'ফুটবল খেলে লাভ কী, রিয়াল বাস্কেটবল খেলুক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালকে খোঁচা মারার সুযোগ হাতছাড়া করলেন না স্টয়চকভ। ফাইল ছবি
রিয়ালকে খোঁচা মারার সুযোগ হাতছাড়া করলেন না স্টয়চকভ। ফাইল ছবি

গত সাত মৌসুমে রিয়াল মাদ্রিদ লিগ জিতেছে মাত্র একবার। পাঁচবার জিতেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। বার্সার সাবেক তারকা রিস্টো স্টয়চকভ রিয়ালকে খোঁচা মারার এই সুবর্ণ সুযোগ হারালেন না। ক্রুইফের বার্সার ‘স্বপ্নের দলে’র অন্যতম এই সদস্য বলছেন, রিয়ালের ফুটবল খেলে লাভ কী? ওরা বরং বাস্কেটবলে মনোযোগ দিক!
বার্সার হয়ে পাঁচবার লিগ জিতেছেন। এর মধ্যে রিয়ালকে দর্শক বানিয়ে লিগ জিতেছেন টানা চারবার। ৪৯ বছর বয়সী স্টয়চকভ খোঁচা মেরে বলেছেন, ‘গত সাত মৌসুমে ওরা মাত্র একবার লিগ জিতেছে। এটা লজ্জাজনক। আমার এই বয়সেও সাবেক খেলোয়াড়দের নিয়ে দল গড়লেও একবারের বেশি লিগ জিততাম।’
গত রোববার রিয়াল মাদ্রিদের বাস্কেটবল দল ইউরোলিগ জিতেছে। যেটা বাস্কেটবলের চ্যাম্পিয়নস লিগ। সেদিকে ইঙ্গিত করে স্টয়চকভ বলেছেন, ‘এই বছর রিয়াল মনে হচ্ছে তাদের বাস্কেটবল দলটার ওপরই বেশি মনোযোগ দিয়েছে। এবার ওদের ফুটবল দলটা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দেখবে ​টিভিতে।’
ইকার ক্যাসিয়াসকে যেভাবে রিয়াল সমর্থকেরা এই বছর দুয়ো দিয়েছে, এ নিয়েও সমালোচনা করেছেন স্টয়চকভ। ২৫ বছর ধরে রিয়ালের সঙ্গে জড়িয়ে আছেন ক্যাসিয়াস। আর কোনো ক্লাবে খেলেননি। একজন ফুটবলারের যা যা জেতা সম্ভব, জিতেছেন সবই। সেই ক্যাসিয়াসকে এভাবে অপমান করা ফুটবলের জন্যই লজ্জার বলে মনে করেন তিনি।