'বাংলাদেশে ফুটবল ছাড়িয়ে যাক ক্রিকেটকে'

>আজ লাওসের বিপক্ষে ২০২২ বিশ্বকাপের প্রাক্–বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ক্রিকেটে উন্মাতাল বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় খেলা হিসেবে আবারও ফুটবলকে ক্রিকেটের চেয়েও প্রিয় খেলায় পরিণত করতে চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে।
চলছে ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশের মানুষ তো এমনিতেই ক্রিকেট নিয়ে পাগল, তাঁর ওপর বিশ্বকাপের সময়ে এই পাগলামির পারদটা যেন আকাশ ছুঁয়েছে। এমন একটা সময়েই ২০২২ ফুটবল বিশ্বকাপের প্রাক্-বাছাইপর্বে লাওসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের আগে কোচ জেমি ডের কণ্ঠে শোনা গেল বাংলাদেশে ফুটবলকে সবচেয়ে জনপ্রিয় খেলা করার প্রত্যয়।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ইংলিশ কোচ বলেছেন, তিনি বাংলাদেশে ক্রিকেটের চেয়ে ফুটবলের সম্ভাবনা বেশি দেখেন, ‘বাংলাদেশকে সবাই ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবেই মনে করে। কিন্তু আমাকে ভুল বুঝবেন না, আমার মনে হয় বাংলাদেশে ফুটবলের সম্ভাবনা ক্রিকেটের চেয়েও বেশি। বাংলাদেশের লোক ফুটবল ভালোবাসে। কিন্তু কখনোই ফুটবলে তাঁরা সফল হয়নি। যে কারণে ফুটবলের পেছনে সেখানে অত বিনিয়োগ হয় না। আমি দুটি টি-টোয়েন্টি ম্যাচ দেখতে গিয়েছিলাম মাঠে, সেখানে বিশ থেকে তিরিশ হাজার দর্শক ছিল। ফুটবল আরও জনপ্রিয় হলে এর চেয়ে বেশি দর্শক হবে সেখানে। আমি চাই, বাংলাদেশে ফুটবল ছাড়িয়ে যাক ক্রিকেটকে।’
ক্রিকেটের সাফল্যের কারণ যে পৃষ্ঠপোষকতা, এটাও মনে করেন জেমি, ‘আপনি যদি ম্যাচ জেতেন, তাহলে আরও বেশি মানুষ খেলা দেখার জন্য আগ্রহী হবে। খেলা দেখতে মাঠে আসবে। আমার মতে বাংলাদেশে ফুটবল ক্রিকেটের চেয়েও বেশি জনপ্রিয়। তবে এই মুহূর্তে দেশে ফুটবলের চেয়ে ক্রিকেটের অবস্থা ভালো, কেননা তারা ফুটবলের চেয়ে বেশি পৃষ্ঠপোষক পায়, আর্থিক সহায়তাও অনেক বেশি পায়।’
বাংলাদেশের মতো দেশে তো অনেক রোদ থাকে, পড়ে অনেক গরমও। ইংল্যান্ডের মতো দেশ থেকে এসে বাংলাদেশে কী কষ্ট হচ্ছে জেমির? গার্ডিয়ানের সাংবাদিক এমন একটা প্রশ্ন করেছিলেন বাংলাদেশের কোচকে। জেমি অবশ্য জানিয়েছেন, প্রচণ্ড গরম আর ঘনবসতিপূর্ণ দেশ হলেও বাংলাদেশের কোচ হিসেবে চাকরিটা উপভোগই করেন তিনি, ‘আমরা রোদের হাত থেকে বাঁচার জন্য একদম সকালে অনুশীলন করি। সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত খেলি। আর ওদিকে বিকেল পাঁচটার পর। বাংলাদেশ অনেক জনবসতিপূর্ণ একটা জায়গা। ঢাকা শহরের নিষ্কাশন ব্যবস্থা ভালো নয়, ফলে একবার বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সব জায়গায় পানি জমে যায়। প্রচণ্ড ট্রাফিক জ্যাম। দুই মাইল যেতেই অনেক সময় লেগে যায়। ইংল্যান্ডের চেয়ে অবস্থা অনেক ভিন্ন সেখানে। কিন্তু ফুটবলের কল্যাণে বাংলাদেশে অনেকেই আমাকে চেনে। ইংল্যান্ডে তো আমাকে কেউ চেনে না। অনেকেই বাংলাদেশে সেলফি তুলতে চায়। আমার এতে খুব হাসি পেলেও পুরো বিষয়টা আমি উপভোগ করি।’
বাংলাদেশের দায়িত্ব পালন করছেন অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে। মুখোমুখি হতে হয় অনেক বৈরী পরিস্থিতিরও। তবে জেমির প্রত্যয় এ অবস্থা তিনি বদলে ছাড়বেনই, ‘আমরা এমন হোটেলেও থেকেছি, যেখানে খেলোয়াড়দের থাকার জন্য পর্যাপ্ত শোয়ার ঘর ছিল না। অনুশীলন কিট পাইনি কখনো কখনো, এমনও হয়েছে যে মাঠে অনুশীলন করতে গেছি সেখানকার ঘাস কাটা ছিল না, তাই আমরা অনুশীলন করতে পারিনি সেদিন। এমনও হয়েছে, আমরা দল বেঁধে বাসে চেপেছি কিন্তু পরে রাস্তার মাঝে নেমে যেতে হয়েছে, কেননা ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছিল না। বিমানবন্দরে নেমে ঘরে ফেরার জন্য কিছু পাইনি, উবার ডেকে যেতে হয়েছে। আমি এসব কিছুর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দোষ দেব না, কেননা তাদের বলা হয়েছিল সবকিছু ঠিকঠাকমতো ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আসলে তা ছিল না। মাঝে মাঝে তাই খুব বিরক্ত লাগে, কিন্তু এখন যখন ব্যাপারগুলো মনে করি তখন বেশ হাসি পায় আমার!’