'বেকার' কানুকে নিয়ে কানাকানি

বেকারত্বের অভিশাপ কীভাবে তাড়াতে হয় ভাবছেন? তাহলে হাল রবসন-কানুকে দেখে শিখে নিন।
আনুষ্ঠানিকভাবে গত পরশু, অর্থাৎ ১ জুলাই থেকে ‘বেকার’ এই ওয়েলস স্ট্রাইকার। পেশাদার ক্যারিয়ারের শুরু থেকে খেলে আসা ক্লাব রিডিংয়ের সঙ্গে ৯ বছরের গাঁটছড়া শেষ হয়ে গেছে। ফুটবলের দলবদলের ভাষায় পরশু থেকেই তিনি ‘ফ্রি এজেন্ট’। আগামী মৌসুমে কোন ক্লাবে খেলবেন, কীভাবে পরিবার চলবে এই দুশ্চিন্তাই তাঁর মাথায় থাকার কথা ছিল। ছিল কি না কে জানে, তবে শুধু একটা ‘ঘূর্ণি’তেই সব দুশ্চিন্তা দূর করে দিলেন রবসন-কানু।
সেটিও বেকার হওয়ার দিনে, ১ জুলাই। ওয়েলসের ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল (সুন্দরতমও কি নয়?) এল তাঁর পায়ে। ১৯৫৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর প্রথম কোনো বড় টুর্নামেন্টে, প্রথমবারের মতো ইউরোতে এসে সেমিফাইনালে উঠে গেল ওয়েলস, সে তো রবসন-কানুর এক মুহূর্তের জাদুতেই।
মুহূর্তটা আসে ম্যাচের ৫৫ মিনিটে। বেলজিয়ামের সঙ্গে ১-১ সমতায় থাকা ওয়েলস তখন এগিয়ে যাওয়ার পথ খুঁজছে। সমাধানটা বলে দেয় রবসন-কানুর পা। এমনই দুর্দান্তভাবে, গত মার্চে স্বর্গকে ঠিকানা বানানো ইয়োহান ক্রুইফের ঠোঁটেও হয়তো তাতে গর্বের হাসি ফুটেছে। ডাচ কিংবদন্তির কথা আসছে, কারণ ওই এক মুহূর্তে যে ‘ক্রুইফ’ বনে গিয়েছিলেন রবসন-কানু!
ডান প্রান্ত থেকে অ্যারন রামসের ক্রস যখন পায়ে এল, গোলপোস্ট তাঁর পেছনে। ওয়েলস স্ট্রাইকারকে ঘিরে তিন বেলজিয়ান ডিফেন্ডার। বলটা বেলজিয়ানদের কাছে জমা দিয়ে দেওয়াই মনে হচ্ছিল সবচেয়ে সম্ভাব্য পথ। কিন্তু রবসন-কানু লিলের হাজারো দর্শকের, পাশাপাশি টিভি পর্দায় আটকে থাকা আরও কোটি চোখে অবিশ্বাসের জন্ম দিয়ে নিলেন ‘ক্রুইফ-টার্ন’। এক চরকিতেই তিন বেলজিয়াম ডিফেন্ডার পেছনে, সামনে শুধু গোলকিপার থিবো কোর্তোয়া। বর্তমান সময়ের অন্যতম সেরা গোলকিপারও বোধ হয় চকিতের ওই ঘূর্ণিতে হতবিহ্বল। কোর্তোয়াকে সেই বিভ্রান্তিতে রেখেই বাঁ পায়ে বল জালে জড়িয়ে দিলেন রবসন-কানু।
ওই একটা গোল, একটা ‘টার্ন’ ঘুরিয়ে দিল পুরো ওয়েলসের ফুটবল ইতিহাস। ওয়েলস তাই প্রথমবারের মতো ইউরোপের সেরা চারে। কিন্তু ২৭ বছর বয়সী স্ট্রাইকারের গোলের বর্ণনায় সেই অবিশ্বাস্যের লেশমাত্রও যদি থাকত, ‘বল আমার পায়ে এল, বক্সের মধ্যেই ঘুরতে পারলাম, এরপর জালে জড়িয়ে দিলাম।’
কত সহজেই না বললেন! তাঁর গলা কেঁপেছে কি না কে জানে, তবে ধারাভাষ্যকারের গলা ঠিকই কেঁপেছিল গোলের মুগ্ধতায়। আর কাঁপল টুইটার। যুক্তরাজ্যের মানুষ তো পারলে এখনই কানুর ওই ঘূর্ণির নাম ‘ক্রুইফ-টার্নে’র বদলে ‘রবসন-কানু টার্ন’ করে দেন। কানু এখন কোনো ক্লাবে নেই জানার পর থেকে টুইটারে শুরু হলো আরেক দাবি, ইংলিশ ক্লাবগুলোর সমর্থকেরা তাঁদের ক্লাবকে অনুরোধ করতে শুরু করেছেন ওয়েলস স্ট্রাইকারকে দলে নিতে।
এক মাস আগেও অ্যাঙ্কেলের চোটে পড়ে ইউরোতে খেলা নিয়ে সংশয়ে ছিলেন, সেই রবসন-কানুই এখন ইউরোর আলোচিত তারকা। রিডিংয়ের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ‘ভবিষ্যৎটাকে নিজের হাতে নেওয়ার’ প্রতিজ্ঞা করেছিলেন, সেই ভবিষ্যৎ এখন উজ্জ্বল দিনের স্বপ্ন দেখাচ্ছে। সবকিছুই তাঁর বেকার ঘোষিত হওয়ার দিনে! রয়টার্স।