'বাতাসে ওদের দুর্বলতা আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়ান ডেভিড সেন্ডফোর্ড
রায়ান ডেভিড সেন্ডফোর্ড

কোচ ও ফিটনেস ট্রেনারের মতো গোলরক্ষক কোচও নতুন। তিন বিদেশি মিলে ভুটান-বাধা পেরিয়ে বাংলাদেশ ফুটবল দলকে নিতে চান এশিয়ান কাপের বাছাইয়ে। কাল কমলাপুরে অনুশীলনের পর সেটাই বললেন নিউজিল্যান্ড থেকে আসা ৩৫ বছর বয়সী নতুন গোলরক্ষক কোচ রায়ান ডেভিড সেন্ডফোর্ড

* বাংলাদেশে এসেই কাজে নেমে পড়লেন। সবকিছু কেমন লাগছে?
রায়ান ডেভিড সেন্ডফোর্ড: বাংলাদেশে এসেছি ২৪ ঘণ্টার মতো হলো। এখানে এসে ভালোই লাগছে। ভালো হোটেল, দারুণ সব মানুষ।
* খেলোয়াড়দের কেমন দেখছেন?
সেন্ডফোর্ড: খেলোয়াড়েরা কঠিন পরিশ্রম করছে। তিন গোলকিপারকে (আশরাফুল রানা, মোস্তাক ও নেহাল) পেলাম আজ আমার প্রথম সেশনে। আরেকজনকে পাব কাল (আজ)। হ্যাঁ, তিন গোলরক্ষককে নিয়ে প্রথম দিনটা দারুণ কাটালাম। ওরা আমাকে মুগ্ধ করেছে। একটু গরমও লাগছে (হাসি)।
* গোলরক্ষকদের কোন দিকটা আপনাকে মুগ্ধ করেছে?
সেন্ডফোর্ড: ওদের মানসিকতা খুব ভালো। এটাই সবচেয়ে বেশি দরকার। আমি চাই, ওরা গোলমুখে আসা বলটা আগে থামাবে বা ধরবে। এটা একজন গোলকিপারের প্রথম কাজ। এরপর আমরা দেখব অন্য বিষয়গুলো।

* কোনো দুর্বলতা?
সেন্ডফোর্ড: বাংলাদেশের শেষ তিনটি ম্যাচের ভিডিও দেখেছি। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ম্যাচটি পার্থে বসে দেখেছি। তাতে মনে হয়েছে, বাতাসে থাকা বলে দুর্বলতা আছে ওদের। আমি তো মাত্রই এলাম, কাল ক্রস তুলে দেখব কী অবস্থা। আস্তে আস্তে সব দিক বুঝতে পারব।
* আপনাকে বেশ তরুণ লাগছে। মনে হচ্ছে মাত্রই খেলা ছেড়েছেন।
সেন্ডফোর্ড: আমি মাত্রই নিউজিল্যান্ডে মৌসুম শেষ করলাম। একটা প্রাইভেট একাডেমিতে গোলকিপিং নিয়ে কাজ করছিলাম। একই সঙ্গে লিগে আমি আমার দলের প্রধান কোচও। যুক্তরাষ্ট্রে সাড়ে চার বছর গোলকিপিং নিয়ে কাজ করেছি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায়ও কিছু কাজ করার সুযোগ হয়েছে। সিঙ্গাপুরের দুটি ক্লাবেও কাজ করেছি।
* বাংলাদেশ আসার আগে সেন্টফিটের সঙ্গে যোগাযোগ ছিল, নাকি অন্য কোনো মাধ্যমে এসেছেন?
সেন্ডফোর্ড: টম সেন্টফিটের সঙ্গে যোগাযোগ ছিল না আমার। আমি এসেছি আসলে বাফুফের স্ট্র্যাটেজিক্যাল ডিরেক্টর পল স্মলির সঙ্গে পরিচয়ের সূত্রে। নিউজিল্যান্ডে ছিলেন তিনি, ওখানে কাজ করেছেন। সেই সুবাদেই তাঁর সঙ্গে পরিচয়। স্মলিই আমাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যান।
* গোলরক্ষক কোচ হওয়ার পেছনে বিশেষ কোনো কারণ ছিল আপনার?
সেন্ডফোর্ড: আমি গোলকিপার ছিলাম, স্বাভাবিকভাবেই গোলকিপিং নিয়েই আগ্রহ বেশি। নিউজিল্যান্ডের আঞ্চলিক ও জাতীয় লিগে খেলেছি। নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-২০ দলের প্রাথমিক স্কোয়াডে ছিলাম। তিন বছর আগে খেলা ছেড়ে এখন পুরোদস্তুর কোচ। জানেন তো, নিউজিল্যান্ডে রাগবি এক নম্বর। তারপর ক্রিকেট হতে পারে। তবে খেলোয়াড়ের সংখ্যা ধরলে ফুটবলই শীর্ষে। খুব ছোট থেকেই উঠে আসছে শিশুরা।
* বাংলাদেশে কয়েক বছর ধরে পোস্টের নিচে স্থায়ী গোলরক্ষক পাচ্ছে না। কী মনে হয়, এই গোলরক্ষকদের মধ্যে কাউকে লম্বা সময়ের জন্য গড়ে তোলা সম্ভব?
সেন্ডফোর্ড: অবশ্যই সম্ভব। তবে আমি আপাতত এসেছি দুই সপ্তাহের জন্য। ভুটানের সঙ্গে ম্যাচটার পর দেখা যাক কী হয়। ভুটান ম্যাচের পর ফিরে যাব। ফেডারেশন চাইলে আবার আসব। আমি চাই, বাংলাদেশকে এশিয়ান কাপের বাছাইয়ে নিয়ে যেতে।