'ব্লাটারকে চুপ করানো খুব মুশকিল'

সেপ ব্লাটারের ওপর বেজায় চটেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তাঁর খ্যাপার মূল কারণ ফিফা সভাপতির বিভিন্ন মন্তব্য। সম্প্রতি বিশ্বকাপের ‘গোল্ডেন বল’ নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, সেটাকে রীতিমতো ব্যালন ডি অ’রকে প্রভাবিত করার নীলনকশা হিসেবে দেখছেন রিয়াল কোচ। বিরক্তির সঙ্গে বলেছেন, ‘এই ব্লাটারকে চুপ করানো সত্যিই মুশকিল।’
ফিফা সভাপতি সম্প্রতি মন্তব্য করেছেন, বিশ্বকাপের গোল্ডেন বলটা লিওনেল মেসি না পেয়ে ম্যানুয়েল নয়্যার পেলেই ভালো হতো। আনচেলত্তি মনে করেন, এই মন্তব্য ব্যালন ডি অ’রকে প্রভাবিত করার শামিল। উল্লেখ্য, এবারের ব্যালন ডি অ’র খেতাবের দৌড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর মূল প্রতিদ্বন্দ্বী এই নয়্যার। সঙ্গে মেসি তো আছেনই। তবে রিয়াল ‘বস’ মনে করেন, তাঁর দলের হয়ে রোনালদোর অসাধারণ পারফরম্যান্সই তাঁকে টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডি অ’রের সম্মান এনে দেবে।
ব্লাটারের প্রতি আনচেলত্তি তাঁর বিরক্তি প্রকাশ করেছেন ঠিক এভাবে, ‘আমি মাঝেমধ্যেই খুব অবাক হয়ে যাই, এই লোকটা (ব্লাটার) কী সব আবোল-তাবোল বকেন! অথচ তাঁর উল্টো-পাল্টা মন্তব্যের কোনো পাল্টা জবাব আমাদের তরফ থেকে আসে না। এই লোকটিকে চুপ করানো সত্যিই খুব মুশকিল।’
এর পরপরই বর্ষসেরা ফুটবলার হওয়ার প্রতিযোগিতায় রোনালদোর প্রতি নিজের সমর্থনটা জোরের সঙ্গেই জানিয়ে দিয়েছেন আনচেলত্তি, ‘ব্যালন ডি অ’র নিয়ে এত ভাবার কী আছে? এই বছরটা একেবারেই রোনালদোর। সে প্রতিনিয়ত গোল করে যাচ্ছে। রিয়ালের হয়ে গুরুত্বপূর্ণ শিরোপাও জিতেছে। এবারের ব্যালন ডি অ’র নিয়ে কারও মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা ঠিক নয়।’ সূত্র: এএফপি