'বি' একাই পূরণ করে দিলেন 'বিসি'র শূন্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘণ্টা বাজিয়ে দিলেন বেল একাই। ছবি: এএফপি
ঘণ্টা বাজিয়ে দিলেন বেল একাই। ছবি: এএফপি

বেনজেমা ছিলেন না। ক্রিস্টিয়ানো রোনালদোও। ‘বিবিসি’র এক ‘বি’তেই পার হয়ে গেল রিয়াল মাদ্রিদ। শুধু পার হওয়া নয়, বেল এত অসাধারণ খেললেন, বাকি দুজনের শূন্যতা টেরই পেল না রিয়াল। ৩-০ গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগায় শুভসূচনা করল জিনেদিন জিদানের দল।
শুধু বেনজেমা বা রোনালদো নয়; চোটের কারণে নিয়মিত একাদশের পাঁচজনকে ছাড়াই প্রতিপক্ষের মাঠে যেতে হয়েছিল রিয়ালকে। লুকা মডরিচ, কেইলর নাভাস, পেপেও ছিলেন না। প্রাক-মৌসুমে মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলা গ্যারেথ বেলই ছিলেন ভরসা। ওয়েলসের এই উইঙ্গার মাত্র ৭০ সেকেন্ড সময় নিলেন ছন্দে ফিরতে। ম্যাচের ঘড়ির কাঁটা এক মিনিট পেরোতে না পেরোতেই কারভাহালের বাতাসে ভাসানো ক্রস জোরালো হেডে বেল পাঠিয়েছেন জালে।
শুরুর পর শেষটাও তাঁর। দ্বিতীয় গোল করেছেন ৯০ মিনিটে। এর মধ্যে মাঝখানে ৪০ মিনিটে আসেনসিওর গোলে পুরো তিন পয়েন্ট দিয়েই শুরু করেছে রিয়াল। ইসকো আর হামেস রদ্রিগেজকে পেছনে ফেলে একাদশে সুযোগ পাওয়াটা দারুণ কাজে লাগিয়েছেন তরুণ আসেনসিও।
ওদিকে মাদ্রিদের আরেক ক্লাব অ্যাটলেটিকো নাটকীয়ভাবে ড্র করেছে আলাভেসের বিপক্ষে। আলাভেস এই মৌসুমেই উঠে এসেছে শীর্ষ লিগে। আর প্রথম ম্যাচেই শক্তিশালী অ্যাটলেটিকোকে ওদেরই মাঠে ১-১ গোলে আটকে দিল। দুটি গোলই হয়েছে যোগ করা স​ময়ে। ৯১ মিনিটে পেনা​ল্টিতে এগিয়ে যায় অ্যাটলেটিকো। মাত্র দুই মিনিটের মধ্যেই দূরপাল্লার আচমকা শটে সেই গোল শোধ দিয়ে দেয় আলাভেস। লা লিগার শুরুতেই নাটক। দেখা যাক, শীর্ষ তিন দলকে এভাবে ভোগাতে পারে কি না বাকি দলগুলো।
যোগ করা সময়ের ​নাটক হয়েছে ইতালিয়ান লিগেও। তুরিনোকে ৩-২ গোলে হারিয়েছে এসি মিলান। কার্লোস বাক্কা করেছেন হ্যাটট্রিক। গঞ্জালো হিগুয়েইনের সুপার সাব গোলে আগের রাতে জুভেন্টাস জিতলেও তার শিরোপা-প্রতিদ্বন্দ্বীদের ঘাম ছুটেছে। ইন্টার মিলান তো ২-০ গোলে হেরেই গেছে শিয়েভোর কাছে। ২-২ ড্র করেছে নাপোলি। মিলান জিতলেও ঘাম ছুটে গেছে। যোগ করা সময়ে এক গোল দেওয়া তুরিনো পেনাল্টিও পেয়ে গিয়েছিল ওই সময়ে। শেষ মুহূর্তে ১৭ বছর বয়সী গোলরক্ষক জিয়ানলুজি ডোনারুমা পেনাল্টি ঠেকিয়ে না দিলে দুই পয়েন্ট হারাতে হতো মিলানকে।
ফরাসি লিগে ৩-০ গোলের জয় দিয়ে শুরু করেছে পিএসজি। হারিয়েছে মেত্‌জকে। তবে বড় জয়েও গ্যালারিতে উঠেছে দুয়ো। এডিনসন কাভানি যে কিছুতেই মন জিততে পারছেন না সমর্থকদের।