'বদলার' ম্যাচে থাকছেন মেসি?
সতীর্থরা যখন অনুশীলন করছেন, লিওনেল মেসি তখন নিভৃতে করছেন হালকা জগিং। ফিজিওর কাছে গিয়ে মনোযোগ দিয়ে কী যেন শুনলেন। আবার শুরু জগিং। কিন্তু কাল আর্জেন্টিনার অনুশীলনে মেসি একাকী কেন? সে জন্যই প্রশ্নটা আরও বেশি করে উঠে যাচ্ছে, কাল সকালে চিলির সঙ্গে ম্যাচে শুরু থেকে নামবেন তো?
মেসির সমস্যাটা হয়েছিল গত সপ্তাহেই। হন্ডুরাসের সঙ্গে প্রীতি ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে চোট পান পিঠে। মাঠ থেকে তখনই উঠে যেতে হয়েছিল। এরপর কর ফাঁকিসংক্রান্ত মামলায় বার্সেলোনায় দৌড়, আদালতে হাজির দেওয়া, সেখান থেকে আবার উড়ে ক্যালিফোর্নিয়ায় আসা—মৌসুম শেষের ক্লান্তি মুছে মাঠে নামবেন কী, উল্টো ধকল আরও বাড়ছে।
ওই ম্যাচের হতাশা ভুলতে কাল নামতে পারবেন কি না সেটা নিয়ে তাই সংশয় তো আছেই। আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোও পুরোপুরি নিশ্চয়তা দিতে পারলেন না, ‘আশা করছি ওকে আমরা শুরু থেকেই পাব। কিন্তু ও খেলবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে শেষ মুহূর্তে।’ তবে মেসির বড় কিছু হয়নি বলেই স্বস্তি পাচ্ছেন মার্টিনো, ‘ও এই কোপা খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। যত দূর ওকে দেখেছি, আমি তেমন একটা উদ্বিগ্ন নই।’
মেসিকে নিয়ে উদ্বেগ থাকার কথা চিলিরও। প্রতিপক্ষের সবচেয়ে বড় অস্ত্রটি না থাকলে সেটা বাড়তি একটা সুবিধা। চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো আবার মেসির বার্সা সতীর্থও। মনে যা-ই থাকুক, ব্রাভো কিন্তু মেসিকে মাঠেই চাইছেন, ‘আমি জানি না ওর চোট কেমন। তবে আর্জেন্টিনার জন্য তো বটেই, আমাদের জন্যও ও খেলতে পারলে ভালো হবে। আমি চাই ও খেলুক।’
শুধু মেসি নন, একা অনুশীলন করেছেন মিডফিল্ডার লুকাস বিলিয়াও। পেশির চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি বিলিয়া, গত সপ্তাহে দল থেকে বাদ দেওয়ার একটা গুঞ্জনও উঠেছিল। কাল তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ। বিলিয়ার বদলে সুযোগ পেতে পারেন ফার্নান্দেজ।
ম্যাচটি এক দিক দিয়ে আর্জেন্টিনার জন্য প্রতিশোধের একটা উপলক্ষও। গত বছর ফাইনালে হারের স্মৃতিটা সহজেই ভুলতে পারবে না আর্জেন্টিনা। তবে চিলিকে যে হারানো সম্ভব, সেই আত্মবিশ্বাসটা আর্জেন্টিনা ফিরে পেয়েছে গত মার্চে ব্রাভোদের বিপক্ষে জিতে। কিন্তু এবারের দ্বৈরথ কোপায় বলেই ২০১৫-এর ফাইনালটা আসছে ফিরে ফিরে।
চিলিও ঠিক স্বস্তিতে নেই। হোর্হে সামপাওলির বিদায়ের পর নতুন কোচ হুয়ান আন্তোনিও পিজ্জির অধীনে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই তারা হেরেছে। তার ওপর চোটের জন্য এ ম্যাচে অনিশ্চিত মিডফিল্ডার আরতুরো ভিদালও। শিরোপা ধরে রাখার প্রথম পরীক্ষাটাই কঠিন হচ্ছে চিলির! এএফপি, ইএসপিএন, ফোরফোরটু।