প্রথম দুই ম্যাচ জিতে সবার আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল কলম্বিয়া। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা তো নিশ্চিত ছিল না। কলম্বিয়া কোচ হোসে পেকারম্যান বোধ হয় সেটি খুব একটা ভেবে দেখেননি। কাল কোস্টারিকার সঙ্গে ম্যাচে তাই বিশ্রাম দেন নিয়মিত একাদশের দশজনকেই। এমন পাইকারি হারে খেলোয়াড় বদলানোর মাশুলই গুনতে হলো কলম্বিয়াকে। ২-৩ গোলে হেরেছে তারা কোস্টারিকার কাছে। কলম্বিয়ার হারের সুবিধা নিয়ে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র, কলম্বিয়া হয়েছে রানার্সআপ। এখন শেষ আটে মঞ্চস্থ হতে পারে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, কলম্বিয়ার সম্ভাব্য প্রতিপক্ষ দুঙ্গার ব্রাজিল।
যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়েকে হারিয়ে প্রথম দুই ম্যাচ শেষেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল কলম্বিয়া। কোস্টারিকার সঙ্গে কাল ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতো তারা। কিন্তু হামেস রদ্রিগেজ, কার্লোস বাক্কা, হুয়ান কুয়াদ্রাদোদের মতো নিয়মিতদের বাদ দিয়ে একেবারেই যেন অচেনা একটা দল নামান পেকারম্যান। ২ মিনিটেই গোল খেয়ে যায় কলম্বিয়া, কোস্টারিকাকে এগিয়ে দেন জোহান ভেনেগাস। ৭ মিনিটে কলম্বিয়ার হয়ে সমতা ফেরান ফ্রাঙ্ক ফাবরা।
৩৪ মিনিটে এই ফাবরারই আত্মঘাতী গোলে এগিয়ে যায় কোস্টারিকা (২-১)। ৫৮ মিনিটে সেলসো বোর্হেস কোস্টারিকার হয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেন (৩-১)। ৭৩ মিনিটে মারলস মরেনো গোল করলেও লাভ হয়নি, ম্যাচটা শেষ পর্যন্ত হেরেই বসে কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে রদ্রিগেজ, কুয়াদ্রাদোরা নেমেও কলম্বিয়ার ভাগ্য বদলাতে পারেননি।
কলম্বিয়ার হোঁচট খাওয়ার সুযোগটা দুই ভাত ভরে নিয়েছে যুক্তরাষ্ট্র। দিনের অন্য ম্যাচে প্যারাগুয়েকে তারা হারিয়েছে ১-০ গোলে। প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ক্লিন্ট ডেম্পসি। গোল ব্যবধানে এগিয়ে কলম্বিয়াকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকেরা। এএফপি।