'বড়' পরীক্ষায় পাস সিটি
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ম্যানচেস্টার সিটির জন্য এবার তাই শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। মৌসুমের প্রথম বড় ম্যাচটা জিতে সিটিও যেন সেই বার্তাই ছড়িয়ে দিল—চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত।
নিউক্যাসলের সঙ্গে ২-০ গোলের জয়ে শুরুর পর পরশু দ্বিতীয় ম্যাচেই সিটি মুখোমুখি হয়েছিল গত মৌসুমের রানার্সআপ লিভারপুলের। নিজেদের মাঠের ম্যাচটা সিটি জিতেছে অনায়াসেই, ৩-১ গোলে। জোড়া গোল করেছেন সিটির মন্টেনেগ্রিয়ান স্ট্রাইকার স্টেভান ইয়োভেটিচ, অন্য গোলটি সার্জিও আগুয়েরোর। আর্জেন্টাইন ফরোয়ার্ড গোলটা করেছেন এডিন জেকোর বদলি হিসেবে নামার ৩৩ সেকেন্ড পরই। তবে ইয়োভেটিচ বা আগুয়েরো নন, পরশু ইতিহাদ স্টেডিয়ামে সবচেয়ে আলোচিত চরিত্র ছিলেন মারিও বালোতেল্লি।
লিভারপুলের সঙ্গে ২০ মিলিয়ন ইউরোয় চুক্তির পরই বালোতেল্লি দলের সঙ্গী হয়ে এসেছিলেন সাবেক ক্লাবে। ম্যাচটা উপভোগ করেছেন পরিচালক বক্সে বসে। একসময় এই ইতিহাদ ছিল তাঁর ঘরের মাঠ, সেখানে বসেই দেখলেন তাঁর বর্তমান ক্লাবের হার। নিশ্চয় ভালো লাগেনি ইতালিয়ান স্ট্রাইকারের!
বালোতেল্লির নতুন কোচ ব্রেন্ডন রজার্সের জন্যও যে ম্যাচটা সুখকর ছিল না, সেটা তো অনুমেয়ই। ২০১৪ সালে প্রতিপক্ষের মাঠে লিভারপুলের প্রথম হারে কোচ রজার্স যেন একটা বার্তাও পেয়ে গেলেন—লুইস সুয়ারেজবিহীন লিভারপুলকে এবার গোলের জন্য সংগ্রামই করতে হবে! স্টারিজ-স্টার্লিং-ল্যাম্বার্টরা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। ৮৩ মিনিটে লিভারপুলের সান্ত্বনার গোলটিও সিটির আর্জেন্টাইন ডিফেন্ডার পাবলো জাবালেতার আত্মঘাতী!
দুর্দান্ত জয়ের পর ওই অনিচ্ছাকৃত ভুল নিয়ে মাথা ঘামাতে সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির বয়েই গেছে। মৌসুমের প্রথম দুই ম্যাচেই জয়ে তিনি বরং উচ্ছ্বসিত, ‘যখন শক্তিশালী দলের বিপক্ষে খেলবেন, আপনাকে মনোযোগ ধরে রাখতে হবে। আমাদের মনোযোগ ও একাগ্রতা ছিল দারুণ। প্রথম দুই ম্যাচে ছয় পয়েন্ট পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমাদের শুরুটা সহজ ছিল না।’ সিটির চিলিয়ান কোচ খুশি জোড়া গোলের নায়ক ইয়োভেটিচের পারফরম্যান্সেও। ভাসিয়েছেন প্রশংসায়। ম্যাচের একমাত্র হতাশা, জেকো চোট পাওয়া। যদিও সার্বিয়ান স্ট্রাইকারের চোটটা গুরুতর নয় বলেই জানিয়েছেন পেলেগ্রিনি।
ম্যাচ শেষে লিভারপুল কোচ রজার্সকে প্রথমেই মুখোমুখি হতে হয় বালোতেল্লির সঙ্গে চুক্তিসম্পর্কিত প্রশ্নের। রজার্স বালোতেল্লির চুক্তিটাকে বলেছেন ‘বুঝেশুনে ঝুঁকি’।
পরের ম্যাচগুলোর জন্য হয়তো এখন সেই ‘ঝুঁকি’র দিকেই তাকিয়ে লিভারপুল কোচ! এএফপি।