'বিবিসি' নাকি ক্রিস্টিয়ানো এবং অন্য দুই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
এ মৌসুমে এমন দৃশ্য দেখার সুযোগ খুবই কম মিলেছে। ফাইল ছবি
এ মৌসুমে এমন দৃশ্য দেখার সুযোগ খুবই কম মিলেছে। ফাইল ছবি
• মাত্র তিন ম্যাচে একসঙ্গে দেখা গেছে বিবিসিকে।
• মূল একাদশে মাত্র একবারই দেখা গেছে তাঁদের।

একটি ম্যাচ মাঝেমধ্যে পুরো দলকে বদলে দিতে পারে। পিএসজির বিপক্ষে এক ম্যাচ রিয়াল মাদ্রিদের অবস্থার আমূল পরিবর্তন এনে দিয়েছে। তবে একটি প্রশ্নও ছুড়ে দিয়ে গেছে। ত্রয়ী হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেলের দিন কি শেষ হয়ে এল?

এই মৌসুমে এই ত্রয়ীকে দেখার সৌভাগ্য হয়েছে খুবই কম। মোটে তিনবার মাঠে ছিলেন তিনজন। তিন ম্যাচে পারফরম্যান্সের গ্রাফটা ওপরের দিকেই। তবুও বেলের চোট, বেনজেমার অফ ফর্ম ও রোনালদোর বয়সের ঘড়িটা ধীরে ধীরে পঁয়ত্রিশের দিকে চলে যাওয়া—অনেক বড় প্রভাব ফেলছে এই পুরো দলের ওপর।

পিএসজি ম্যাচকে মাদ্রিদ ও জিদানের শেষযাত্রা ভাবা হচ্ছিল। সেখানে অসাধারণ এক জয় তুলে নিয়েছে রিয়াল। ত্রয়ীর তিনজনই সুস্থ থাকার পরও জিদানের একাদশে দলে জায়গা হয়নি। ইস্কোকে নামিয়ে ফাঁকি দিয়েছেন উনাই এমেরিকে। পরে যখন বেলকে নামালেন, তখনো ‘বিবিসি’র দেখা মেলেনি। বেনজেমাকে তুলেই যে নামানো হয়েছিল তাঁকে। এরপরই জিদানের মাস্টার স্ট্রোক রিয়ালকে এনে দিয়েছে জয়। বেনজেমাকে তুলে বেলকে নামানো ও ক্লান্ত ডিফেন্ডারদের বিপক্ষে এসেনসিওকে নামানোতেই বুদ্ধিমত্তা দেখিয়েছেন জিদান।

বাজে অবস্থান থেকে দলকে অনেকটাই বের করে নিয়ে এসেছেন জিদান। তিনজনকে যখন একসঙ্গে পাওয়াই যাচ্ছে না, তখন ভিন্ন পদ্ধতিতে চলা শুরু করেছেন জিদান। ফরমেশন পরিবর্তন করে ৪-৩-৩ থেকে ৪-৪-২ ডায়মন্ডে আনার পরে দলের পরিবেশও খুব একটা খারাপ নয়। বার্সেলোনার সঙ্গে মাতেও কোভাচিচের বাজে পজিশনিংয়ে হারতে হয়েছিল। আবার পিএসজির বিরুদ্ধে সেই একই ফরমেশন কাজে লেগেছে। ক্রুস-মডরিচ-কাসেমিরোর সঙ্গে ইস্কোকে ফ্রি রোলে খেলানোয় বলের নিয়ন্ত্রণ রিয়ালের কাছেই বেশি ছিল।

জিদান তাঁর দলের মূল তিন তারকাকে নিয়ে কখনো প্রশ্ন তোলেননি। আর সব সময়ই বিশ্বাস ছিল তাঁদের ওপর। বাজে সময়েও তাঁদের পক্ষে ছিলেন। তবে ‘বিবিসি’র অবস্থান দলে থেকেও না থাকার মতো। দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে করিম বেনজেমা দলে থেকেও না থাকার মতো। সমর্থকেরাও তাঁকে আর দলে চাচ্ছেন না। পিএসজির ম্যাচেও দুয়ো শুনতে হয়েছে। কদিন আগে ৭-১ জেতা ম্যাচেও সমর্থকদের রোষানলে পড়েছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার। অন্যদিকে বেশির ভাগ সময় মাঠের বাইরেই থাকেন গ্যারেথ বেল।
নামে ‘বিবিসি’ হলেও দলকে একাই টানছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জিদানের হাতে অবশ্য সুযোগ আছে বিবিসিকে আমূল বদলে ফেলার এবং আস্তে আস্তে সেদিকেই হাঁটছেন জিদান। তিনজন ফিট থাকার পরেও যেভাবে তাঁদের বদলে ইস্কোকে দিয়ে ম্যাচ খেলিয়েছেন, তাতে দলে বিবিসির অবস্থান কতটুকু শক্ত, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নতুন কাউকে দলে না ভেড়াতে পারলেও দিব্যি বেল-বেনজেমাকে বদলে এসেনসিও-ভাসকেজকে দিয়ে দলকে চালিয়ে নিতে পারবেন জিদান।
প্রশ্ন হচ্ছে, তেমন কিছু করে দেখানো আদৌ সম্ভব হবে কি না জিদানের পক্ষে!