'বেঞ্চ' দেখে হতাশ ডি ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমসে যাওয়ার আগে একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের দেখে নিলেন লোডভিক ডি ক্রুইফ। কিন্তু কাল পুলিশ দলের বিপক্ষে অনুশীলন ম্যাচে অতিরিক্ত খেলোয়াড়েরা মোটেও খুশি করতে পারেননি কোচকে। এশিয়ান গেমসে যা নতুন অশনিসংকেতই হয়ে এল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের জন্য।
পুলিশ দলটি এবার দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসেছে প্রথম বিভাগে। তাদের বিপক্ষে প্রথম একাদশে অতিরিক্ত খেলোয়াড়দেরই নামিয়ে দেন ক্রুইফ। এই খেলোয়াড়েরা কোচকে আশ্বস্ত করেছিলেন, মাঠে নেমে পুলিশ দলের সঙ্গে বুঝিয়ে দিতে পারবেন নিজেদের পার্থক্যটা। কিন্তু রাজারবাগ পুলিশ লাইন মাঠে ম্যাচের গোলশূন্য প্রথমার্ধ বলল ভিন্ন কথা। মনেই হয়নি এটি জাতীয় অনূর্ধ্ব-২৩ দল।
অবস্থা ভালো নয় বুঝতে পেরে দ্বিতীয়ার্ধে মামুনুল, মিশুদের নিয়ে সেরা দলটাই নামালেন কোচ। তাতে অনূর্ধ্ব-২৩ দলের সম্মান রাখা গিয়েছে কিছুটা। হাজার তিনেক দর্শকের বড় অংশই ছিল পুলিশের সদস্য। তারা নিজেদের দলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে। তারই মধ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের জয় ৩-০ গোলে। দুটি গোল করেছেন জুয়েল রানা। অন্য গোলটির রূপকার মিশু, তাঁর হেড জালে যাওয়ার সময় ওয়াহেদের শরীর ছুঁয়ে যায়।
দলের পারফরম্যান্সে মোটেও খুশি নন কোচ ডি ক্রুইফ, ‘বেঞ্চের খেলোয়াড়েরা হতাশ করল। ওদের দেখতে চেয়েছিলাম। যা দেখলাম তাতে বলতে হচ্ছে এই পর্যায়ে খেলার জন্য ওরা তৈরি নয়। সামর্থ্যেরই অভাব। অামাদের অন্তত ৬ গোলে জেতা উচিত ছিল।’
এশিয়ান গেমসের আগে এটিই বাংলাদেশ দলের শেষ অনুশীলন ম্যাচ। মোট খেলা হলো ছয়টি ম্যাচ। ৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া রওনা দেওয়ার অপেক্ষা এখন।