'ভাগ্য ভালো এক সপ্তাহ টিভি দেখি না'

ফিফা বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানের পর আলোচনার কেন্দ্রে দুটি বিষয়। দুটির সঙ্গেই জড়িয়ে আছে বার্সেলোনা। একটি বার্সার খেলোয়াড়দের অনুপস্থিতি, অন্যটি ক্রিস্টিয়ানো রোনালদোর ‘কেন আসেনি বুঝতে পারছি’ মন্তব্যের আসল ব্যাখ্যা। মন্তব্যটা নিরীহ, নাকি খোঁচা?
ওই অনুষ্ঠানের পর প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন লুইস এনরিকে। অনুমিতই ছিল, এ নিয়ে প্রশ্ন ধেয়ে যাবে তাঁর দিকে। এনরিকে জানালেন, খেলোয়াড়েরা যাবে কি না, এই সিদ্ধান্ত ক্লাব বা কোচ নেয়নি। খেলোয়াড়দের ওপরই ছেড়ে দেওয়া হয়েছিল। তাঁদের মনে হয়েছে, অনুষ্ঠান গুরুত্বপূর্ণ। তবে বার্সার কোপা ডেল রের ফিরতি লেগটা বেশি গুরুত্বপূর্ণ।
ন্যু ক্যাম্পে কোপা ডেল রের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটি বার্সার জন্য বাঁচা-মরার লড়াই। এর এক দিন আগে ভ্রমণের ঝক্কির মধ্যে যেতে চাননি তারকা খেলোয়াড়েরা। এনরিকে বলেছেন, ‘সেখানে যাওয়া না–যাওয়া সবার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাদের কোচ হিসেবে আমি শুধু তাদের সিদ্ধান্তকে সমর্থন করতে পারি। সেখানে তারা খেলার জন্যই যায়নি। কিছু প্রতিশ্রুতি থাকে, যেগুলো খেলোয়াড়দের অবশ্যই মানতে হয়। আমি তাদের সিদ্ধান্তকে শতভাগ সমর্থন করি।’
আর রোনালদো যে মন্তব্য করলেন বার্সার খেলোয়াড়দের না আসার কারণ তিনি বোঝেন, এ ব্যাপারে? বার্সা কোচ বিতর্ক বাড়াতে চাইলেন না। নিজের সহজাত রসবোধ দিয়ে বললেন, ‘ভাগ্য ভালো এক সপ্তাহ টিভিই দেখি না।’
কোপা ডেল রের শেষ ষোলোর প্রথম লেগে বিলবাওয়ের মাঠ থেকে ২-১ গোলে হেরে এসেছিল বার্সা। তবে আজ ন্যু ক্যাম্পে ভিন্ন কিছু হবেই বলে আশা এনরিকের, ‘এটা ঠিক বিলবাওয়ে অপ্রত্যাশিত ফল হয়েছে আমাদের জন্য। তবে ওদের মাঠে করা গোলটা দ্বিতীয় লেগের জন্য আমাদের আত্মবিশ্বাসী করছে। আমাদের গোল করে দুই লেগ মিলিয়ে এগিয়ে যেতে হবে। এটি তাদের আরও বেশি ঝুঁকি নিতে বাধ্য করবে। তাতে দ্বিতীয় লেগ আরও আকর্ষণীয় করবে।’
আজ বাংলাদেশ সময় রাত সোয়া দুইটায় ফিরতি লেগ।