'বায়ার্নময়' ম্যাচে জার্মানির জয়।

বায়ার্ন মিউনিখ ৪-০ গোলে হারিয়েছে অবশিষ্ট বিশ্বকে! অবাক হলেন? অবাক হওয়ার মতোই তথ্য। কাল কী বায়ার্নের সঙ্গে অবশিষ্ট বিশ্বের কোনো ম্যাচ ছিল? নাতো! কাল তো ছিল জার্মানির সঙ্গে পোল্যান্ডের ম্যাচ। হ্যাঁ, এই প্রসঙ্গেই টানা হচ্ছে বায়ার্ন মিউনিখের কথা। কাল জার্মানি-পোল্যান্ড ম্যাচে বায়ার্ন ফুটলারদের অবদান চার-চারটি গোল। জার্মানির হয়ে তিনটি, পোল্যান্ডের হয়ে একটি। পোল্যান্ডকে ৩-১ গোলে হারানোর এই ম্যাচে নিজেদের জায়ান্ট দলটির প্রতি তাই কৃতজ্ঞতা থাকছেই জার্মান কোচ জোয়াকিম লো’র।
জার্মানির হয়ে তিন গোলের দুটি করেছেন মারিও গোটশে। অপরটি টমাস মুলারের। পোল্যান্ডের হয়ে জার্মানির জাল কাঁপিয়েছেন রবার্ট লেভোনডফস্কি। ইউরো বাছাইপর্বের এই ম্যাচটি জার্মানির জন্য দারুণ স্বস্তি হয়েই এসেছে। ম্যাচটি জিতেই যে গ্রুপ ‘ডি’র শীর্ষস্থান থেকে সরানো গেছে পোল্যান্ডকে! সবচেয়ে ওপরের স্থানটা এখন জার্মানিরই।
কালকের ম্যাচে পোল্যান্ডকে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করেছে জার্মানরা। খেলার শুরু থেকেই জার্মান আক্রমণে ব্যতিব্যস্ত ছিল পোল্যান্ড রক্ষণব্যূহ। ১২ মিনিটেই মুলারের গোলে এগিয়ে দিয়ে প্রাথমিক সুবিধাটা আদায় করে নেয় তারা। এর ঠিক সাত মিনিট পর মারিও গোটশের দুর্দান্ত এক গোল খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি এনে দেয় জার্মানদের।
কিন্তু পোল্যান্ড ছেড়ে কথা বলেনি। দুই গোলে পিছিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিল তারা। বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করার পর লেভোনডফস্কির গোলে সমতায় ফেরে দলটি। জার্মান গোলরক্ষক ম্যানুয়াল নয়্যারকে ধন্যবাদ দিতেই পারেন তাঁর সতীর্থেরা। তাঁর অসাধারণ একটি সেভ এ সময় সমতায় ফিরতে দেয়নি পোলিশদের।
পোলিশ গোলরক্ষক লুকাস ফাবিয়ান্সকিও কম যান না। জার্মানির সামনে তিনি দাঁড়িয়েছিলেন বাঁধার প্রাচীর হয়ে। তিনিও নয়্যারের মতো অসাধারণ খেলে নিশ্চিত কয়েকটি গোলের সুযোগ নস্যাৎ করে দিয়েছিলেন তিনি।
৮২ মিনিটে অবশ্য ফাবিয়ান্সকিকে পরাভূত করতে সক্ষম হন গোটশে। মুলারের একটি শট ফেরালেও ফিরতি বলে গোটশের শটটি আর ঠেকাতে পারেননি তিনি।
ইউরো বাছাইপর্বের আরও তিনটি করে ম্যাচ বাকি জার্মানি ও পোল্যান্ডের। কালকের এই জয়ে জার্মানির ইউরো যাত্রাকে মোটামুটি সহজই করে দিল। সূত্র: গোল ডট কম।