
মাস দেড়েক আগে যখন চোট পেলেন, তাঁর খুব মন খারাপ হয়েছিল। দল এত ভালো খেলছে, আর তিনি সেই দলের হয়ে মাঠে থাকতে পারবেন না! তারপর যখন শাপেকোয়েনস কোপা সুদামেরিকানার ফাইনালে উঠে গেল, আলেহান্দ্রো মার্টিনুচ্চিওর দুঃখ কে দেখে! ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে দল যাচ্ছে কলম্বিয়ার মেডেলিনে ফাইনালের প্রথম লেগটা খেলতে, আর সেই বিমানে তিনি নেই!

সেই বিমানে ছিলেন না বলেই বেঁচে আছেন মার্টিনুচ্চিও। লামিয়া এয়ারলাইনসের উড়ান-২৯৩৩ তাঁর প্রায় সব সতীর্থকে নিয়ে গেছে না-ফেরার দেশে। কিন্তু বেঁচে থাকার এই স্বস্তি যে এখন মৃত্যুর চেয়েও কম কষ্টের নয়! সতীর্থ-বন্ধুহারা মার্টিনুচ্চিওর কণ্ঠে তাই এখন শুধুই হাহাকার, ‘এ শোক আমি কী করে সইব, বুঝতে পারছি না!’
ব্রাজিল আর বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় তারকা যিনি সে পেলেও মুহ্যমান শোকে, ‘ব্রাজিল ফুটবল হাহাকার করছে। এ এক অপূরণীয় ক্ষতি!’ এই সময়ে ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন যিনি, সেই নেইমারের কাছে সবকিছু এখনো অবিশ্বাস্য লাগছে। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যা হয়েছে তার কিছুই আমার বিশ্বাস হচ্ছে না। আজ আমি কাঁদছি, পুরো বিশ্ব কাঁদছে।’

শাপেকোয়েনসের ট্র্যাজেডি নাড়িয়ে দিয়েছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকেও, ‘দুঃখ হচ্ছে যে ফুটবল দলটা নতুন শক্তি হয়ে উঠতে যাচ্ছিল তারা আর নেই। হায়, ওরা ভুল বিমানে উঠেছিল!’ সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি ফেসবুকে লিখেছেন, ‘বিমান দুর্ঘটনায় নিহত শাপেকোয়েনসের খেলোয়াড়, কর্মকর্তাদের শোকার্ত পরিবার, বন্ধুবান্ধব সবার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে জানাই সহানুভূতি।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে এটা ফুটবল ইতিহাসের অন্যতম দুঃখজনক ও শোকাবহ দিন। এই কঠিন সময়ে ফিফা ব্রাজিলের সব ফুটবল-অনুরাগী ও ফুটবল-সংশ্লিষ্টদের পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন ইনফান্তিনো।
শাপেকোয়েনসের নিহত ফুটবলার ক্লেবার সান্তানার সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডি গিয়া। দুর্ঘটনায় খবর পাওয়ার পর থেকেই বারবার তাঁর সামনে ভেসে আসছে সান্তানার মুখটা। টুইটারে লিখেছেন, ‘ক্লেবার সান্তানার সঙ্গে ড্রেসিংরুমে লকার ভাগাভাগি করেছি। আমার মনের অবস্থা কাউকে বোঝাতে পারব না!’ এএফপি, রয়টার্স।