'বিনে পয়সা'র ভুটানই হারিয়েছিল 'অর্ধকোটি'র বাংলাদেশকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলে গেছে ভুটানের ফুটবল। কয়েক বছর আগেও যে দল আন্তর্জাতিক ফুটবলে গোলবন্যায় ভাসত, তারাই এখন ঘুরে দাঁড়িয়েছে। ভালো করছে। এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে তারা জায়গা করে নিয়েছে বাংলাদেশকে হারিয়ে। কোন জাদুবলে বদলে গেল হিমালয়-কোলে অবস্থিত ছোট্ট এই দেশটির ফুটবল? ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ কাভার করার অভিজ্ঞতা থেকে সেটিই জানাচ্ছেন রাশেদুল ইসলাম...

অর্ধকোটির বাংলাদেশি ফুটবলাররাই গত বছর নাস্তানাবুদ হয়েছিল বিনে পয়সায় খেলা ভুটানি ফুটবলারদের কাছে। প্রথম আলো ফাইল ছবি
অর্ধকোটির বাংলাদেশি ফুটবলাররাই গত বছর নাস্তানাবুদ হয়েছিল বিনে পয়সায় খেলা ভুটানি ফুটবলারদের কাছে। প্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বেশ কয়েকজন ফুটবলারের পারিশ্রমিক এই মৌসুমে ৬০ লাখ টাকার কাছাকাছি—এ তথ্যে রীতিমতো চমকে উঠলেন ভুটান জাতীয় ফুটবল দলের অধিনায়ক কারমা শেডরিফ শেরিং। চরম বিস্ময় তাঁর কণ্ঠে, ‘কী বলছো, ৬০ লাখ! ভুটানি রুপিতে তো এটা ৫০ লাখ! অবিশ্বাস্য। এত টাকা পায় তোমাদের খেলোয়াড়েরা? এটা কীভাবে সম্ভব!’
শেরিংয়ের ‘এটা কীভাবে সম্ভব’ কথাটা কানে বাজল। ভুটানের শীর্ষ একজন ফুটবলার বিশ্বাসই করতে পারছেন না, যে দলটি এক বছর আগেই তাঁদের কাছে ৩-১ গোলে উড়ে গেছে, সে দলের ফুটবলাররা কীভাবে ৬০ লাখ টাকার কাছাকাছি পারিশ্রমিক পান। এই পরিমাণ অর্থ তাঁর কাছে রীতিমতো স্বপ্ন। কারণ, ভুটানি ঘরোয়া লিগে যে একপ্রকার বিনে পয়সাতেই খেলেন তিনি। কেবল বিনে পয়সায় খেলতে পারলে হয়তো শেরিংয়ের ভালোই লাগত। কিন্তু লিগে তাঁর দল থিম্পু সিটিতে খেলতে উল্টো টাকা দিতে হয় তাঁকে। দলটা চালান তাঁর চাচা। পারিবারিক ক্লাব বলেই এর পেছনে কিছু অর্থ খরচ হয় তাঁর।
শেরিং আসলে পুরোদস্তুর পেশাদার ফুটবলার নন। তাঁর জীবিকা আসে বিমান চালনা থেকে। ভুটানের জাতীয় বিমান সংস্থা ‘ড্রুক এয়ারে’র একজন বৈমানিক তিনি। আয়রোজগার ভালোই করেন। অবসর সময়ে খেলেন। নিজের ক্লাব থিম্পু সিটির জুনিয়র খেলোয়াড়দের খরচটা বহন করেন তিনিই, ‘এই ক্লাবটা আমার চাচা চালান। বেশ কষ্টে চালান তিনি। সেখান থেকে টাকা নিই কীভাবে বলুন। আমি বরং দলের জুনিয়র খেলোয়াড়দের খরচটা বহন করে চাচার ওপর থেকে আর্থিক চাপটা কমাই।’
ফুটবলটা ভুটানিদের কাছে এখন অন্য রকম এক আবেগ। দেশের সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারলে, জাতীয় দলের গর্বের জার্সিটা গায়ে চড়াতে পারলে টাকা দিয়ে কী হবে—ভুটানি শীর্ষ ফুটবলারদের মনোভাব অনেকটা এমনই। ভুটান জাতীয় দলের অধিনায়ক তো অকপটেই বলে দিলেন কথাটা, ‘দেখো, আমি টাকার জন্য খেলি না। আন্তর্জাতিক ফুটবলে আমি দেশের অধিনায়ক। আমার নেতৃত্বে জাতীয় দল দেশে-বিদেশে মাঠে নামে। আমি জাতীয় দলের ওই জার্সিটা পরি। সবার সঙ্গে জাতীয় সংগীতে গলা মেলাই। আমার আর কী চাই! এসব কি টাকা দিয়ে পাওয়া যায়?’
অবাক হতে হয় শেরিংয়ের কথা শুনে। ফুটবল তাঁর কাছে আবেগের অপর নাম। জাতীয় দল তাঁর কাছে পরম এক ভালোবাসা। কিন্তু অর্থের প্রয়োজনটা তিনি অস্বীকার করেননি। তিনি মনে করেন, ফুটবলে পেশাদারি আনতে অর্থটা খুব প্রয়োজন। কিন্তু ফুটবলারদের উচিত আগে খেলাটা ভালোবেসে খেলা। ভালো খেলা। পারফরম্যান্স ভালো হলে টাকা এমনিতেই আসবে। কিন্তু ক্লাব ও দেশের প্রতি ভালোবাসা না থাকলে কিছুই হবে না।
ভুটানের লিগটা মাত্র ৬ দলের। এই ৬টি দলে জাতীয় দলের ফুটবলাররা কিন্তু বেশ ‘দামি’ই। লিগে এই খেলোয়াড়েরা প্রতি মাসে পান গড়ে ২৫ হাজার ভুটানি রুপি। বাংলাদেশের বেশির ভাগ ফুটবলারের কাছেই এ অঙ্কটা রীতিমতো হাস্যকর। কিন্তু তারপরও পারফরম্যান্সের বিচারে বাংলাদেশের একজন মামুনুল ইসলাম কিংবা তপু বর্মণের চেয়ে অনেক এগিয়ে শেরিং ও চেনসো গেইলস্টেইনরা।
অর্থ ফুটবলে থাকতেই পারে। অনেক খেলোয়াড় বিশাল অঙ্কের অর্থ পেতেই পারেন। কিন্তু সেটা অবশ্যই হওয়া উচিত ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে। সে হিসেবে ভুটানি ফুটবলাররা বাংলাদেশি ফুটবলারদের চেয়ে কিন্তু বেশ দুর্ভাগাই।