'বিনা পয়সা'র দলের কাছে হারল কোটি টাকার আবাহনী

পারিশ্রমিক চেয়েছে এমন কোনো ফুটবলারকে নেওয়াই হয়নি দলে। ক্যাম্পে ওঠার সময় কিছু খেলোয়াড়কে হাত খরচ হিসাবে দেওয়া হয়েছে সর্বোচ্চ ১০ হাজার টাকা। এমনই এক সাদামাটা দল গঠন করেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। অথচ প্রিমিয়ার লিগ ফুটবলে এই দলের কাছেই আজ বুধবার ১-০ গোলে হারল কয়েক কোটি টাকার বাজেটের আবাহনী লিমিটেড (ঢাকা), যারা কিনা আবার গত লিগের অপরাজিত চ্যাম্পিয়নও।
স্বল্প প্রস্তুতি ও আনকোরা তরুণদের নিয়ে চ্যাম্পিয়নদের হারিয়ে স্বাভাবিকভাবে বেজায় খুশি ফরাশগঞ্জ কোচ আবু ইউসুফ, ‘আমার দলে কোনো চুক্তির খেলোয়াড় নেই। সবাই পেটে-ভাতে খেলছে। তারাই আবাহনীকে হারিয়ে দিল। খেলোয়াড়দের প্রতি আমি কৃতজ্ঞ।’ আবাহনীকে হারিয়ে খেলোয়াড়েরাও যেন চ্যাম্পিয়ন হওয়ার মতো উত্সব করে ফেলল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
ঘরোয়া ফুটবলে আবাহনীর অপরাজেয় জয়রথ চলছিল। গত মৌসুমে ফেডারেশন কাপে আরামবাগের বিপক্ষে হারের পর টানা ৩২ ম্যাচ অপরাজেয় ছিল আকাশি-নীল জার্সিধারীরা। অবশেষে হার মানল বুড়িগঙ্গা পারের ফরাশগঞ্জের বিপক্ষে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন তৌহিদুর জামান লিটন। শেষ মৌসুমে ব্রাদার্সে খেললেও ৭৮ মিনিটে গোল করা এ তরুণ একেবারেই আনকোরা।
ক্যালকুলেটর নিয়ে না বসলেও মুখে মুখে হিসাব করে বলে দেওয়া যায় আবাহনীর গোলরক্ষক সহিদুল আলম, রক্ষণভাগের খেলোয়াড় নাসিরউদ্দিন, ওয়ালি ফয়সাল, রায়হান হাসান ও টুটুল হোসেনের পারিশ্রমিকই হবে এক কোটি টাকার বেশি। এই কোটি টাকার রক্ষণভাগ ও গোলরক্ষকের ভুল-বোঝাবুঝিকেই কাজে লাগিয়েছেন লিটন। বাদশা ও গোলরক্ষক সোহেলের মধ্যে কে আগে বলের কাছে যাবে, এই দ্বিধার সময়টাকেই কাজে লাগিয়েছেন গোলদাতা। দুজনের মাঝখান থেকে বলটি চিলের মতো ছো মেরে নিয়ে কাছের পোস্টে জালে জড়িয়েছেন। গোলের জন্য অবশ্যই কাদা মাঠকেও দায়ী করা যায়। তবে গোল পরিশোধ করার অনেক সুযোগই এসেছিল দ্রাগো মামিচের শিষ্যদের সামনে। ল্যান্ডিংয়ের ফ্রি-কিক ফিরে আসে পোস্টে লেগে। এ ছাড়া গোলমুখের সামনে থেকে বল বার উঁচিয়ে মারেন রুবেল।
প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ৩-২ গোলের জয় দিয়ে শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে বড় একটা হোঁচটই খেল আবাহনী। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলে হেরে লিগ শুরু করা ফরাশগঞ্জের জন্য এ জয় বাকি মৌসুমের জ্বালানি।