'বক্স' খুললেই ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তারা ক্রিকেটেরও জনক। তবে ফুটবলই সম্ভবত ইংল্যান্ডের প্রিয় সন্তান। উৎসবে এই সন্তানটিই বেশি আদর মাখে গায়!
বড়দিনের উৎসব গেল কাল, আজ ‘বক্সিং ডে’। প্রায় দুই শ বছর পুরোনো রীতি, ক্রিসমাস বক্সে করে উপহার দেওয়ার দিন। তা উপহারটা কোনো বস্তুই হতে হবে, এমন বাঁধাধরা নিয়ম কে রেখেছে! কাল্পনিক বক্সটা খুলে উপহার হিসেবে ক্রিকেট-ফুটবল পেলেই বা মন্দ কী! অস্ট্রেলিয়া প্রতিবছর বক্সিং ডেতে ঘটা করে আয়োজন করে টেস্ট, কয়েক বছর ধরে নিজেদের মাঠে খেলছে দক্ষিণ আফ্রিকা। এবার নিউজিল্যান্ডও ওয়ানডে খেলছে বাংলাদেশের বিপক্ষে।
কিন্তু ইংল্যান্ড মজে থাকে ফুটবলে। ক্রিকেট থাকে মাঝেমধ্যে, কিন্তু ব্রিটিশদের যেন বড়দিনে ফুটবলের স্বাদটা না পেলে চলেই না। এবারও থাকছে। ইংলিশ ফুটবলের ভক্তরা মোটামুটি ক্রিসমাস বক্স খুলে ধামাকা উপহারই আশা করতে পারেন। ২০ দলের ১৬টিই যে মাঠে নামছে আজ!
তবে স্বাভাবিকভাবেই আগ্রহ বেশি বড় দলগুলোকে ঘিরে। লিগ শীর্ষে থাকা চেলসি ঘরের মাঠে খেলবে বোর্নমাউথের বিপক্ষে। তিনে থাকা ম্যানচেস্টার সিটি বেরোবে ভ্রমণে, গন্তব্য হাল সিটি। ঘরের মাঠে আর্সেনালের প্রতিপক্ষ ওয়েস্ট হাম, চ্যাম্পিয়ন লেস্টার সিটি খেলবে এভারটনের বিপক্ষে। ওল্ড ট্রাফোর্ডে লড়াইটা তো বিশেষ—‘স্পেশাল ওয়ান বনাম চোজেন ওয়ান’। সাবেক কোচ ডেভিড ময়েসের সান্ডারল্যান্ডকে আতিথ্য দেবে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড।
আন্তোনিও কন্তে ও পেপ গার্দিওলার জন্য এ নতুন অভিজ্ঞতা। চেলসি কোচ কন্তে এর আগে ক্লাব ফুটবলে পুরোটা সময় কাটিয়েছেন ইতালিতে, সেখানে বড়দিন ও নববর্ষে ছুটি থাকে। সিটি কোচ গার্দিওলাও স্পেন-জার্মানিতে বড়দিনে ছুটি কাটিয়েছেন। বড়দিনে ‘অফিস’ দুজনেরই আজ প্রথম।
তা অফিসে ভালো একটি দিনই আশা করছেন কন্তে, ‘আমি ও আমার পরিবারের জন্য বছরের এই দিনে কাজ করা, ফুটবল নিয়ে ব্যস্ত থাকার অভিজ্ঞতা এবারই প্রথম। দুর্দান্ত একটা অভিজ্ঞতাই হতে পারে এটি, আশা করি হবেও।’ কন্তের কাছে দুর্দান্ত অভিজ্ঞতা মানে তো জয়, আজ বোর্নমাউথের বিপক্ষে তা পেলে সেটি হবে লিগে চেলসির টানা ১২তম। এক মৌসুমে টানা জয়ে যা ক্লাব রেকর্ডও হবে। তবে কাজটা সহজ হবে না, চেলসি আজ পাচ্ছে না ডিয়েগো কস্তা ও এনগোলো কান্তেকে।
লিগে সর্বশেষ ম্যাচে আর্সেনালকে হারানো সিটির কোচ গার্দিওলা হিসাবি ‘প্রথম’ বক্সিং ডে ম্যাচ ঘিরে, ‘লোকে বলে, বড়দিনের সময়টাতে আরও বেশি মনোযোগী হতে হয়। আমরা এটিকে বড়দিন বা বক্সিং ডে নয় ভেবেই প্রস্তুত হব।’
ইউনাইটেড দেখবে অতীত ও বর্তমানের লড়াই। মরিনহো আছেন, প্রতিপক্ষ ডাগআউটে দাঁড়াবেন স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হিসেবে ‘বাছাইকৃত’ ডেভিড ময়েস। যদিও ১০ মাসের মধ্যে ইউনাইটেড থেকে একরকম বিতাড়িত হয়েছিলেন। তারপর এবারই প্রথম ওল্ড ট্রাফোর্ডে ফেরা, সান্ডারল্যান্ডের কোচ ময়েস আজ ইউনাইটেডের উৎসবকে পণ্ড করতেই চাইবেন। এএফপি।