'বার্সা' হতে পারবে পোর্তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো যেটা হয়নি, সেটাই করতে হতো বার্সেলোনাকে। কখনো যেটা হয়নি, সেটাই করতে হবে পোর্তোকেও।

প্রত্যাবর্তনের অলৌকিক এক গল্প লিখে ভীষণ অসম্ভবকে সম্ভব করেছে বার্সেলোনা। জুভেন্টাসের বিপক্ষে আজ পোর্তো কি পারবে ‘বার্সা’ হতে?

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে জুভেন্টাসের কাছে নিজের মাঠে ২-০ গোলে হেরেছে পোর্তো। ইউরোপিয়ান কাপ নাম বদলে চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর কোনো দল নকআউট পর্বের প্রথম লেগে নিজের মাঠে ২-০ গোলে হেরে ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে পারেনি। কোয়ার্টার ফাইনালে খেলতে হলে তাই তুরিনে আজ নতুন ইতিহাস লিখতে হবে পোর্তোকে।

সেই তুলনায় লেস্টারের কাজটা বেশ ‘সহজ’ মনে হতে পারে। সেভিয়ার মাঠে ২-১ গোলে প্রথম লেগটা হেরেছে তারা। তবে ইংলিশ চ্যাম্পিয়ন আজ ফিরতি লেগটা খেলবে নিজের মাঠে, সঙ্গে প্রতিপক্ষের মাঠ থেকে নিয়ে আসা ১ গোলের সুবিধাটা তো আছেই। আজ কিং পাওয়ার স্টেডিয়ামে যে সেভিয়াই বেশ চাপে থাকবে, সেটা মেনে নিয়েছেন দলটির কোচ হোর্হে সামপাওলিও, ‘ওদের যা মনোভাব দেখছি, তাতে মনে হচ্ছে, ওরা এই ম্যাচটা বিশ্বকাপের ফাইনাল ভেবে খেলবে। আর আমরাও প্রথম লেগটা যত বড় ব্যবধানে জেতা উচিত ছিল, সেটা করতে পারিনি। সুতরাং আমাদেরই বেশ চাপে থাকতে হবে।’

পোর্তোর কাজটা আরও কঠিন মনে হবে জুভেন্টাসের সাম্প্রতিক ফর্ম দেখলেও। ২০১৫ সালের আগস্টে উদিনেসের কাছে ১-০ গোলে হারের পর নিজের মাঠে সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৪৫ ম্যাচ অপরাজিত সিরি ‘আ’র চ্যাম্পিয়নরা। ২০১৩ সালের এপ্রিলে বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগে ২-০ গোলে হারের পর ঘরের মাঠে ইউরোপীয় টুর্নামেন্টেও টানা ২০ ম্যাচ হারেনি জুভেন্টাস।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাস বলছে, সর্বশেষ ২৫ বছরে মাত্র দুটি দল নকআউট পর্বে নিজের মাঠে প্রথম লেগটা হেরে ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়ে পরের রাউন্ডে যেতে পেরেছে। ১৯৯৫-৯৬ সালের সেমিফাইনালে আয়াক্স, ২০১০-১১ সালের শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখ। দুই দলের ক্ষেত্রেই প্রথম লেগে হারের ব্যবধান ছিল ১-০। আয়াক্সের প্রতিপক্ষ ছিল প্যানাথিনাইকোস, বায়ার্নের প্রতিপক্ষ ইন্টার মিলান।

কাজটা কতটা কঠিন, সেটা তাই ভালোই জানা আছে পোর্তো গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের। তবে পিএসজির বিপক্ষে বার্সেলোনার ঐতিহাসিক ম্যাচটা যেন স্বপ্নের সীমাটা বাড়িয়ে দিয়েছে স্প্যানিশ এ গোলরক্ষকের, ‘আমরা জানি আমাদের জন্য কত কঠিন হবে কাজটা। কিন্তু ফুটবলে কত কিছুই তো হয়, আমরা কদিন আগেই তো সেটা দেখলাম।’

‘কত কিছুই হয়’ বলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত ধরে রাখছেন না জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রিও, ‘বার্সেলোনার ম্যাচটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, দুই গোলের লিড কিছুই নয়। এখনই সব শেষ হয়ে যায়নি।’ এএফপি, রয়টার্স।