'বিদ্রোহী' আর্থুর যেন ক্ষমা চান, ব্যবস্থা নিচ্ছে বার্সা

স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা'য় লেখা হয়েছিল, বিদ্রোহ করেছেন আর্থুর মেলো। তা একরকম বিদ্রোহ-ই। বার্সেলোনার অনুশীলনে আর ফেরেননি আর্থুর মেলো। যত দ্রুত সম্ভব চুক্তি বাতিল করে বার্সা ছাড়তে চান এই ব্রাজিলিয়ান।
এদিকে বার্সাও বসে নেই। কাগজে-কলমে আর্থুর এখনো তাদের খেলোয়াড়। নিয়ম ভাঙায় তাঁর বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, সে কথাই ভাবছে বার্সার শৃঙ্খলা বিভাগ। আর্থুরের চাওয়া পূরণ হচ্ছে না। চুক্তি বাতিল করবে না বার্সা। বরং বর্তমান বিধিনিষেধের পথেই হাঁটবে ক্লাবটি, জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’।
দুই পক্ষ বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যেত মনে করছে বার্সা। কিন্তু আর্থুর এমন কোনো চেস্টার পথ মাড়াননি। সমঝোতার পথে হাঁটেননি। এমনকি স্পেনেও ফেরেননি। তাঁর এমন আচরণে চটেছে ক্লাবটি। আর্থুরের হতাশার কারণটা ক্লাব বুঝতে পারছে। কিন্তু আইন ভেঙে কোনো খেলোয়াড়কে বিদ্রোহের সুযোগ দিতে চায় না বার্সা। শৃঙ্খলা বিভাগ তাঁকে জরিমানা করতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
অবশ্য আর্থুর স্পেনে ফিরলে দৃশ্যপট পাল্টে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বার্সার সঙ্গে আলোচনার টেবিলে বসে তিনি যদি ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চান এবং মৌসুমের বাকি সময়ের জন্য সমঝোতায় পৌঁছান, তাহলে সম্পর্কের বরফ গলতে পারে।
গত মাসে আর্থুরকে জুভেন্টাসের কাছে ৭২ মিলিয়ন ইউরোয় বিক্রি করে বার্সা। ইতালিয়ান ক্লাবটিতে সেপ্টেম্বরে যোগ দেবেন তিনি। কিন্তু জুভেন্টাসে যোগ দেওয়া পাকা হওয়ার পর থেকে সেতিয়েন তাঁকে দলের জন্য বিবেচনায় রাখেননি। অথচ বার্সায় এক সময় ভবিষ্যতের ‘জাভি’ হিসেবে দেখা হয়েছিল আর্থুরকে। তবু শেষটা রাঙিয়ে যেতে চেয়েছিলেন আর্থুর। চ্যাম্পিয়নস লিগে মনপ্রাণ দিয়ে খেলে জেতাতে চেয়েছিলেন বার্সাকে।
কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যম জানায়, পরিস্থিতি তাঁকে বিদ্রোহ করার পথে ঠেলে দেয় এবং বার্সার কাছে চুক্তিপত্র বাতিল করার অনুরোধ করেন তিনি। বিশেষ করে বার্সা কোচ কিকে সেতিয়েনের অবহেলার শিকার হওয়াটা মেনে নিতে পারেননি ২৩ বছর বয়সী এ মিডফিল্ডার।