'ফিফার কাজে অনেক পড়তে হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কোনো ফুটবল সংগঠকের কাছে এত দিন ফিফার সদস্য হওয়া ছিল বিশাল এক স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করে নিজেকে নতুন উচ্চতায় তুলেছেন মাহফুজা আক্তার কিরণ। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার নির্বাচিত সদস্য হওয়ার পর কেমন অভিজ্ঞতা হলো গত তিন মাসে? এসব নিয়েই তিনি কাল কথা বললেন প্রথম আলোর সঙ্গে—

মাহফুজা আক্তার কিরণ
মাহফুজা আক্তার কিরণ

* বাংলাদেশের প্রথম কোনো সংগঠক হিসেবে আপনি ফিফার সদস্য নির্বাচিত হয়েছেন গত ৮ মে। তো আপনার ফিফা-জীবন কেমন চলছে?
মাহফুজা আক্তার কিরণ: অনেক ব্যস্ত এখন আমি। ফিফার সব বিষয়েই একটা গাইডলাইন থাকে। সেসব আমাকে জানতে প্রচুর পড়তে হচ্ছে।
* ফিফা আপনাকে কী ধরনের দায়িত্ব দিয়েছে?
মাহফুজা: প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ডেপুটি চেয়ারম্যান করা হয়েছে আমাকে। এই কমিটির প্রথম সভা ১৪ সেপ্টেম্বর। আমি যাব ১৩ সেপ্টেম্বর। ওখানে গিয়ে তো মূর্তির মতো বসে থাকা যাবে না। আমাকে কথা বলতে হবে, সিদ্ধান্ত দিতে হবে। তার জন্য অনেক পড়ছি।

* আপনার উত্থান বিস্ময়কর। মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা থেকে বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান, এখন চেয়ারম্যান। হয়েছেন এএফসির নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য। এখন ফিফায়। কীভাবে সম্ভব হলো?
মাহফুজা: এটা সম্পূর্ণ বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সহায়তায় হয়েছে। তিনি একজন নেতাই নন, একজন শিক্ষকও। অনবরত আমাকে অনুপ্রাণিত করে গেছেন। তাঁর কাছে আমি অনেক কৃতজ্ঞ।

* আপনি অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফিফায় নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচন আসলে কতটা কঠিন ছিল?
মাহফুজা: যে ছয়টি কনফেডারেশনের মহিলা প্রতিনিধি আছে ফিফা কাউন্সিলে, তাঁদের পাঁচজনই মনোনীত। একমাত্র আমিই নির্বাচিত। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষকে ২৭-১৭ ভোটে হারিয়ে দুই বছরের জন্য ফিফার কাউন্সিল সদস্য নির্বাচিত হই এশিয়ার প্রতিনিধি হিসেবে। আগে এটিকে বলা হতো ফিফার নির্বাহী কমিটি। এখন ফিফা কাউন্সিল। প্রসঙ্গক্রমে বলি, আমিই বাংলাদেশ থেকে একমাত্র ফিফার ম্যাচ কমিশনার ছিলাম। জাপানে ২০১২ অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ, এরপর ২০১৬ সালে পাপুয়া নিউগিনিতে যুব মহিলা বিশ্বকাপেও ম্যাচ কমিশনার ছিলাম।

* ফুটবলের তৃতীয় বিশ্বের একটি দেশ থেকে বিশ্ব মঞ্চে গেছেন। ফিফায় গেলে নিশ্চয়ই লোকজন একটু অবাক হয়!
মাহফুজা: তা আর বলতে! সবাই খুব অবাক। কী করে আমি ওখানে গেলাম! সবাই এটা জানতে চায়। তবে ওখানে সবার ভালোবাসা পাচ্ছি।

* এখন পর্যন্ত ফিফার কোন কোন কর্মসূচিতে যোগ দিয়েছেন?
মাহফুজা: ৮ মে নির্বাচনের পরদিনই বাহরাইনে ফিফার সভায় যোগ দিই। এরপর আমস্টারডামে উইমেন্স লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে যাই। ওখানে ছয় মহাদেশ থেকে আসা ফিফার মহিলা সদস্যদের মধ্যে একমাত্র আমিই ফিফার লিডারশিপ গ্র্যাজুয়েশন করেছি। গিয়েছি রাশিয়ায় কনফেডারেশন কাপেও।

* শুনেছি, ফিফার সদস্য হিসেবে ফিফার যেকোনো টুর্নামেন্টে যখন-তখন যেতে পারেন আপনি? আর নাকি খুব বিলাসবহুল সুবিধা পান?

মাহফুজা: হ্যাঁ, ফিফা মানেই বিশাল ব্যাপারস্যাপার। বিমানে প্রথম শ্রেণিতে ভ্রমণের সুযোগ। কিন্তু বাংলাদেশ থেকে কোনো বিমানেই প্রথম শ্রেণি না থাকায় দুবাই থেকে প্রথম শ্রেণিতে উঠি। প্রথম শ্রেণি মানে একটা আলাদা কেবিন, যেখানে আলাদা শাওয়ার আছে। চাইলে আপনি গোসলও করতে পারেন। যেখানেই ফিফার টুর্নামেন্ট, সেখানেই একজন সঙ্গীসহ আমি আমন্ত্রিত থাকি।

* আপনি ফিফায় থাকায় বাংলাদেশের কী ধরনের লাভ হতে পারে?

মাহফুজা: বাংলাদেশের ফুটবলে কোনো সমস্যা হলে এখন তা গুরুত্ব দিয়ে দেখা হবে। উন্নয়নকাজেও অগ্রাধিকার থাকবে। তবে সত্যি বলতে শুধু বাংলাদেশ নয়, এশিয়ার অনগ্রসর প্রতিটি দেশের জন্যই আমি কাজ করব। নির্বাচনের সময় এশিয়ার প্রতিটি দেশে গিয়ে সবার কাছে আমি একটা প্রতিশ্রুতি দিয়েছি। সেই প্রতিশ্রুতি রাখতে হবে।