'বাঁচাও ফুটবল'র সাদামাটা নির্বাচনী ইশতেহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী সালাউদ্দিন ব্যর্থ হয়েছেন। কাজেই ফুটবল এখন বাঁচাতে হবে। ফুটবল বাঁচাতে কী করবে ‘বাঁচাও ফুটবল’ আন্দোলন, সেটির একটা রূপরেখা পাওয়া গেল আজ। তবে তাতে নতুনত্ব কিছু নেই। এমনকি নেই জাতীয় দল নিয়ে একটি শব্দও। এর চেয়ে বরং কাজী সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদের ইশতেহারে ছিল অনেক গোছানো এবং বিশদ। 

স্থানীয় একটি হোটেলে ১৪টি কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে ‘বাঁচাও ফুটবল’র পক্ষ থেকে। সেখানে জানা বিষয়গুলোই এসেছে ঘুরেফিরে। তৃণমূল থেকে ফুটবলার তুলে আনা, শেরেবাংলা, সোহরাওয়ার্দী কাপ ফেরানো, বাফুফেতে জবাবদিহি নিশ্চিত করা, প্রথম পর্যায়ে ৮টি বিভাগে আটটি পূর্ণাঙ্গ একাডেমি স্থাপন, দ্বিতীয় পর্যায়ে জেলা জেলায় একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ—ইত্যাদি উল্লেখযোগ্য। এগুলো সালাউদ্দিনের পরিষদও বলেছে। তাঁর পরিষদ দিয়েছিল ২৫টি দফা, বাঁচাও ফুটবলের চেয়ে ১১টি বেশি।
প্যানেল পরিচিতি ও ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এই পরিষদের সভাপতি প্রার্থী সাংসদ কামরুল আশরাফ খান এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আমি নির্বাচিত হলে ঢাকার ক্লাবগুলোতে একটি করে ছোট আকারে হলেও জিম করে দেব। দুই মাস পর পর ডেলিগেট ও মিডিয়াকে নিয়ে ফেডারেশনের বোর্ড মিটিং করব।’
প্রশ্ন এসেছে, ফুটবলই যখন বাঁচাতে চান, তাহলে বাফুফের নির্বাচনে প্রার্থী হয়েও সরে দাঁড়ালেন কেন? এই প্রশ্নের উত্তরে বাঁচাও ফুটবলের অগ্রণী নেতা মনজুর কাদের যা বললেন, তাতে হাসিই ছড়িয়ে পড়ল পুরো অনুষ্ঠানে। কাদের বলেন, ‘ফুটবলে যেমন ট্যাকটিকস থাকে, নির্বাচনেও সেটা থাকে। নির্বাচনে অংশ নেব না আগেই বলেছিলাম। সমর্থকদের চাপেই মনোনয়নপত্র কিনেছি। তার আগেই সেটি প্রত্যাহারের চিঠি তৈরি করে রেখেছিলাম। এটা আমাদের জাস্ট একটা ফান।’
অনুষ্ঠানে বক্তব্য দেন বাঁচাও ফুটবল আন্দোলনের অগ্রণী নেতা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের, জাকারিয়া পিন্ট, গোলাম সরোয়ার টিপু, মোফাফফর হোসেন পল্টু, যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট প্রমুখ। প্রার্থীদের পরিচয় করিয়ে দেন লোকমান হোসেন ভূঁইয়া।