'বার্সাকে হারাতেই পারে রিভার প্লেট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকেলমে মনে করেন এই বার্সাকেও হারানো সম্ভব। রয়টার্স
রিকেলমে মনে করেন এই বার্সাকেও হারানো সম্ভব। রয়টার্স

দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনা। কদিন আগে এল ক্লাসিকোতে পুরো বার্নাব্যু জুড়ে নেচে বেরিয়েছে কাতালান দলটি, নাচিয়ে ছেড়েছে রিয়াল মাদ্রিদকে। কিন্তু এমন বার্সার বিপক্ষেও না কি জিতবে রিভার প্লেট! আর্জেন্টিনার সাবেক ফুটবলার হুয়ান রোমান রিকেলমের ধারণা অন্তত তা-ই।

জাপানে শুরু হয়ে গেছে বিশ্ব ক্লাব কাপ। এই টুর্নামেন্টে প্রতিটি মহাদেশের সেরা দলটি অংশ নেয়। কিন্তু রেকর্ড বলছে, শেষ পর্যন্ত শিরোপা লড়াইটি হয় ইউরোপ সেরা ও দক্ষিণ আমেরিকার সেরা দলের মাঝে। এবারও সম্ভাব্য ফাইনালটি হওয়ার কথা বার্সেলোনা ও রিভার প্লেটের।
এই মৌসুমে ‘এমএসএন’ ত্রয়ী এমনভাবে জ্বলে উঠছেন যে বার্সেলোনার নাম শুনলেই অন্তরাত্মা কেঁপে উঠছে দলগুলোর। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্বের আগে বেশির ভাগ দলই স্বীকার করে, ড্রয়ে যেন বার্সার নাম না ওঠে তাদের বিপক্ষে। কিন্তু ক্লাব বিশ্বকাপ সামনে রেখে রিকেলমে নিজের দেশের ক্লাবের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।
২০০০ সালে রিয়ালকে হারিয়ে এই শিরোপা জিতেছিল বোকা জুনিয়র্স। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রিকেলমে। সে কথা মাথায় রেখেই আর্জেন্টিনার দলটির ভালো সুযোগ দেখছেন, ‘বার্সাকে কি হারানো সম্ভব? অবশ্যই সম্ভব। খেলা তো মাত্র একটি, অনেক কিছুই ঘটতে পারে। তবে আমরা সবাই জানি, এটা কতটা কঠিন হবে। আমার নিজেরই কোনো ধারণা নেই, বার্সেলোনার বিপক্ষে রিভারের কীভাবে খেলা উচিত। তবে এ ধরনের উপলক্ষ পেলে আর্জেন্টিনার খেলোয়াড়েরা সব সময় সর্বোচ্চটাই ঢেলে দেয়।’
আর্জেন্টিনার খেলোয়াড়দের সর্বোচ্চটা দিয়েও বার্সাকে হারানো সম্ভব? কারণ, বার্সেলোনাতেও যে এখন লাতিন ফুটবলের ছোঁয়া। মূল দলেই দক্ষিণ আমেরিকান ছয়জন খেলেন, আর্জেন্টিনারই দুজন। সে জন্যই ‘লস মিলিয়নারিওস’দের কাজটা কঠিন মানছেন রিকেলমে, ‘এটা গৎবাঁধা কোনো খেলা হবে না, এটা নিশ্চিত। দক্ষিণ আমেরিকান খেলোয়াড়েরা ছাড়াও তিনটি বিভাগেই তিনজন সেরা খেলোয়াড় আছে বার্সেলোনার; রক্ষণে পিকে, মাঝমাঠে বুসকেটস ও অ্যাটাকিং মিডফিল্ডে ইনিয়েস্তা।’
তবে এমন প্রতাপশালী বার্সেলোনাও আজকে লিগ ম্যাচের আগেই এই মৌসুমে দুবার হেরেছে। সেল্টা ভিগো তো ৪-১ গোলে উড়িয়েও দিয়েছিল বার্সেলোনাকে। সে জন্যই বোধ হয় আস্থা হারাচ্ছেন না একসময় বার্সেলোনার হয়ে খেলা রিকেলমে। একদিকে সাবেক ক্লাবের টান, অন্যদিকে নিজের দেশের ক্লাব। তবে এক সময় বোকার হয়ে খেলা রিকেলমের তো রিভার প্লেটের বিপক্ষেই দাঁড়ানো উচিত। কিন্তু তিনি বলছেন, এই ম্যাচে কারও প্রতি সমর্থন থাকবে না তাঁর, ‘আমি ম্যাচটি (নিরপেক্ষ দর্শক হিসেবে) দেখব এবং পুরোপুরি উপভোগ করব।’ সূত্র: মার্কা।