বয়স চলছে ৩৮। তাতে কী, খেলে যেতে চান ২০২০ সাল পর্যন্ত। তবে এবার প্রিমিয়ার লিগে নয়, পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলছেন রোকনুজ্জামান কাঞ্চন। ছয় ম্যাচে ছয় গোলও করেছেন ‘বুড়ো বয়সে’। এভাবে নিয়মিত গোল পাওয়ার রহস্যটা ভেঙে বললেন বসুন্ধরা কিংসের অধিনায়ক

*চ্যাম্পিয়নশিপ লিগ তো আপনি মাতিয়ে দিচ্ছেন। প্রতিদিন গোল...। রহস্য কী?
রোকনুজ্জামান কাঞ্চন: (হাসি) আসলে চেষ্টা করছি আরকি! তবে এটা বলতে পারি, যৌবনের চেয়েও এখন ভালো খেলছি। ছয় ম্যাচে ছয় গোল করা তো সহজ নয়। প্রথম ম্যাচে দুই গোল করাই। দ্বিতীয় ম্যাচে দুই গোল করলাম। পরের চার ম্যাচে একটি করে গোল। আমার মনে হয়, জীবনে এত রানিং আগে করিনি।
*বলেন কী! এ তো দারুণ ব্যাপার। তা এত শক্তি পান কোথায়?
কাঞ্চন: আমি খুব শৃঙ্খলা মেনে চলি। এখন আমার ওজন বেড়ে যাওয়ার কথা। তবে ওজন আগে চেয়ে এক কেজি কমেছে। রাত ১০টার মধ্যে ঘুমানোর চেষ্টা করি। ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে দিন শুরু হয় আমার। অনুশীলন কখনো ফাঁকি দিইনি।
*অনুশীলনে ফাঁকি তো আরও অনেকেই দেন না। তাঁরা তো আপনার মতো এভাবে খেলতে পারছেন না...
কাঞ্চন: ইচ্ছাশক্তিটাই অনেক বড়। মনে হয় ফুটবলকে আরও দেওয়ার আছে আমার। ফুটবল খেলে আমারও পাওয়ার আছে। ক্লাব কর্মকর্তাদের বলব, বয়স না দেখে পারফরম্যান্স দেখুন। কিন্তু দুঃখজনক হলো, তাঁরা শুধু বয়সটাই দেখেন।
*এবার প্রথম বিভাগ ফুটবলে গোলরক্ষক আলী খেলেছেন। তাঁর বয়স চলছে ৪৫। এটাও নিশ্চয়ই একটা অনুপ্রেরণা?
কাঞ্চন: তাই নাকি? আমি আসলে আলী ভাইয়ের প্রথম বিভাগে খেলার কথাটা জানি না। তবে আলী ভাই তো আমাদের চেয়ে অনেক সিনিয়র।
*এমনিতে প্রিমিয়ার লিগের পরেই চ্যাম্পিয়নশিপ লিগ। তা এই লিগে প্রতিদ্বন্দ্বিতা কেমন?
কাঞ্চন: আমি তো বলব, প্রিমিয়ারের চেয়ে এই লিগটা কঠিন। কমলাপুরে টার্ফের মাঠে খেলা, মাঠটাও ছোট। এই মাঠে গোল করা কঠিন মনে হয় আমার কাছে। ২২ জন খেলোয়াড়। গায়ে গায়ে ধাক্কা লাগে।
*সেই নব্বইয়ের মাঝপথ থেকে ঢাকার ফুটবলে আছেন। জাতীয় দলে একসময় নিয়মিত খেলেছেন। সব মিলিয়ে লম্বা ভ্রমণের অভিজ্ঞতা কেমন?
কাঞ্চন: ‘৯৫ সালে ফকিরেরপুল দিয়ে প্রিমিয়ারে শুরু। ২ বছর ওখানেই ছিলাম। অগ্রণী ব্যাক, ফরাশগঞ্জ হয়ে আবাহনীতে টানা তিন বছর ‘৯৮-২০০১। মোহামেডানে ২ বছর কাটিয়ে মুক্তিযোদ্ধায় টানা ১৩ বছর। গত বছর খেলিনি ওরা টাকা দেয়নি বলে রাগ করে। দলটির কাছে প্রায় ২৫ লাখ টাকা পাই। আসলে ওখানে যাঁরা আছেন, ফুটবল বোঝেন না। মূল্যায়ন করেন না। একজন খেলোয়াড়ের মর্যাদা এখন আর নেই।
*কত দিন খেলে যেতে চান?
কাঞ্চন: কোচ মানিক ভাই আমাকে নিয়ে যান বসুন্ধরা কিংসে। বলেন, রাগ করে লাভ নেই। টিমটাকে চ্যাম্পিয়ন করো। আমিও সেই চ্যালেঞ্জটা নিয়েছি। আর টার্গেট করেছি ২০২০ পর্যন্ত খেলব।