
কথাগুলো বলে যাচ্ছিলেন এএফসি কাপের শেষ ম্যাচ থেকেই। ৩১ মে মোহনবাগানের ম্যাচের পর সংবাদ সম্মেলনে ক্ষোভ উগরে দিয়েছিলেন আবাহনীর কোচ দ্রাগো মামিচ, ‘এভাবে টানা ম্যাচ খেলা সম্ভব নয়।’ পাঁচ দিনে তিন ম্যাচ—ঘরোয়া ও আন্তর্জাতিক সূচি মিলিয়ে খেলতে খেলতে ক্লান্ত আবাহনীর ফুটবলাররা। সেই ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য যতটা সময় দরকার সেটি না পেয়ে আবারও ক্ষুব্ধ ক্রোয়াট কোচ।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি দুই আবাহনী। ফাইনালের আগের সংবাদ সম্মেলনে ঢাকা আবাহনীর কোচ শিরোপা জয়ের প্রত্যাশা জানাবেন, তা নয়, গলার স্বর সপ্তমে চড়ালেন! শেষ পর্যন্ত মামিচকে শান্ত করতে এলেন বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, ‘আমরা আপনাদের সমস্যা বুঝতে পেরেছি বলেই খেলাটা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।’
কিন্তু হাতে এক দিন বেশি সময় পেয়েও সন্তুষ্ট নন মামিচ, ‘আন্তর্জাতিক নিয়মানুযায়ী এক ম্যাচ শেষে কমপক্ষে ৭২ ঘণ্টা বিশ্রাম দরকার। আর তিন দিনে দুটি ম্যাচ খেললে ১০০ ঘণ্টা সময় তো দিতেই হবে।’ সেমিফাইনালের পর ঢাকা আবাহনীর চেয়ে এক দিন বেশি বিশ্রাম পেয়েছে চট্টগ্রাম আবাহনী। এতে একটু বেশিই সুবিধা পাওয়ার কথা বন্দর নগরীর দলটির।
তবে দুই আবাহনীর লক্ষ্য অভিন্ন—মৌসুমের প্রথম শিরোপাটা ঘরে তোলা। নয়বারের চ্যাম্পিয়ন ‘বড়’ আবাহনী চায় শিরোপা ধরে রাখতে। আর প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে ওঠা ‘ছোট’ আবাহনী নিজেদের ইতিহাসটা রাঙাতে চায় শিরোপা জিতেই। চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুল বারী যদিও সংবাদ সম্মেলনে এসে ফাইনালে ওঠাকেই বললেন বড় প্রাপ্তি, ‘আমরা ফাইনালে উঠতে পেরেই খুব খুশি।’
চট্টগ্রাম আবাহনীর জন্য দুঃসংবাদ প্রধান গোলরক্ষক আশরাফুল রানা জ্বরের জন্য আজও দলে থাকছেন না। তবে ডিফেন্ডার অ্যালিসন উদোকা জ্বর থেকে সেরে ওঠায় আজ মাঠে নামবেন। রক্ষণ সামলে সেট পিস থেকে গোল করতে পারেন এই নাইজেরিয়ান। আরামবাগের বিপক্ষে গ্রুপ পর্বে যেটা করেও দেখিয়েছেন। চট্টগ্রাম আবাহনীর সবচেয়ে বড় অস্ত্র আফিজ ওলাদিপোকে আটকানোই হবে আবাহনী রক্ষণের বড় চ্যালেঞ্জ। শেখ কামাল আন্তর্জাতিক গোল্ডকাপে মানাং মার্সিয়াংদির হয়ে ৫ গোল করা এই ফরোয়ার্ড এরই মধ্যে ফেডারেশন কাপে করেছেন ৩ গোল। দুর্দান্ত ফর্মে রয়েছেন উইঙ্গার জাহিদ হোসেন। জ্বর থেকে সেরে উঠে মাঠে নেমে মামুনুলও গোল পেয়েছেন সেমিফাইনালে। সব মিলিয়ে চট্টগ্রাম আবাহনী দারুণ ফর্মে আছে।
তবে বাস্তবতা হচ্ছে এ মুহূর্তে ঢাকা আবাহনীকে হারানো যেকোনো দলের জন্যই কঠিন। ঘরোয়া ফুটবলে গত মৌসুম থেকে এ পর্যন্ত ৩০ ম্যাচ অপরাজিত ঢাকা আবাহনী। এমন ছন্দে থাকা দলটি আত্মবিশ্বাস বাড়িয়েছে এএফসি কাপে খেলে। এমেকা ডার্লিংটন, রুবেল মিয়া ও নাবিব নেওয়াজ জীবনও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যেকোনো মুহূর্তে। যদিও কোচ কোচ দ্রাগো মামিচ বলছেন লড়াইটা সহজ হবে না, ‘চট্টগ্রাম আবাহনী শক্তিশালী দল। অবশ্য তাদের একটি ম্যাচও দেখিনি। তবে আমার ধারণা, লড়াইটা কঠিন হবে।’
