'বিএমসি'তে বর্ণহীন শুধু রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালের জার্সিতে যেন ডানা মেলে উড়ছেন বেল। ছবি: রয়টার্স।
রিয়ালের জার্সিতে যেন ডানা মেলে উড়ছেন বেল। ছবি: রয়টার্স।

ম্যাচের আগেই আলভারো মোরাতা পেলেন পুরস্কার। হ্যামস্ট্রিং চোটের কারণে নিয়মিত স্ট্রাইকার করিম বেনজেমা নেই, রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান তাই সুযোগ দিলেন মৌসুমের শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকা স্প্যানিশ স্ট্রাইকারকে। রিয়ালের বিখ্যাত ‘বিবিসি’ ত্রয়ীও তা-ই আজ হয়ে গেল ‘বিএমসি’—বেল, মোরাতা, ক্রিস্টিয়ানো।

তবে বদলে যাওয়া এই ত্রিরত্নের মধ্যে একজনই ম্যাচ শেষে আজ নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ থাকবেন—ক্রিস্টিয়ানো রোনালদো। লেগানেসের বিপক্ষে ঘরের মাঠে আজ জিদানের দল জিতেছে ৩-০ গোলে। তাতে ফরোয়ার্ড লাইনের অন্য দুই সঙ্গী গ্যারেথ বেল (দুই গোল) ও মোরাতা গোল পেলেও অনুজ্জ্বল আরেকটি দিন কাটল রিয়ালের সবচেয়ে বড় তারাটির।
এবার স্প্যানিশ লিগটা বেশ জমে উঠেছে। এখন পর্যন্ত লড়াইটা চার দলের। তাতে আজ জেতাটা রিয়ালের জন্য বেশ দরকার ছিল। গতকাল অ্যাটলেটিকো মাদ্রিদ হেরেছে রিয়াল সোসিয়েদাদের মাঠে, আজ রাতে মুখোমুখি হচ্ছে অন্য দুই শিরোপা প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও সেভিয়া। তার আগে লেগানেসের বিপক্ষে এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল নিজেদের এগিয়ে নিল আরেকটু। দুই থাকা বার্সার (১০ ম্যাচে ২২ পয়েন্ট) চেয়ে এখন এক ম্যাচ বেশি খেলে পাঁচ পয়েন্ট এগিয়ে রোনালদোরা (১১ ম্যাচে ২৭ পয়েন্ট)।
তবু ম্যাচ শেষে জিদানের একটু যদি আক্ষেপ থাকে, সেটি রোনালদো। মৌসুমের শুরু থেকেই এবার অনেকটা অচেনা পর্তুগিজ ফরোয়ার্ড। এক ম্যাচে ভালো খেলছেন, তো পরের ম্যাচে অচেনা। যদিও লিগে আগের ম্যাচে আলাভেসের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ও আজ—টানা দুটি ম্যাচে আবার বর্ণহীন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। আকাশ-সমান উঁচুতে উড়তে অভ্যস্ত পাখিটিই এখন যেন ডানা ছাঁটা।
তবে রিয়ালের স্বস্তি, বেল উড়ছেন ডানা মেলে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লেগিয়ার মাঠে ৫৭ সেকেন্ডেই গোল করেছিলেন। আজ ওয়েলশ ফরোয়ার্ডের পায়ে গোল এল একটি বেশি। ৩৮ মিনিটে প্রথমটি, বাঁ দিক থেকে ইসকোর দুর্দান্ত লব পাস এল তাঁর দিকে, ট্রেডমার্ক দৌড়ে লেগানেসের রক্ষণকে ছিটকে পেছনে ফেলে দেন বেল। এরপরের কাজটা তো তাঁর জন্য সহজ, গোলকিপারকে কাটিয়ে বলটাকে জালে ঠেলে দেওয়া।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই বেল করলেন নিজের ও দলের দ্বিতীয় গোলটিও। এবারেরটি ফ্রি কিক থেকে। ভেসে আসা বলটি লেগানেস বক্সে ভিড়ের মধ্যে পড়ে, সবার আগে এসে সেটিকে জালে ঠেলে দেন বেল। রিয়াল তৃতীয় গোলটি পেল ৭৬ মিনিটে। নিজের সুযোগটা কাজে লাগালেন মোরাতা। চোট কাটিয়ে এই ম্যাচেই দ্বিতীয়ার্ধে মাঠে ফেরা লুকা মডরিচের পাস পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার।
এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে ক্লাব ফুটবল। রিয়াল সমর্থকেরা হয়তো আশা করছেন, বিরতি শেষে পুরোনো রোনালদোকেই পাবেন তাঁরা।