'ভবিষ্যদ্বাণী করতে বললে নয়্যার...'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলেসান্দ্রো দেল পিয়েরো
আলেসান্দ্রো দেল পিয়েরো

ক্যারিয়ারে অনেক কিছুই জিতেছেন, কিন্তু বর্ষসেরার পুরস্কার কখনো পাওয়া হয়নি। সাবেক ইতালি ও জুভেন্টাসের স্ট্রাইকার আলেসান্দ্রো দেল পিয়েরো ফিফাডটকমের সঙ্গে কথা বললেন এবারের ফিফা-ব্যালন ডি’অর নিয়ে। আগামীকালই দেওয়া হবে ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার।
ফিফাডটকম: আপনি কি মনে করেন ফিফা-ব্যালন ডি’অরই একজন খেলোয়াড়ের সর্বোচ্চ ব্যক্তিগত অর্জন?
আলেসান্দ্রো দেল পিয়েরো: যখন আপনি মাঠের বাইরে কিছু জিততে চাইবেন, এটা অবশ্যই সর্বোচ্চ। এটা অনন্য একটা পুরস্কার। শুধু বিশেষজ্ঞরাই নন, বিশ্বের সব জাতীয় দলের কোচ ও অধিনায়কেরাও এখানে ভোট দিতে পারেন। এটাও এই পুরস্কারকে বাড়তি মাত্রা দিয়েছে। আপনি এর চেয়ে বেশি কিছু চাইতে পারেন না।
:এবার যে তিনজন চূড়ান্ত তিনে আছেন, তাঁদের আপনি কীভাবে দেখেন? তাঁরাই কি সবচেয়ে যোগ্য তিনজন?
দেল পিয়েরো: এঁরাই সেরা তিন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত অর্জন দারুণ সমৃদ্ধ। ‘আধুনিক খেলোয়াড়’ সম্পর্কে অনেক কথাই চালু আছে, কিন্তু ওকে এখনই শুধু নয়, ভবিষ্যতেও আধুনিক বলতে হবে। ১০ নম্বর হিসেবে মেসির সঙ্গে কারও তুলনা চলে না। বিশ্বকাপের সময় ব্রাজিলে অসংখ্য শিশুকে ওর জার্সি পরতে দেখেছি, চিন্তা করুন ব্রাজিলের তরুণেরা একজন আর্জেন্টাইনের জার্সি পরেছে! সে এমন একটা ফুটবলের প্রতিনিধিত্ব করে যেটা কোনো সীমানা মানে না। আর ম্যানুয়েল নয়্যার গোলরক্ষকের অন্য রকম একটা রূপ আমাদের দেখিয়েছে। তার পা জোড়া যে শুধু দারুণ চলে তা-ই নয়, সে দলে আরও ক্ষিপ্রতা নিয়ে এসেছে। সবচেয়ে বড় কথা, সে অসাধারণ একজন শট-স্টপার, জার্মানির শিরোপার অনেকটা কৃতিত্ব ওরই।
:এবারের সেরা তিনে কোনো ইতালিয়ান খেলোয়াড় নেই। এটাই কি প্রকৃত অবস্থাটা জানিয়ে দিচ্ছে?
দেল পিয়েরো: কোনো সন্দেহ নেই, আমাদেরও শীর্ষ পর্যায়ের কয়েকজন খেলোয়াড় আছে, আমার একসময়ের দুই সতীর্থ জিয়ানলুইজি বুফন আর আন্দ্রেয়া পিরলো। কিন্তু এ ক্ষেত্রে, জাতীয় দল বা ক্লাবের ফল খুব একটা সাহায্য করে না। আপনি যদি সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় বলার মতো কিছু করতে না পারেন তাহলে আপনি কারও নজরে পড়বেন না।
:ছয় বছর ধরে রোনালদো ও মেসি-ব্যালন ডি’অর নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। এই পর্যায়ে এ রকম প্রতিদ্বন্দ্বিতা থাকাটা আসলে কতটা প্রেরণাদায়ী?
