'ফার্গি' হতে চান মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসে মরিনহো
হোসে মরিনহো

তাঁর অতীতটা দেখে বলা যায়, আগামী মৌসুমটাই হবে ম্যানচেস্টার ইউনাইটেডে হোসে মরিনহোর শেষ। ১৭ বছর ধরে বিভিন্ন ক্লাবের প্রধান কোচ হিসেবে কাজ করে যাচ্ছেন ৫৪ বছর বয়সী পর্তুগিজ কোচ, কোনো ক্লাবেই তিন মৌসুমের বেশি থাকা হয়নি। তবে ধারাটা এবার ভাঙবে বোধ হয়। মরিনহো যে ‘অ্যালেক্স ফার্গুসন’ হওয়ার স্বপ্ন দেখছেন। আরও ১৫ বছর কোচিংয়ে থাকতে চান তিনি, আর এই পুরোটা সময় থাকতে চান ইউনাইটেডেই।

প-নে-রো বছর! মরিনহো যেমন, তাতে এমনটা কল্পনা করা একটু কঠিনই। তবে ইউনাইটেড কোচ নিজেকে ভেঙে গড়তে প্রস্তুত, ‘আমি তো বলি, আরও ১৫ বছরের জন্য আমি তৈরি। সেটা এখানেই (ইউনাইটেডে) কি না? অবশ্যই, কেন নয়!’—যুক্তরাষ্ট্রে ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতিতে গিয়ে সম্প্রতি ইএসপিএনকে বলেছেন মরিনহো।

একই কোচকে বছরের পর বছর ডাগআউটে ইউনাইটেড আগেও দেখেছে। এখানেই তো চুইংগাম চিবোতে চিবোতে ২৬টি বছর কাটিয়ে দিয়েছেন চশমা পরা এক ভদ্রলোক—স্যার অ্যালেক্স ফার্গুসন! এরপর ডেভিড ময়েস এসে টিকলেন মাত্র ১০ মাস। লুই ফন গালও দুই বছরে ক্লাবটাকে সামলানোর চেষ্টা করে গেছেন। সবার মধ্যেই যেন একজন ফার্গুসনকে খুঁজে ফিরেছে ইউনাইটেড। একই রকম স্থিতিশীলতা ও সাফল্যের স্বপ্ন দেখেছে। মরিনহো তা দিতে পারবেন? তাঁর ইচ্ছায় ঘাটতি নেই, ‘অনেক বছর ধরে এই ক্লাবটা মানেই ছিল শুধু স্যার অ্যালেক্স। মানুষ এতে অভ্যস্ত। স্থিতিশীলতার প্রভাব কী, তা বোঝে। ডেভিড (ময়েস) ও মি. ফন গালের পর আমি এখন দ্বিতীয় বছর কাটাচ্ছি। আশা করি আমি থাকব, ক্লাব যেমন চায় সেই স্থিতিশীলতা এনে দিতে পারব।’

কিন্তু স্থিতিশীলতা মানে তো শুধুই লম্বা সময় থাকা নয়, ধারাবাহিক সাফল্য এনে দেওয়াও। ইউনাইটেডে প্রথম মৌসুমে তা ভালোই এনে দিয়েছেন মরিনহো। লিগ কাপ জিতেছেন, ইউরোপা লিগ জিতিয়ে ইউনাইটেডকে আবার উঠিয়ে এনেছেন চ্যাম্পিয়নস লিগে। আর রেকর্ড সত্যি হলে, এবার লিগ তো জিতবেনই! পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ হয়ে আবার চেলসি...প্রতি ক্লাবেই প্রথম মৌসুমে জিতুন আর না জিতুন, নিজের দ্বিতীয় মৌসুমে ঠিকই লিগ জিতিয়েছেন মরিনহো।

তবে আগের রেকর্ড যা-ই হোক, মরিনহো জানেন, শূন্য থেকেই আবার শুরু করতে হবে, ‘এক বছর আপনি সাফল্য পেলেন, কিন্তু পরের বছর পেলেন না, ব্যস, আপনি ক্লাব থেকে বিতাড়িত। চেলসিতে আমার সঙ্গে এমন হয়েছে। লেস্টারে (ক্লদিও) রানিয়েরির সঙ্গে তা-ই হয়েছে। অন্য অনেকের সঙ্গেও হবে। এখন মানুষ অনেক স্বল্প মেয়াদে সাফল্য-ব্যর্থতা বিবেচনা করে।’ তাঁর একই ক্লাবে অনেক দিন না থাকার কারণও কি মানুষের এই স্বল্পমেয়াদি স্মৃতি? মরিনহোর কথায় সেটিই মনে হয়, ‘স্বীকার করতেই হবে আমাদের কাজের চাপের কারণেই (একই ক্লাবে অনেক দিন থাকা) কঠিন হয়ে যাচ্ছে। সবাই কোচের ওপরই চাপ তৈরি করে। কিন্তু সত্যিটা হচ্ছে, শুধু একজন কোচই জেতে, আর প্রতিবছরই সেটা আরও কঠিন হয়ে যাচ্ছে।’

ইউনাইটেডে ১৫ বছর থাকতে হলে সেই কঠিন কাজটাই নিয়মিত করে যেতে হবে। ১৫ বছর থেকে তা হয়তো করে যেতেও পারেন। তবে তাতেও নিজেকে বা অন্য কাউকেই ‘ইউনাইটেডের ফার্গুসনের’ সঙ্গে তুলনাযোগ্য দেখেন না মরিনহো, ‘স্যার অ্যালেক্সের ক্যারিয়ারটা ছিল অনন্য। সেটি অনুকরণ করা সম্ভব নয়। আর কেউই কখনো একই ক্লাবে, একই লিগে এত বছর থাকতে পারবে না। একই ক্লাবে অনেক দিন থাকার বিচারে সম্ভবত (আর্সেনাল কোচ আর্সেন) ওয়েঙ্গারই হবেন শেষ উদাহরণ।’ ইএসপিএন, এএফপি।