'বার্সাকে কোচিং করানোর যোগ্যতা আমার আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
বার্সেলোনা মেসিদের কোচ হওয়ার ইচ্ছের কথা জানালেন জাভি। এএফপি
বার্সেলোনা মেসিদের কোচ হওয়ার ইচ্ছের কথা জানালেন জাভি। এএফপি

বর্তমান কোচ কিকে সেতিয়েনকে নিয়োগ দেওয়ার আগে নিজেদের সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজকে কোচ করতে চেয়েছিল বার্সেলোনা। জাভিই রাজি হননি তখন।

বার্সা কিংবদন্তি খেলা ছেড়ে এখন হাত পাকাচ্ছেন কোচিংয়ে। কাতারি ক্লাব আল সাদের দায়িত্বে আছেন জাভি। এই আল সাদের কোচ থাকার জন্যই কয়েক মাস আগে বার্সার কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে এখন আবার স্বপ্ন দেখছেন নিজের সাবেক ক্লাবের কোচ হওয়ার।

বার্সেলোনার কোচ হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা তাঁর আছে, এমনটাই মনে করছেন, ‘আমি নিজেকে কোচ হিসেবে প্রমাণ করেছি। মনে করি বার্সেলোনার মতো দলকে কোচিং করানোর জন্য যোগ্য আমি। বার্সায় ফেরা আমার স্বপ্ন। আমি এর আগেও বেশ কয়েকবার বলেছি বার্সেলোনা আমার ঘর। বার্সা আমার জীবন।’

অথচ কয়েক মাস আগে সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দেকে ছাঁটাই করার পর স্প্যানিশ চ্যাম্পিয়নরা যখন হন্য হয়ে কোচ খুঁজছিল, তখন জাভি বার্সায় ফিরতে রাজি হননি।

জাভিকে আনার জন্য কত কিছুই না তখন করেছিল বার্সা! দলটার প্রধান নির্বাহী অস্কার গ্রাউ আর টেকনিক্যাল ডিরেক্টর এরিক আবিদাল কাতারে গিয়ে জাভিকে কোচের দায়িত্ব নেওয়ার জন্য আলোচনা করে এসেছিলেন। তা নিয়ে আবার জাভির বর্তমান ক্লাব আল সাদ প্রতিক্রিয়াও জানিয়েছিল। কিন্তু শেষমেশ মৌসুমের মাঝপথে দায়িত্ব নিতে রাজি হননি জাভি।

এত তাড়াতাড়ি বার্সার মতো বড় দলের কোচ হতে চাননি। নিজেকে তখন ‘অযোগ্য’ ভেবেছিলেন জাভি, ‘হ্যাঁ, আমি বার্সেলোনার কাছ থেকে একটা প্রস্তাব পেয়েছিলাম। এরিক আবিদাল (বার্সার স্পোর্টিং ডিরেক্টর) ও অস্কার গ্রাউ (বার্সার প্রধান নির্বাহী) দোহায় এসে আমার সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু আমি সে প্রস্তাব গ্রহণ করিনি। আমার মনে হয়, এখনই বার্সার মতো দলের কোচের দায়িত্ব নিলে সেটা আমার জন্য অনেক আগেভাগে হয়ে যেত। তবে ভবিষ্যতে অবশ্যই বার্সেলোনার কোচ হতে চাই আমি, সে স্বপ্ন আমার এখনো আছে।’

সেই জাভি এখন কয়েক মাসের মধ্যেই নিজেকে ‘যোগ্য’ মনে করছেন। ইউটিউবার ডিজেমারিওকে দেওয়া এই সাক্ষাৎকারে জাভি জানান, ‘বার্সাকে কোচিং করানো অবশ্যই অনেক বড় ব্যাপার। আমাকে অনেক ভালোভাবে ভাবনাচিন্তা করতে হবে। প্রস্তুত থাকতে হবে। আশা করি আমি বার্সাকে কোচিং করানোর সুযোগ পাব একদিন।’

জাভি এখন আছেন কাতারি ক্লাব আল সাদের দায়িত্বে। গত বছর সুপার কাপও জিতিয়েছেন এই ক্লাবকে। বার্সেলোনা সব সময় কোচ হিসেবে এমন কাউকে নিয়োগ দেয়, যাঁর সঙ্গে ক্লাবটার আগে থেকেই সম্পর্ক আছে। বা যিনি বার্সেলোনার খেলার ধরনটা বোঝেন। ইয়োহান ক্রুইফ, কার্লোস রেক্সাস, লুই ফন গল, ফ্রাঙ্ক রাইকার্ড, পেপ গার্দিওলা, টিটো ভিয়ানোভা, লুইস এনরিকে, আর্নেস্তো ভালভার্দে-মোটামুটি নিজেদের ইতিহাসের অধিকাংশ ম্যানেজারকেই এভাবে নিয়োগ দিয়েছে বার্সেলোনা। সে দর্শনকে মাথায় রেখেই জাভির কাছে কোচ হওয়ার প্রস্তাব নিয়ে গিয়েছিল ক্লাবটি।