'বার্সেলোনার বলেই জেলে যেতে হয়েছিল'

সান্দ্রো রোসেলকে নিশ্চয় মনে আছে?
২০০৯ সাল থেকে চার বছর বার্সেলোনার ইতিহাসে সেরা যে সময়টা কেটেছে, তার একটা ভাগে সভাপতি ছিলেন রোসেল। তাঁর চতুর ও প্রশ্নবিদ্ধ চালেই রিয়াল মাদ্রিদকে হটিয়ে নেইমারকে দলে টেনেছিল বার্সেলোনা। সেই দলবদলে আর্থিক অনিয়মের দায়ে অবশ্য দুই বছর জেল খেটেছেন এই কাতালান। জেল থেকে গত বছর মুক্তি মিলেছে তাঁর। আর মুক্তি পাওয়ার পর এই প্রথম কারও কাছে সাক্ষাৎকার দিয়েছেন রোসেল। সাক্ষাৎকারে দাবি করেছেন, যদি বার্সেলোনার সভাপতি না হতেন তবে তাঁকে জেলে নেওয়া হতো না।
জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের দায়ে প্রায় দুই বছর কারাবরণ করতে হয়েছে রোসেলকে। ২০১৭ সালের মে মাসে প্রায় ২ কোটি ইউরো অর্থ জালিয়াতির অভিযোগে জেলে যেতে হয় তাঁকে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেওয়া হয়। ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বার্সেলোনার সভাপতি থাকা রোসেলকে পরে এপ্রিলে সব অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়। ৫৬ বছর বয়সী রোসেল এত দিন এ নিয়ে কোনো কথা বলেননি।
মুন্দো দেপোর্তিভোর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে অবশেষে নিজের ক্ষোভের কথা জানালেন রোসেল, ‘আমি যদি বার্সেলোনার সভাপতি না হতাম, তাহলে কখনোই জেলে যেতে হতো না। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমার মনে হয় না শুধু একজন ব্যবসায়ী হিসেবে আমার তদন্ত করা হয়েছে। (বার্সা সভাপতি না হলে) কেউ আমার ওপর তখন গোপনে নজর রাখত না। এমনকি এখন যেভাবে আর্থিক ব্যাপার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়, সেটাও হতো না।’
বার্সেলোনার সভাপতির আসনে প্রথম তিন বছর রোসেলের ভালোই কেটেছে। কিন্তু ২০১৩ সালে নেইমারকে দলে টানার সময় সান্তোসকে কম অর্থ দেওয়ার জন্য দলবদলের অঙ্ক কম দেখিয়েছিলেন রোসেল। সেই দলবদলে আর্থিক বিষয়গুলো গোলমেলে হওয়ার দায়ে নেইমারকে দলে আনার ছয় মাসের মাথায় বার্সা সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল রোসেলকে। এখানেও অবশ্য তাঁর অপরাধ নয়, বরং তাঁর বার্সা সভাপতি হওয়ার সঙ্গে একটা যোগ খুঁজে পাচ্ছেন রোসেল, ‘বার্সেলোনার সভাপতি হওয়ার পর কর অফিস থেকে ৭২ বার আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সে দায়িত্ব নেওয়ার আগে একবারও তদন্ত হয়নি। এটা কি কাকতাল?’