'বার্সা জেতায় কম কষ্ট, রিয়াল জিতলে বেশি'

‘শত্রুর শত্রু তোমার বন্ধু।’ চাণক্যের বহু পুরোনো নীতি। তবে এবারের স্প্যানিশ লিগের শেষ অঙ্কে প্রতি মুহূর্তে সমীকরণ এত এত বদলেছে, কাকে বন্ধু হিসেবে টানবেন আর শত্রু হিসেবে তির তাক করবেন—সেটা যেন বুঝে উঠতেই পারছিল না তিন দল। অবশেষে মাত্র কয়েক পয়েন্টের হিসাব নিকাশে চ্যাম্পিয়ন হয়ে গেল বার্সা, দুইয়ে রিয়াল মাদ্রিদ, তিনে অ্যাটলেটিকো।
রিয়াল শেষ পর্যন্ত যে লিগ জিততে পারেনি, তা দেখে ডিয়েগো গডিন বেশ খুশি হয়েছেন। তবে বার্সা জেতায় আনন্দিত, তাও বলা যাবে না। অ্যাটলেটিকো মাদ্রিদের এই রক্ষণসেনা বলছেন, বার্সা জিতলে কষ্টটা কম হয়, রিয়াল জিতলে কষ্ট হয় বেশি।
কোপেকে দেওয়া এক সাক্ষাৎকারে গডিন বলেছেন, ‘বার্সেলোনা লিগ জিতলে কষ্টটা কম পাই, কারণ রিয়াল মাদ্রিদ আমাদের সরাসরি নগর প্রতিদ্বন্দ্বী। রিয়ালের প্রতি আমার অনেক সম্মান আছে। এমন নয় আমি ওদের ঘৃণা করি বা ওই রকম কিছু। তবে এটা সত্যি, আমি সব সময়ই তাদের হারাতে চাই।’
সেই চাওয়াটা আরও তীব্র হবে ২৮ মে, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যখন মুখোমুখি হবে মাদ্রিদের দুই দল। দুই বছর আগেও অল-মাদ্রিদ ফাইনাল হয়েছিল। সেবার গডিনের গোলে শিরোপা একটু হলেই জিতে গিয়েছিল অ্যাটলেটিকো। ৯০ মিনিটের যোগ করা সময়ে গোল করে সমতা ফিরিয়ে খেলাটা অতিরিক্ত সময়ে নিয়ে যায় রিয়াল। সেখানেই হেরে যায় অ্যাটলেটিকো।
গডিন বলছেন, ‘লিসবনের ওই ম্যাচটি থেকে অনেক শিখেছি। এখন আমরা জানি মাদ্রিদের সঙ্গে কীভাবে খেলতে হবে। তা ছাড়া ওদের বিপক্ষে আমাদের সাম্প্রতিক ফলগুলোও বেশ আশাব্যঞ্জক। আমরা খুবই কৌশলগত ও শরীর নির্ভর একটা খেলাই দেখব। যেটার ফল নির্ধারিত হবে খুবই সামান্য ব্যবধানে।’