'বাংলাদেশের সঙ্গে কলকাতার ফুটবলের সম্পর্কটা আত্মিক'

এএফসি কাপের পাঁচ ম্যাচে মাত্র দুটিতে জয়। আগামীকাল আবাহনীর সঙ্গে জিতলেও চূড়ান্ত পর্বে ওঠার কোনো সম্ভাবনা নেই মোহনবাগানের। তারপরও দুই বাংলার ফুটবলের ঐতিহ্যের পরীক্ষা দিতেই ম্যাচটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে পশ্চিম বাংলার অন্যতম সেরা দল মোহনবাগান। আজ বাফুফে ভবনে ম্যাচ–পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ সঞ্জয় সেনের কণ্ঠে থাকল বাংলাদেশের সঙ্গে কলকাতার ফুটবলের আত্মিক সম্পর্কের বিষয়টিও।
* আবাহনীর সঙ্গে কালকের ম্যাচটা একরকম নিয়ম রক্ষার বলা যায়। আপনি এটিকে কীভাবে দেখছেন?
সঞ্জয় সেন : দেখুন, আইলিগ ও ফেডারেশন কাপ শেষ। মৌসুমের শেষ ম্যাচ খেলতে যাচ্ছি আমরা। গুরুত্ব বিচারে দুটি দলের কারও কাছে হয়তো এই ম্যাচ নিয়ে সেই আকর্ষণ নেই। কিন্তু খেলাটা যারা দেখতে আসবে, আশা করি তারা নিশ্চয় উপভোগ করবেন এবং ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে দর্শকদের আনন্দ দেওয়াটাও ফুটবল দলের কর্তব্য। জিততে পারলে নিশ্চয় আমাদের আরও ভালো লাগবে। আসলে জেতার জন্যই খেলবে মোহনবাগান। কারণ, আইলিগ ও ফেডারেশন কাপে রানার্স আপ হওয়ার পরও ছেলেরা অনুশীলনে পুরো শক্তি দিচ্ছে। মুখিয়ে আছে এখানে খেলার জন্য। ওদের শরীরী ভাষায় কোনো কার্পণ্য দেখিনি।
*বেঙ্গালুরুর সঙ্গে তো পুরো শক্তির মোহনবাগান খেলেনি। এখানেও সনি নর্দে আসেনি। লড়াইটা কি একপেশে হবে?
সঞ্জয় সেন : শক্তিধর দলের নাম দিয়ে তো ফুটবল খেলা হয় না। আমাদের টিমে এদুয়ার্দো, ডাফি, বলবন্ত, জেজে, শেহনাজ...দলের প্রত্যেকেই গুরুত্বপূর্ণ আমার কাছে। সুতরাং আমরা কতটা শক্তিশালী দল নিয়ে এসেছি, সেটার থেকে বড় কথা হলো কতটা ভালো ফুটবল খেলতে পারব এবং সেটাই আসল। আমরা বেঙ্গালুরুর সঙ্গে সনি নর্দেকে খেলাইনি। এদুয়ার্দো ও ডাফিকেও খেলাইনি। আপনাদের বিচারে যদি সেটা দ্বিতীয় সারির দল হয়, তাহলে সেই দল নিয়েও তো ৩-১–এ জিতেছিলাম। সুতরাং এখানে নাম দিয়ে কিছু হবে না। ভালো খেলতে হবে। জেতার জন্য ছেলেরা এখানে এসেছে।
*কলকাতায় আবাহনীর সঙ্গে পিছিয়ে পড়েও ৩-১–এ জিতেছিলেন। শুরুর দিকে কি আবাহনীকে পাত্তা দেননি?
সঞ্জয় সেন : গুরুত্ব না দেওয়ার কী আছে? ফুটবলে আপনি দ্রুত গোল খেতে পারেন, আবার প্রতিপক্ষ শেষ দিকে গোল করতে পারেন। সুতরাং খেলায় গোল খেয়ে কীভাবে ঘুরে দাঁড়াতে পারেন, সেটাই দেখার বিষয়। সেটাই একটা টিমের শক্তি হিসেবে বিচার্য হয়।
*এটা তো দুই বাংলার ফুটবলের মর্যাদার লড়াইও বটে। এই ম্যাচ নিয়ে কতটা রোমাঞ্চিত আপনি?
