'বয়স চুরি' সাত বছর, তাই আবাহনীর 'জয়'!

>
- প্রায় সাড়ে তিন বছর পর শুরু হয়েছে অনূর্ধ্ব–১৮ ফুটবল
- প্রথম ম্যাচে ফরাশগঞ্জের কাছে ১-০ গোলে হেরেছিল আবাহনী
- ফরাশঞ্জের বিপক্ষে বয়স চুরির অভিযোগ প্রমাণ হওয়ায় জয়ী আবাহনী
বয়সভিত্তিক ফুটবলের চল বাংলাদেশ থেকে উঠে গিয়েছে বললেই চলে। নামকাওয়াস্তে যা–ও দু–একবার হয়, সেখানে ‘বয়স চুরির’ অভিযোগের অন্ত নেই। তাই প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে অনূর্ধ্ব–১৮ টুর্নামেন্ট শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বারবারই ঘুরেফিরে এসেছিল ফুটবলারদের বেশি বয়সের অভিযোগের কথা।
দলে বেশি বয়সী ফুটবলার খেলানোর অভিযোগে শনিবার তো জেতা ম্যাচের তিন পয়েন্টই খোয়াতে হলো ফরাশগঞ্জ স্পোর্টিংকে। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল ফরাশগঞ্জ। কিন্তু তাদের বিপক্ষে বেশি বয়সী ফুটবলার মাঠে নামানোর অভিযোগ তুলে ফেডারেশনে আবেদন করে আবাহনী। অভিযোগ প্রমাণিত হওয়ায় আবাহনীকে আজ সে ম্যাচে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছে বাফুফে।
অভিযোগকৃত খেলোয়াড়ের নাম অংকন মণ্ডল। অনূর্ধ্ব–১৮ ফুটবলের আগে সে তৃতীয় বিভাগ ফুটবল লিগেও খেলেছে। কিন্তু লিগে ও টুর্নামেন্টে তিনি নিবন্ধিত হয়েছেন ভিন্ন ভিন্ন নাম ও জন্মতারিখ উল্লেখ করে। যেখানে তৃতীয় বিভাগে সবুজ রায় নামে (অংকন) জন্মনিবন্ধন করা হয়েছে ১৮-০৫-১৯৯৪। সেখানে অনূর্ধ্ব–১৮ টুর্নামেন্টে তাঁর নিবন্ধন করা হয়েছে ৩০-০৬-২০০১। অর্থাৎ অনূর্ধ্ব–১৮ টুর্নামেন্ট খেলতে নামের বদলের সঙ্গে অংকন কমিয়েছেন প্রায় সাত বছর। দলের জয় হারানোর সঙ্গে যার শাস্তিও পেতে হয়েছে তাঁকে টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হয়ে।
বয়স চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় অংকনকে বহিষ্কার করা হলেও ক্লাবের কেন পয়েন্ট কেটে নেওয়া হলো—এ নিয়ে পাল্টা অভিযোগ তুলেছেন ফরাশগঞ্জ ক্লাবের ম্যানেজার বাবুরাম ঘোষ, ‘অংকনের সার্টিফিকেট দেখে আমরা তাকে নিবন্ধন করিয়েছি। এখানে তো আমাদের দোষ নেই। সে বয়স লুকিয়েছে। শাস্তি তারই হওয়া উচিত। কিন্তু ক্লাবের কেন পয়েন্ট কেটে নেওয়া হবে।’