'ফেনোমেনন'টাও এখন এই রোনালদোর!

আমারে দেব না ভুলিতে! কিন্তু চাইলেই কি ভক্তদের হৃদয়ে চিরঠাঁই নেওয়া যায়। গড়তে হয় অবিস্মরণীয় কীর্তি। তবে রোনালদোর দুঃখটাই বোধ হয় এমন, অবিস্মরণীয় অনেক কীর্তি গড়েও হয়তো মানুষ ভুলে যাবে তাঁকে। চলে যাবেন আড়ালে। কী, আপনিও দ্বিধায় পড়ে গেছেন তো—কোন রোনালদোর কথা হচ্ছে?
রোনালদো—এই এক নামেই যাকে চিনত, সেই ব্রাজিল কিংবদন্তি, দ্য ফেনোমেনন ডাকনামে একসময় বিখ্যাত হওয়া, বিশ্বকাপের সাবেক সর্বোচ্চ গোলদাতার দুঃখ, রোনালদো নামেই পৃথিবী দেখেছে আরেক অবিস্মরণীয় ফুটবলারকে। সেই পর্তুগিজ রোনালদো কীর্তিতে যেন ম্লান করে দিতে চাইছেন ‘আসল’ রোনালদোকে। শুধু তা-ই নয়, ‘ফেনোমেনন’ ডাকনামটাও যেন এখন ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যই বরাদ্দ।
গতকাল লা লিগায় দুর্দান্ত হ্যাটট্রিক দিয়ে রিয়াল মাদ্রিককে ৮-২ গোলের বড় জয় এনে দিয়েছেন। ১০ গোলের ম্যাচ। অথচ ম্যাচের প্রথম আধঘণ্টা কোনো গোলই হয়নি, ভাবা যায়! এটাই লা লিগায় রিয়ালের সবচেয়ে বড় অ্যাওয়ে জয়ের রেকর্ড। নতুন রেকর্ড অবশ্য হয়নি, আগের রেকর্ডটাই কেবল ছুঁয়েছে কার্লো আনচেলত্তির দল। দেপোর্তিভো লা করুনাকে কোনো করুণা করেনি রিয়াল!
এও কি ভাবা যা! রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এটি রোনালদোর ২৩তম হ্যাটট্রিক। আধঘণ্টার মাথাতেই গোলের শুরুটা করেন। প্রথমার্ধের চার মিনিট বাকি থাকতেই করেছেন দ্বিতীয় গোল। ৭৪ মিনিটে পূর্ণ হয়েছে হ্যাটট্রিক। অবশেষে গোলের দেখা পেয়েছেন বিশ্বকাপের ‘গোল্ডেন বয়’ হামেস রদ্রিগেজ। তবে তাঁকে ছাপিয়ে আলো ছড়িয়েছেন জোড়া গোল করা গ্যারেথ বেল আর হাভিয়ের হার্নান্দেজ। ম্যাচের শেষ চার মিনিটে জোড়া গোল করে প্রথম একাদশে নিয়মিত জায়গা পাওয়ার দাবি জানিয়ে রেখেছেন ‘চিচারিতো’।
তবে আসল নায়ক অবশ্যই রোনালদো। যাঁকে ফেনোমেনন আখ্যা দিয়ে কোচ আনচেলত্তি বলেছেন, ‘আমাদের আক্রমণভাগ কতটা দক্ষ আর মানসম্পন্ন, প্রতিটা সুযোগ কতটা নিপুণভাবে আমরা কাজে লাগাতে পারি—এই ম্যাচ তারই সাক্ষী হয়ে থাকল। রোনালদোর মধ্যে আমি একজন ফেনোমেননকে দেখতে পাই। বাকি এমন খেলোয়াড় আছে যারা দুর্দান্ত।’
ওদিকে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে সেল্টা ভিগোর সঙ্গে ২-২ ড্র করেছে। চার ম্যাচে দ্বিতীয় ড্র নিয়ে তাদের পয়েন্ট ৮। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬। আর এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। স্প্যানিশ লিগের একমাত্র দল হিসেবে এখনো একটা ম্যাচও হারেনি বার্সা। সেই জয়ধারা অব্যাহত থাকবে কি না, বোঝা যাবে আজ। বাংলাদেশ সময় রাত একটায় লেভান্তের সঙ্গে তাদের ম্যাচ। খেলাটি দেখাবে স্টার স্পোর্টস ২। সূত্র: এএফপি।