সঞ্জয় সেন : আমি এক শতে এক শ ভাগ রোমাঞ্চিত। এখানে যেহেতু পাওয়ার কিছু নেই, তাই ক্লাবের সম্মান, দেশের সম্মানটা বড় করে দেখবে খেলোয়াড়েরা। আমরা প্রতিপক্ষ আবাহনীকে পূর্ণ মর্যাদা দিচ্ছি। আবাহনী নামটা অনেক কিছু এ দেশে।
*এএফসি কাপে দুই বাংলার দুই দল আবাহনী-মোহনবাগান বাদ পড়ে গেল। দুই বাংলার ফুটবল যে ভালো অবস্থায় নেই, সেটা তো বলায় যায়। এ থেকে উত্তরণের পথ কী?
সঞ্জয় সেন : দেখুন, উত্তরণের পথ বলতে আমাদের মোহনবাগান ক্লাবের কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। খেলোয়াড়েরা চুক্তিবদ্ধ ৩১ মে অবধি। গত বছর আমি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর দারুণ এক্সাইটেড ছিলাম। আমার স্বপ্ন ছিল যে আমরা পরবর্তী রাউন্ডে যেতে পারব। এএফসির ফাইনাল খেলব। যেটা বেঙ্গালুরু করে দেখিয়েছে গত বছর। কিন্তু আমাদের হাত–পা বাঁধা। এ কারণে যে আমাদের খেলোয়াড়দের চুক্তি ৩১ মে অবধি। আমরা যদি কোয়ালিফাই করতে পারতাম, তাহলে কাদের নিয়ে খেলতাম? আর আমরা যদি খেলতে না পারি তাহলেও বিরাট জরিমানা এএফসিকে দিতে হতো। লিগে যতটা ভালো খেলার চেষ্টা করেছি, দলের সম্মানটা যাতে নিচে না নেমে যায়, সে চেষ্টা করেছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমিও এর বাইরে যেতে পারিনি। কোচ হিসেবে আমিও জানি, যদি আমরা কোয়ালিফাই করি, তাহলেও পরের রাউন্ডে খেলার কোনো সুযোগ নেই। এসব সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের ক্লাব কর্মকর্তাদেরই।
*সনি নর্দে ঢাকার অন্যতম জনপ্রিয় ফুটবলার ছিলেন। সনি কেন আবারও ঢাকার মাঠে খেলতে এলেন না? বিষয়টা কি পরিষ্কার করে বলবেন?
সঞ্জয় সেন : এটা খুব দুর্ভাগ্যজনক যে সনি নর্দের মতো ফুটবলার এখানে আসতে পারল না। ও এখানে খেলতে আসতে মুখিয়ে ছিল। কিন্তু একটা টেকনিক্যাল কারণে ওর ভিসাটা নেওয়া গেল না (পাসপোর্টের পাতা শেষ হয়ে গেছে)। আমরা শেষ মুহূর্তে জেনেছি সেটা, যখন বিমানবন্দরে আসি। এটা আমাদের দলের জন্যও খারাপ হলো।
*পশ্চিম বাংলার লোক এই বাংলার ফুটবলের কতটা খোঁজখবর রাখে?
সঞ্জয় সেন : দেখুন এখানে ঢাকা মোহামেডান থেকে শুরু করে আবাহনী ক্রীড়া চক্র এবং অন্যান্য দল যথেষ্ট জনপ্রিয় সেটা আমরা জানি। এখানে বাংলাদেশের ক্রিকেটটা ইদানীং এত জনপ্রিয় হয়েছে, সেটা বলার নয়। তবে বাংলাদেশের পরিচয় ফুটবলের জনপ্রিয়তা দিয়েই। এখানে নইমুদ্দিন দীর্ঘদিন কোচিং করিয়ে যাচ্ছেন। আমার হয়তো সেভাবে টিভিতে বাংলাদেশের খেলা দেখার সুযোগ পাই না। কিন্তু কোনো মানুষ কলকাতায় গেলে তার কাছ থেকে জানার চেষ্টা করি, অন্য দল কতটা ভালো খেলার চেষ্টা করছে। তারপরও আমরা যথেষ্ট খোঁজখবর রাখি, কারণ এই বাংলার সঙ্গে আমাদের কলকাতার একটা আত্মিক সম্পর্ক আছে।
*আইএসএল (ইন্ডিয়ান সুপার লিগ) এসে কি আইলিগের গুরুত্ব কমে গেছে বলে মনে করেন?
সঞ্জয় সেন : এটা সত্যি বলেছেন। আইএসএল আসায় আই লিগটার গুরুত্ব কমে গেছে । এটা হয়তো দ্বিতীয় পর্যায়ের টুর্নামেন্টে রূপ নিয়েছে। সেটা এখন বলা যাবে না।