দেল পিয়েরো: আমার মনে হয় এটা অনেকই সাহায্য করে। তবে এটাও ঠিক, রোনালদো বা মেসি যদি এ রকম একজন প্রতিদ্বন্দ্বী না-ও পেতেন, তার পরও নিজের সেরাটা ঢেলে দিতেন। আপনি সব সময় নিজের সঙ্গে লড়াই করছেন, সে জন্যই রেকর্ডের একটা আলাদা মূল্য আছে। আর জিতলেই শুধু সেটা আপনি উপভোগ করবেন। ওদের রাজত্ব আরও অনেক দিনই থাকবে।
:অনেক দিন ধরে দাপটের সঙ্গে শীর্ষ পর্যায়ে খেলেছেন। ওঁদের দুজনকে বছরের পর বছর একইভাবে খেলতে দেখাটা কি আপনাকে বিস্মিত করে?

দেল পিয়েরো: ওরা যে মানের খেলোয়াড়, তাতে সত্যি বলতে আমি খুব একটা অবাক হই না। তারা দুজন অন্য উচ্চতার, অর্জনগুলোও থেকে যাবে। আমরা আরও অনেক বছর ওদের নিয়ে কথা বলব, যেমন এখন আমরা আগের সব কিংবদন্তি নিয়ে বলি।
:এবং ম্যানুয়েল নয়্যার আছে। আপনি নিজেই ২০০৬ সালে বিশ্বকাপ জিতেছিলেন। ট্রফিটা যখন জিতলেন, আপনার সম্পর্কে মানুষের ধারণা কতটুকু বদলেছিল?
দেল পিয়েরো: বিশ্বকাপ জয়ে আপনার জীবন বদলে যায় এটাই সত্যি। এর সঙ্গে কিছুরই তুলনা হয় না। আমার কাছে, ওটাই ছিল ক্যারিয়ারের চূড়া ও স্বপ্নপূরণ। বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি নেওয়ার সুযোগ পাওয়া ও দলের জয়ে অবদান রাখা, সবশেষে ট্রফিটা উঁচিয়ে ধরা...আমি সব সময় এ রকম কিছুই কল্পনা করেছি।
:আপনি কী মনে করেন, ব্যালন ডি’অর কে জিতবে?
দেল পিয়েরো: আমার পক্ষপাত কার প্রতি সেটা আমি বলব না। তবে একটা ভবিষ্যদ্বাণী করতে বললে নয়্যারের নামই বলব। জার্মানির বিশ্বকাপ জয়ের ও বায়ার্নের বুন্দেসলিগা জয়ের অবিচ্ছেদ্য অংশ ছিল সে। ব্যাপারটা অনেকটা ২০০৬ সালের মতো, যখন জিজি বুফন একটুর জন্য সতীর্থ ফ্যাবিও কানাভারোর কাছে ব্যালন ডি’অরে পরাজিত হয়েছিল। ওই বছর ফিফা বর্ষসেরাও হয়েছিল ক্যানাভারো।
:ফিফা বর্ষসেরা কোচের কথাই যদি ধরি, আপনি নির্বাচকমণ্ডলীর সদস্য হলে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতেন?
দেল পিয়েরো: সেরা কোচকে অন্তত একটা বড় শিরোপা জিততে হবে। সেটি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ বা ঘরোয়া লিগও হতে পারে। সেটি খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু গ্রেট চ্যাম্পিয়নদের ক্ষেত্রে কখনো ব্যক্তিগত মেধা দলীয় অর্জন ছাপিয়ে যেতে পারে।
:জোয়াকিম লো, ডিয়েগো সিমিওনে ও কার্লো আনচেলত্তির মধ্যে কাকে বেছে নেবেন?
দেল পিয়েরো: তিনজনের প্রতিই আমার শ্রদ্ধা রয়েছে, কিন্তু আমি আশা করব কার্লো জিতবে। তিনি অসাধারণ একজন কোচ, দারুণ একজন মানুষ। ইতালি, ইংল্যান্ড ও ফ্রান্সে তিনি অনেক শিরোপা জিতেছেন। এখন রিয়াল মাদ্রিদের হয়ে লা ডেসিমাও জিতলেন। আমি জানি না একটা পুরস্কারই যথেষ্ট কিনা। কিন্তু পুরস্কারটা কার প্রাপ্য সেটা বলতে পারছি না, কারণ জার্মানির হয়ে জোয়াকিম লোও দুর্দান্ত করেছেন। তিনজনেরই আলাদা গল্প আছে, প্রত্যেকেই জয়ী।