'বিপাকে' মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই যুগে খেলোয়াড়দের এই একটা হ্যাপা—তাঁদের যখন তখন দিতে হয় ডোপপরীক্ষা। লিওনেল মেসিও সেটা থেকে রেহাই পেলেন না। এসপানিওলের সঙ্গে হ্যাটট্রিক করে বেশ প্রসন্ন ছিলেন। কিন্তু পরদিন অনুশীলনে গিয়েই মেসি শোনেন, ডোপপরীক্ষা দিতে হবে তাঁকে। একা নন অবশ্য, বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রাকিটিচ, ক্লদিও ব্রাভো ও জর্ডি আলবাকেও দিতে হয়েছে এই পরীক্ষা। কিন্তু একটা জায়গায় ঠিকই মেসির খটকা লেগেছে। ইনস্টাগ্রামে পরীক্ষা দেওয়ার পর নিজের একটা ছবির সঙ্গে লিখেছেন, ‘পাঁচজনের মধ্যে আমার কাছ থেকেই শুধু রক্ত ও মূত্রের নমুনা নেওয়া হয়েছে। অদ্ভুত না ব্যাপারটা?’ এটুকু পড়ে আবার ভেবে বসবেন না মেসি ব্যাপারটা নিয়ে খেপেছেন। শেষে ‘ইমোটিকন’ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, কথাটা রসিকতা করেই বলেছেন। মেইল অনলাইন।