ের দুই মিনিট চলছে। রেফারির শেষ বাঁশিও বেজে ওঠার অপেক্ষায়। ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তদের মধ্যে উসখুস। এত এত আক্রমণ করেও হাল সিটির মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরতে হবে ইউনাইটেডকে? অ্যালেক্স ফার্গুসনের সময়ের ‘ফার্গি-টাইমে’র কথাও হয়তো মনে পড়ছিল কারও কারও।
কিংবদন্তি কোচ অবসর নিয়েছেন বছর তিনেক আগে, ময়েস-ফন গাল হয়ে ইউনাইটেডের ডাগআউটে এখন হোসে মরিনহো। কিন্তু পরশু ফিরল ‘ফার্গি-টাইম’, মার্কাস রাশফোর্ডের সৌজন্যে। ৯২ মিনিটে বাঁ দিক থেকে ওয়েইন রুনির ক্রস, দু-তিন গজ দূর থেকে সেটি জালে জড়িয়ে দিলেন ১৮ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার। হালের প্রায় দুর্ভেদ্য রক্ষণ ভেঙে জিতেই ফিরল ইউনাইটেড।
ফেব্রুয়ারিতে ইউনাইটেডের জার্সিতে অভিষেকের পর থেকেই বিস্ময় উপহার দিয়ে যাচ্ছেন রাশফোর্ড। ছিলেন ইংল্যান্ডের ইউরোর দলেও। কিন্তু ইব্রাহিমোভিচ-রুনিদের ভিড়ে মৌসুম শুরুর ম্যাচগুলোয় সুযোগ একটু কমই পাচ্ছিলেন। মরিনহোর অধীনে পরশুই লিগ অভিষেক হলো তাঁর ৭২ মিনিটে। ২০ মিনিটের মধ্যেই চমক! এর আগে লেস্টার সিটির বিপক্ষে কমিউনিটি শিল্ডেও বদলি হিসেবে নেমে জিতিয়েছেন ইউনাইটেডকে।
জয়ের নায়ক রাশফোর্ডের প্রশংসায় পঞ্চমুখ মরিনহো, ‘লেস্টারের পর আজ, দুটি ম্যাচে যখন জয়ের জন্য হন্যে হয়েছিলাম, ও কাজটা করে দিল। ১৮ বছর বয়স হিসেবে দুর্দান্তই খেলছে। ছেলেটা আরও অনেক ম্যাচে সুযোগ পাবে, এটা নিশ্চিত।’ আর রাশফোর্ডের অনুভূতি? অল্প সুযোগ পেয়ে এমন দুর্দান্ত জয়ের গল্প লিখেই খুশি ‘বিস্ময়বালক’, ‘এটা খেলারই অংশ। আমি মানিয়ে নিচ্ছি, অনুশীলনে পরিশ্রমও করে যাচ্ছি এমন মুহূর্তগুলোর জন্য।’
এই জয়ে লিগে ৩ ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়ে আগামী সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে ইউনাইটেড। সমান পয়েন্ট চেলসিরও, কাল ওয়েস্ট হামকে ৩–১ গোলে হারিয়ে গার্দিওলার ম্যানচেস্টার সিটিরও তা-ই।
আন্তোনিও কন্তের অধীনে মৌসুমের শুরুর তিন ম্যাচেই গত মৌসুমের ‘ভূত’ তাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে চেলসি। ঘরের মাঠে বার্নলিকে ৩-০ গোলে হারানোর ম্যাচে চেলসির নায়ক এডেন হ্যাজার্ড। গোল করেছেন, করিয়েছেন। আগের মৌসুমের দুঃস্বপ্ন তাড়ানোর হুমকি দিচ্ছেন বেলজিয়ান উইঙ্গার। যদিও কোচ কন্তের চোখে ‘এখনো অনেক উন্নতি করার বাকি’ হ্যাজার্ডের।
পুরোনো ঝলক ছিল জেমি ভার্ডির পায়েও। রূপকথা লেখা গত মৌসুমে ২৪ গোল করেছেন লেস্টার সিটির স্ট্রাইকার, এবার প্রথম গোল পেলেন পরশু। লেস্টারও ২-১ গোলে হারিয়েছে সোয়ানসিকে। অন্য ম্যাচে টটেনহামের মাঠে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। এই মাঠেই লিভারপুল ডাগআউটে ‘অভিষেক’ হয়েছিল ইয়ুর্গেন ক্লপের। সেদিন গোলশূন্য ছিল ম্যাচ, এদিনও ড্র, তবে একটি গোল করে। গত মৌসুমে দ্বিতীয় হওয়া আর্সেনাল ৩-১ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। গানারদের হয়ে গোল করেছেন কাজোরলা, সানচেজ ও ওজিল। রয়টার্স।