'বাতিগোল' পা কেটে ফেলতে চেয়েছিলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বক্সে বল পেলেই হলো, কীভাবে কীভাবে যেন সেটাকে জালে জড়িয়ে দেবেনই। গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে তো এমনি এমনি ‘বাতিগোল’ বলা হতো না। কিন্তু যে দুই পা দিয়ে এত সব গোল করেছিলেন, আর্জেন্টাইন কিংবদন্তি নাকি সেই পা-জোড়াই কেটে ফেলতে চেয়েছিলেন!
বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন ১০ বছর আগে। খেলা ছাড়ার ঠিক পরেই হঠাৎ যেন পঙ্গু হয়ে যেতে বসেছিলেন। শুনুন আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মুখেই, ‘ফুটবল ছাড়ার পরের দিনেই আমি আর হাঁটতে পারছিলাম না।’ অবস্থা এতটাই সঙিন হয়ে পড়েছিল, মূত্রত্যাগের জন্যও বিছানা ছাড়তে পারেননি, ‘আমার বাথরুম ছিল বিছানা থেকে মাত্র তিন মিটার দূরে, তার পরও সেখানে যেতে পারিনি। তখন ভোর চারটা। আমি জানতাম দাঁড়াতে গেলেই আমার গোড়ালি ভেঙে যাবে।’
কতটা ভয় পেয়েছিলেন সেটা বোঝা যায় তাঁর পরের কথাতেই, ‘আমি ড. আভাঞ্জির (হাড়বিশেষজ্ঞ) কাছে গিয়েছিলাম। আমি বলেছিলাম দুই পা-ই ফেলে দিতে। তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি পাগল হয়ে গেছি। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি ভাষায় বোঝাতে পারব না ব্যথাটা কতটা অসহনীয় ছিল।’
ভাগ্য ভালো, শেষ পর্যন্ত পা আর কাটতে হয়নি। এখন আগের চেয়ে অনেক ভালো আছেন, খেলতে পারছেন গলফও! গোলডটকম।