'বেনিতেজ, থাকুন!' - গাইলেন বার্সা সমর্থকেরা

চিরপ্রতিদ্বন্দ্বীদের জন্য খুব টান তাঁদের। সব সময়ই ভাবেন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের কথা, যেন তাঁদের কথা না ভাবলে ঘুম আসে না। এমনই যে, প্রতিদ্বন্দ্বী দলটির কান্ডারিকে দলের দায়িত্বে থাকার আহ্বান জানাতে গানও বেঁধে ফেললেন বার্সেলোনা সমর্থকেরা!
ন্যু ক্যাম্পে কাল স্প্যানিশ লিগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ম্যাচ ছিল বার্সার। অথচ সেখানে সমর্থকদের কণ্ঠে গান উঠল কি না ‘বেনিতেজ, থাকুন!’ কী ভাবছেন, নিজেদের দল এখন বেশ ভালো ফর্মে আছে দেখে নিশ্চিন্ত বার্সা সমর্থকেরা ‘শত্রু’দের ভালোর জন্যও প্রার্থনা করছেন? ‘নিঃস্বার্থ ভালোবাসা’র অনুভূতি থেকে রিয়াল মাদ্রিদ কোচের জন্য শুভকামনা জানাচ্ছেন?
একদমই না! সপ্তাহ খানেক আগেই তো রিয়ালকে তাঁদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এসেছে বার্সা। পরাজয়ের ব্যবধান এক পাশে রাখুন, রিয়ালকে আক্ষরিক অর্থেই সেদিন নাচিয়ে ছেড়েছিল বার্সা। ‘লস ব্লাঙ্কোস’ কোচ রাফায়েল বেনিতেজের কৌশলও হয়েছে প্রশ্নবিদ্ধ। পাশাপাশি ক্রিস্টিয়ানো রোনালদোসহ দলের অন্য তারকাদের সঙ্গে তাঁর বিবাদের গুঞ্জনও সঙ্গী অনেক দিন থেকেই। সব মিলিয়ে জল্পনা-কল্পনা চলছে, যেকোনো সময়ই নাকি চাকরি হারাতে পারেন বেনিতেজ।
বার্সেলোনা সমর্থকেরা কিন্তু তাঁকে রিয়ালের ডাগআউটেই দেখতে চায়। তবে বার্সা সমর্থকদের এই কামনা যে বেনিতেজের ভালোর জন্য—এমনটা ভাবার কোনোই কারণ নেই। ন্যু ক্যাম্পের দর্শকদের বিশ্বাস, বেনিতেজ যতদিন থাকবেন, ততদিন এল ক্লাসিকো থেকে হাসিমুখে ৩ পয়েন্ট পকেটে নিয়ে ফিরতে পারবেন তাঁরা।
অবশ্য প্রতিপক্ষ কোচের ‘শুভকামনা’ জানানোর মতো ‘সাধুতা’য় বার্সার সমর্থকেরা একা নয়। তাঁদের সঙ্গী হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকেরাও। এল ক্লাসিকোর পর নাকি রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বীরাও নিজেদের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে বেনিতেজের চাকরি বাঁচানোর জন্য ‘প্রার্থনা সংগীত’টি গেয়েছেন—‘বেনিতেজ, কেদারসে!’ বাংলাটা তো এরই মধ্যে জেনে গেছেন, ‘বেনিতেজ, থাকুন!’
পেরেজের ভালোবাসা পাবেন কি না কে জানে, তবে প্রতিপক্ষ শিবির থেকে রোমান্টিক গানই ভেসে আসছে বেনিতেজের জন্য। আহা, কত দরদ বার্সা-অ্যাটলেটিকো সমর্থকদের! তথ্যসূত্র: মার্কা।