'ফুটবলার গাছে ধরে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনী লিমিটেড ও নিউ রেডিয়েন্ট ম্যাচের মুহূর্ত। ছবি: প্রথম আলো।
আবাহনী লিমিটেড ও নিউ রেডিয়েন্ট ম্যাচের মুহূর্ত। ছবি: প্রথম আলো।
>

• এএফসি কাপে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে সাইফ স্পোর্টিং ক্লাব।
• মালদ্বীপেরই নিউ রেডিয়েন্টের কাছে প্রথম লেগে ১-০ গোলে হেরেছে আবাহনী।
• গত বছর মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল আবাহনী।
• তৃণমূল পর্যায়ে ফুটবলার না থাকায় বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে মালদ্বীপ।

বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা প্লে-মেকার আরমান মিয়ার কাছে প্রশ্ন ছিল, ‘আপনার মতো সৃজনশীল ফুটবলার এখন আর বাংলাদেশে দেখা যায় না কেন?’ আরমানের সোজা জবাব, ‘বাংলাদেশকে সব সময় ফুটবলার উপহার দেবেন না সৃষ্টিকর্তা। নিজেদের তৈরি করে নিতে হবে। যে কাজটা বাংলাদেশ ছাড়া অন্য সব দেশই করছে।’
আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্লাবগুলোর হালে পানি না পাওয়া কিংবা জাতীয় দলের সাফল্যখরার পেছনের কারণ হিসেবে আরমানের সঙ্গে একমত বাংলাদেশের অন্যতম সেরা কোচ মারুফুল হকও। অবশ্য দেশের ফুটবল ধ্বংস হওয়ার পেছনে হরহামেশাই শোনা যায় এই মত।
মালদ্বীপ জাতীয় দল বা তাদের ক্লাবগুলোকে আগে বলেকয়ে হারাত বাংলাদেশ—এখন ঠাকুরমার ঝুলির মতো শোনায়। কেননা ২০০৩ সালের পর সিনিয়র পর্যায়ে মালদ্বীপের বিপক্ষে কোনো জয় নেই বাংলাদেশের। কি জাতীয় দল, কি ক্লাব ফুটবল।
বুধবার মালদ্বীপ চ্যাম্পিয়ন নিউ রেডিয়েন্টের বিপক্ষে ১-০ গোলে হেরে ২০১৮ এএফসি কাপ মিশন শুরু করেছে আবাহনী লিমিটেড। ব্যক্তিগত কৌশল ও দলীয় ট্যাকটিকসে মালদ্বীপের প্রতিনিধিদের চেয়ে যে কতটা পিছিয়ে আছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা, সেটা স্কোরলাইন দেখে বোঝার উপায় নেই। কোনো বিদেশি নয়, ম্যাচের মীমাংসা করে দিয়েছেন মালদ্বীপের আলি ফাসির। আবাহনীর সান্ত্বনা বলতে হারের উন্নতি। কেননা গত বছর একই টুর্নামেন্টে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে দুই লেগ মিলিয়ে আবাহনী গোল হজম করেছিল এক হালি।
চলতি বছর হার দিয়ে শুরু অবশ্য করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। এএফসি কাপের প্রাথমিক রাউন্ডেই মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে দুই পর্ব মিলিয়ে ৪-১ গোলে হেরে বিদায় নিয়েছে তারা। প্রথম পর্বে ১-০ গোলে হারের পর দ্বিতীয় পর্বে হার ৩-১ গোলের বড় ব্যবধানে। অর্থাৎ দুই মাসের কম সময়ের মধ্যে দুই ক্লাবের তিন হার। দ্বীপরাষ্ট্রটির ক্লাবগুলোর বিপক্ষে এমন পরাজয়ে একটা প্রশ্ন এসেই যায়, বাংলাদেশ থেকে মালদ্বীপের ফুটবল এখন কত দূরে?
উত্তরটা দিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ মারুফুল, ‘মালদ্বীপের ফুটবলাররা আমাদের চেয়ে সব বিভাগেই এগিয়ে। এটা তৃণমূলে ফুটবল নিয়ে কাজ করার সুফল। মালদ্বীপ ১৫ বছর আগে কাজ শুরু করেছে। আর ফল পাওয়া শুরু করেছে ৫-৭ বছর আগে থেকে। আমরা এখনো ফুটবলার তৈরি করার রাস্তাটা তৈরি করতে পারিনি। ফুটবলার তো আর গাছে ধরে না।’ সাইফের উপদেষ্টা কোচ হওয়ার সুবাদে মালেতে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে খুব কাছ থেকে মালদ্বীপ ফুটবল জাগরণ দেখে এসেছেন মারুফুল। তাঁর চেয়ে ভালো আর কে-ই বা বোঝে!
ফেডারেশনে বসা সাবেক ফুটবলাররা শুধু ভাঙা রেডিও বাজানোর মতো বলে যান, ‘আগে আমরা মালদ্বীপকে ৮ গোল দিতাম। আর এরা এখন হজম করছে।’ বিষয়টি যেন কোন আমলে ঘি দিয়ে ভাত খেয়েছিল, আর এখনো সেই হাতের ঘ্রাণ শুঁকে যাওয়ার মতো।
খাদে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ফুটবল। এর পেছনে ঘুরেফিরে আসছে ফুটবলার তৈরি না করার বিষয়টি। ইউরোপে সাধারণত ক্লাবগুলো ফুটবলার তৈরি করার দায়িত্ব নিলেও দক্ষিণ এশিয়ায় এই সংস্কৃতিটা এখনো সেভাবে গড়ে ওঠেনি। তাই খেলোয়াড় তৈরির দায়িত্বটা ফেডারেশনই নিয়ে থাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেখানে একটা ফুটবল একাডেমিও তৈরি করতে পারেনি, সেখানে মালদ্বীপে ফুটবল ফেডারেশনের নিজস্ব একাডেমি আছে ছয়টি। অথচ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি বলে থাকেন, একাডেমি নির্মাণ করা ফেডারেশনের কাজ নয়।
মালদ্বীপ অনেক এগিয়ে থাকায় হয়তো দেশটির কর্মকাণ্ড ফুটবল ফেডারেশনের সভাপতির দৃষ্টিসীমায় ধরা দিচ্ছে না!