'বদলে' গেছেন নেইমার

১৯৫০ বিশ্বকাপে মারাকানাজো ট্র্যাজেডি ব্রাজিলিয়ানরা এখনো ভুলতে পারেনি। জার্মানির কাছে ৭-১ গোলের ক্ষতও হয়তো শুকাবে না কোনো দিন। তা না শুকালেও ভবিষ্যতের কথা ভেবে সামনে তো তাকাতে হবেই। কার্লোস দুঙ্গাকে কোচ করে সেই পথেই যাত্রা শুরু করেছে ব্রাজিল। সামনে চড়াই-উতরাইয়ে ভরা পথের কথা মাথায় রেখে দলের সবচেয়ে বড় তারকা নেইমার বলছেন, রাতারাতিই সবকিছু বদলে যাবে না। বিশ্বকাপ-দুঃস্বপ্ন ভুলে দল হিসেবে গড়ে উঠতে সময় লাগবে।
বিশ্বকাপ ভরাডুবির পর গত শুক্রবারই প্রথম মাঠে নেমেছিল ব্রাজিল। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের পুনর্মঞ্চায়ন হয়ে আসা মায়ামির সেই প্রীতি ম্যাচে ব্রাজিল কলম্বিয়াকে হারিয়েছে নেইমারের একমাত্র গোলে। কিন্তু নেইমার সেটিকে বড় করে না দেখিয়ে বরং বলছেন, ‘সবকিছু বদলে ফেলাটা কঠিন। আমরা মাত্র এক সপ্তাহ অনুশীলন করেছি এবং একত্রে মাত্র একটা ম্যাচ খেলেছি। আমরা নতুন কোচের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছি। তিনি আমাদের কী করতে বলছেন তা শুনছি এবং আমাদের পারফরম্যান্সের উন্নতির চেষ্টা করছি।’
লুইস ফেলিপে স্কলারির অধীনে বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়ক ছিলেন থিয়াগো সিলভা। চোটের কারণে সেই সিলভা দুঙ্গার প্রথম দলেই নেই। তাঁর পরিবর্তে ব্রাজিলের নতুন কোচ অধিনায়ক করেছেন তরুণ নেইমারকে। কলম্বিয়ার ম্যাচে অভিষেকও হয়ে গেছে অধিনায়ক নেইমারের। কিন্তু মাত্র ২২ বছর বয়সেই নেইমার অধিনায়কত্বের চাপ সামলাতে পারবেন? বয়স যা-ই হোক, নেইমার কিন্তু নিজেকে বেশ অভিজ্ঞই মনে করেন, ‘সাম্প্রতিক সময়ের অনেক কিছুই আমাকে বদলে দিয়েছে। গত তিন-চার বছরে আমি অনেক কিছু শিখেছি।’ আত্মবিশ্বাসেরও অভাব নেই তাঁর, ‘আমি মনে করি, পেশাদার হিসেবে আমি অনেক উন্নতি করেছি। আমি ক্লাব এবং জাতীয় দলের সিনিয়র সতীর্থদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। যা আমাকে অনেক বদলে দিয়েছে।’ গোলডটকম।