'ভবঘুরে' রোনালদোর ভক্ত দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের ‘ভবঘুরে’ মেকআপ তুলছেন রোনালদো ছবি: সংগৃহীত
নিজের ‘ভবঘুরে’ মেকআপ তুলছেন রোনালদো ছবি: সংগৃহীত

মাদ্রিদের ব্যস্ততম এলাকা প্লাজা দে কালাওয়ে। সকালবেলাটা সাধারণত এ এলাকায় দেখা যায় অফিস কিংবা স্কুল-কলেজগামী মানুষের ভিড়। সবারই হাতে সময় কম। ভীষণ তাড়া। হেঁটে গিয়ে কাছের কোনো এমআরটি স্টেশন থেকে গন্তব্য অভিমুখী ট্রেন ধরতে হবে। শুক্রবার এই প্লাজা দে কালাওয়েতেই ব্যস্ত মানুষ মুহূর্তের জন্য থমকে গিয়েছিল এক অদ্ভুত ঘটনায়। থমকে গিয়েছিল বললে বোধ হয় একটু ভুল করা হবে। তাদের থমকে দিয়েছিলেন এই ধরণির সবচেয়ে সেরা ফুটবল খেলোয়াড়টি। 

ক্রিস্টিয়ানো রোনালদো। মাঝেমধ্যেই চমকে দেন ভক্তদের। ব্যাপারটা দারুণ উপভোগও করেন। শুক্রবার ভক্তদের চমকে দেওয়ার মিশন নিয়েই তিনি ছদ্মবেশে বেরিয়েছিলেন মাদ্রিদের রাস্তায়। প্লাজা দে কালাওয়ে গিয়ে দাঁড়িয়েছিলেন ধূসর রঙের একটা জ্যাকেট পরে, মুখভর্তি দাঁড়ি-গোঁফের কৃত্রিম জঙ্গল বানিয়ে। প্রথমে রোনালদোকে ভবঘুরে মনে করে ব্যস্ত মানুষজন পাত্তা দিতে চাননি একেবারেই। কিন্তু ওই ‘ভবঘুরে’ই যখন একটা বল নিয়ে জাগল করতে থাকলেন, তখন তাঁর অনিচ্ছা সত্ত্বেও দৃষ্টি ফেরাল লোকজন। একি! লোকটি যে জাগল করতে করতে তাঁর দাঁড়ি-গোফ টেনে টেনে খুলছে। দাঁড়ি-গোফ খোলা শেষে সবাই ‘থ’। ভবঘুরে মনে করে যে লোকটাকে তাঁরা এতক্ষণ এড়িয়ে গেছে, তিনি আর কেউ নন, স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদো!

এবার সম্বিত ফিরে পেল দে কালাওয়ের লোকজন। ঘিরে ধরল ক্রিস্টিয়ানোকে। সেলফির আবদার ছুটে এল। শত শত অটোগ্রাফের দাবিও মেটাতে হলো রিয়াল-তারকাকে। রোনালদোকে সামনে পেয়ে অফিসের তাড়া, স্কুলের ব্যস্ততা সব যেন নিমিষেই হাওয়া প্লাজা দে কালাওয়ের লোকজনের। অফিসে একটু দেরি করে গেলেও হবে। স্কুলে এক দিন না গেলে ক্ষতি নেই। কিন্তু চোখের সামনে রোনালদোকে দেখে তাঁকে এড়িয়ে যাওয়াটা পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি।

ভক্ত-দর্শকদের সঙ্গে সম্পর্কটাকে আরও গভীরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই রোনালদোর এই কর্মসূচি। একজন তারকার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যে তাঁর ভক্তরা, সেটা নতুন করে প্রমাণের জন্যই যেন রোনালদো ভবঘুরের বেশ ধরেছিলেন। সম্প্রতি বান্ধবী-বিচ্ছেদে হৃদয়ের মাঝখানে এক ধরনের ক্ষত বয়ে বেড়াচ্ছেন। ব্যালন ডি’অরে কারচুপির অভিযোগও মন খারাপ করে দিয়েছে তাঁর। মাদ্রিদের ব্যস্ততম রাস্তায় ভক্তদের সঙ্গে দেখা করতে এসে সিআর-সেভেন যেন প্রমাণ করতে চাইলেন তাঁর চেয়ে সুখী আর কেউ হতেই পারে না! সূত্র: ইউরোপাপ্রেস।