'বিদায়ের মুহূর্তে কান্না চলে এসেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদ হাসান এমিলি
জাহিদ হাসান এমিলি

‘অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। তাই খুব খারাপ লাগছে’—কাল সন্ধ্যায় কথাগুলো বলার সময় এমিলির কণ্ঠটা ধরে আসছিল। হাঁটুর চোট তাঁকে খেলতে দিল না নিজের ষষ্ঠ সাফ। অথচ কেরালা সাফে খেলার খুব আগ্রহ ছিল এই স্ট্রাইকারের। সেই স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় পরশু বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে বাসায় চলে যাওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন, ‘তখন আর কান্না চেপে রাখতে পারছিলাম না।’
দেশের জার্সিতে খেলা তো একটা বড় কারণ, এবার যোগ হয়েছিল কোচ মারুফুলের অধীনে খেলার হাতছানিও। এমিলি নিজেই বলেন,‘মারুফ ভাই থাকায় বেশি চেষ্টা করেছি দলে থাকতে। কারণ তাঁর দলে মন খুলে খেলতে পারতাম।’
২০০৫ সালে করাচি সাফের আগে মিয়ানমারে চার জাতি চ্যালেঞ্জ কাপে জাতীয় দলে অভিষেক। পরপরই সাফে গিয়ে ভারতের বিপক্ষে নজরকাড়া গোল করে পাদপ্রদীপের আলোয় আসেন। করাচির পর কলম্বো, ঢাকা, দিল্লি, কাঠমান্ডু সাফে খেলে তাঁর নামের পাশে আছে পাঁচটি গোল। জাতীয় দলে গত ১০ বছরের ভ্রমণে কখনো চোট আঘাতে বাইরে ছিলেন না। এই প্রথম চোটে পড়লেন এবং তা লম্বা সময়ের জন্য।
এমিলি এসব বলতে বলতে আফসোস করেন, ‘চোটটা যে এত বেশি ভোগাবে আগে বুঝিনি।’ তবে আর সপ্তাহ দু-এক জিম করলেই ফিট হয়ে ওঠার আশা তাঁর। হাঁটুতে একটু ব্যথা আছে, সেটি নাকি খুব বেশি নয়। কিন্তু এখনই মাঠে নামলে বৃহত্তর ক্ষতি হতে পারে বলেই ঝুঁকি নিলেন না। তা ছাড়া এমিলি জানেন সাফের মঞ্চটা অনেক বড়, ‘মাঠে শতভাগ দিতে না পারলে সাফে না যাওয়াই ভালো। এখনকার দিনে তো আর চোট লুকানো যায় না। তাই নিজেই আর সাহস পাইনি।’
নিজে না থাকলেও তাঁর বিশ্বাস, দল ভালো খেলবে। ফাইনালে উঠলে যেতে চান ভারতে। আপাতত তাই মামুনুলদের ফাইনালে দেখার প্রার্থনাই করছেন নিরন্তর।