'বোকা' তেভেজ চীনেই যাচ্ছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লোস তেভেজ আগে ঠান্ডা মাথায় ভাববেন, তারপরই সিদ্ধান্ত নেবেন, সাংহাই শেনহুয়ায় যোগ দেবেন কি না।
চীনের ক্লাব সাংহাই শেনহুয়া এক মৌসুমেই চার কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে তেভেজকে। বোকায় খেলে এখন যা পান, শেনহুয়ার প্রস্তাবিত অর্থের অঙ্কটা তার চেয়ে কুড়ি গুণ বেশি। এই বিপুল অর্থের হাতছানির কাছে শৈশবের ক্লাবের প্রতি ভালোবাসাটা একটু চটে তো যেতেই পারে! ওলে পত্রিকার খবর সত্যি হলে ব্যাপারটা তা-ই। পত্রিকাটি লিখেছে, ‘বোকা কর্তৃপক্ষ জানে, সে চলে যাচ্ছে এবং ৮ কোটি ৪০ লাখ ইউরোয় দুই বছরের জন্য সাংহাই শেনহুয়ার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে।’
চীনে যাওয়ার সম্ভাবনা বাতিল করেননি তেভেজও। আর্জেন্টাইন এক টিভি চ্যানেলকে বলেছেন, ‘রোববারের ম্যাচটিই (কোলনের বিপক্ষে বোকার হয়ে) আমার শেষ ম্যাচ, এটা উড়িয়ে দিচ্ছি না। কিন্তু বোকা ছেড়ে যাচ্ছি, এটাও ভাবতে পারছি না আমি। মনঃকষ্টে ভুগছি।’
তা ভুগতে পারেন। তবে এরই মধ্যে তাঁর তিন সন্তানের জননী বান্ধবী ভেনেসা ম্যানসিলাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তেভেজ। বিয়ের পর হানিমুনে গিয়েই ঠিক করবেন করণীয়টা। আইএএনএস।