'ফার্গি টাইম'-এর রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ সেপ্টেম্বর ২০০৯। ওল্ড ট্রাফোর্ডে ‘ম্যানচেস্টার ডার্বি’টার কথা মনে আছে? এপাশে রুনি, ফ্লেচার আর ওপাশে ব্যারি, বেলামির গোলে ৯০ মিনিট পর্যন্ত ম্যাচে ৩-৩ সমতা। যোগ হওয়া সময়ের খেলা চলছে। ডাগআউটে বারবার ঘড়ি দেখছেন তখনকার ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। দেখাচ্ছেন রেফারিকেও। যোগ হওয়া সময়ের খেলা ‘অনন্তকাল’ ধরে চলছে দেখে ওদিকে বিরক্ত তখনকার ম্যান সিটি কোচ মার্ক হিউজ। প্রায় ছয় মিনিট খেলা হওয়ার পর হঠাৎই গোল করলেন মাইকেল ওয়েন। আর একটু পরেই খেলা শেষের বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। ইউনাইটেড ম্যাচ জিতল ৪-৩ গোলে।
স্মৃতির ভেলায় ভেসে যদি আরেকটু পেছনে যেতে পারেন, তাহলে ১৯৯৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালটাও মনে করে দেখুন। ন্যু ক্যাম্পে নির্ধারিত সময়ের খেলা প্রায় শেষের দিকে, ইউনাইটেড–বায়ার্ন ম্যাচে তখন ১-১ সমতা। তারপর সেই চেনা দৃশ্য। ঘড়ি দেখেছেন ফার্গুসন, বারবার রেফারির দৃষ্টি আকর্ষণ। যোগ হওয়া সময়ের তিন মিনিটের সময় ওলে গানার সোলসকায়েরের গোল। ২-১ গোলে জিতে শিরোপা ইউনাইটেডের।
গত বছর মে মাসের পর আর দেখা যায়নি এমন দৃশ্য। কিন্তু একটা সময় ইংলিশ ফুটবলে বেশ চেনা দৃশ্য ছিল এটা। নির্ধারিত সময়ের খেলা একেবারেই শেষের দিকে। ম্যানচেস্টার ইউনাইটেড পিছিয়ে কিংবা ম্যাচে সমতা। ফার্গুসন বারবার ঘড়ি দেখছেন। শুধু নিজেই দেখছেন না, দেখাচ্ছেন রেফারিকেও। গুঞ্জন আছে, ফার্গুসনের প্রবল ব্যক্তিত্ব আর চরিত্রে প্রভাবিত হয়ে এ সময় রেফারিরা মাঝেমধ্যে যোগ হওয়া সময়টা একটু বাড়িয়ে দিতেন। ইংলিশ ফুটবলে যে সময়ের নাম হয়ে গিয়েছিল ‘ফার্গি টাইম’। এমনকি পরে একটা জরিপে দেখা গেছে, ফার্গুসনের চাপের মুখে হারতে যাচ্ছে এমন ম্যাচে রেফারিরা নাকি গড়ে প্রতি ম্যাচে ইউনাইটেডকে ৭৯ সেকেন্ড করে সময় বেশি দিতেন!
‘ফার্গি টাইম’ আদায়ে রেফারিদের প্রভাবিত করার চেষ্টার কথা বিদায়বেলাতেই স্বীকার করে গেছেন সাবেক ইউনাইটেড কোচ। তবে সম্প্রতি ব্রিটিশ দৈনিক মিরর-এর সঙ্গে সাক্ষাৎকারে দিলেন একটা মজার তথ্যও। আসলে নাকি রেফারিদের চাপে রাখতেই বারবার ঘড়ির দিকে তাকাতেন। খেলার কতক্ষণ বাকি আছে কিংবা যোগ হওয়া সময়টা কত হতে পারে সেসব নিয়ে বেশির ভাগ সময়েই তাঁর কোনো ধারণাই ছিল না, ‘আমি আসলে কখনোই সময় দেখতাম না। খেলার কত মিনিট বাকি, এটাও জানতাম না। কিন্তু প্রতিপক্ষ আর রেফারি এতে প্রভাবিত হতেন। এটা ছোট একটা কৌশল মাত্র।’
এই না হলে কী আর তিনি ফার্গুসন! ডেইলি মেইল।