'ভাগ্যবান' পর্তুগালকে অভিনন্দন

দেশের হয়ে শিরোপা জয়ের স্বাদ কেমন, সেটি তিনি জানেন। ২০১৪ বিশ্বকাপে জার্মানির অধিনায়ক উল্লাস করেছেন ট্রফি নিয়ে। ফিলিপ লাম তাই এটাও জানেন, ভালো খেলাটাই সব নয়, শিরোপা জিততে ভাগ্যও লাগে। খোলা চিঠিতে ইউরোজয়ী ‘ভাগ্যবান’ পর্তুগালকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বকাপ জিতেই জাতীয় দলকে বিদায় বলে দেওয়া জার্মান—

প্রিয় ফুটবলপ্রেমীরা,
ইউরো ২০১৬ শেষ হয়েছে তিন দিন হলো। ২০০২ সালের পর এই প্রথম কোনো বড় প্রতিযোগিতা শুধু দর্শকের চোখে দেখতে পারলাম আমি। মানে সব ভুলে আয়েশ করে খেলা দেখতে পেরেছি। জাতীয় দলের হয়ে খেলার চাপ না নিয়ে শুধু জার্মানির জন্য উল্লাস করতে পেরেছি।
এভাবে দল থেকে আলাদা হয়ে, আবারও একজন বহিরাগতের অনুভূতি থেকে একটি মৌলিক কিন্তু গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে গেল; ফুটবল একটি খেলা! এবং ওই যে সেপ হারবার্গার (১৯৫৪ বিশ্বকাপজয়ী পশ্চিম জার্মানি দলের কোচ) বলেছিলেন, ‘মানুষ ফুটবল দেখতে আসে কারণ কীভাবে এর শেষ হবে তা কেউই জানে না।’
এই অনিশ্চয়তাই ফুটবলকে এতটা আকর্ষণীয় করে তোলে, প্রতিটি খেলাকে নতুন এক অভিজ্ঞতা বলে মনে করায়। আর এখন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ তো সামাজিক ঘটনায় রূপ নিয়েছে। সবাই এ উপলক্ষে বন্ধুদের সঙ্গে মিলিত হয়, বাড়িতে কিংবা পানশালায়। সেখানে সবাই খায়, পান করে, সবাই মিলে খেলা দেখে।
সবাই তার নিজ নিজ দলের সঙ্গে সংযোগ তৈরি করে নেয়; তা দলের জার্সি পরে হোক, পতাকা উড়িয়ে, গান গেয়ে কিংবা বাজি ধরে। এভাবেই দলের সমর্থনে সবাই হৃদয় নিংড়ে দেয়। এটাই উত্তেজনা বাড়িয়ে দেয়, ম্যাচ শেষে আপনি হয় প্রচণ্ড উল্লাসে মাতবেন অথবা তীব্র হতাশায় ডুবে যাবেন। এই সবই দলকে সমর্থনের অনিবার্য অনুষঙ্গ। এভাবেই তো দর্শকদের একাংশ বিজয়ী হয়, অন্য অংশ হারে।
অনেক দিন পর এভাবে নিজেকে কোনো দলের সঙ্গে জড়িয়ে ফেলা, এমন অনুভূতির মাঝে নিজেকে খুঁজে পাওয়াটা ছিল দারুণ। যুবদলে খেলার অনুভূতিটাই যেন ফিরে এসেছিল। টিভিতে পেশাদার ফুটবলারদের যখন খেলতে দেখছেন, মনে মনে আপনি একটু আগে শেষ হওয়া নিজের ম্যাচের ক্ষুদ্র ঘটনাগুলো আবারও নাড়াচাড়া করছেন।
এ রকম ম্যাচ কিংবা প্রতিযোগিতার সৌন্দর্য হলো, এখানে তফাতটা খুব সূক্ষ্ম থাকে। প্রতিটি ঘটনার ফলই অনিশ্চয়তায় ঘেরা। খেলোয়াড়েরা যা দেখছে, আপনিও তাই দেখছেন। আপনি নিজে নিজে কোনো সমাধান খুঁজে নেন। তারপর খেলোয়াড়দের সমাধানটাও দেখেন। এতে আপনি পুরো ৯০ মিনিট ধরেই খেলার সঙ্গে জড়িয়ে যান। এমনকি পরেও কী দেখেছেন, তার মাঝে ডুবে থাকেন।
এবারের ইউরোতে ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড ও আইসল্যান্ডের মতো দলগুলোর খেলা আমাকে রোমাঞ্চিত করেছে। তারা দুর্দান্ত ফুটবল খেলেছে বলেই শুধু নয়, বরং তারা যেভাবে বড় দলগুলোর বিপক্ষে এক হয়ে খেলেছে, সাহস দেখিয়েছে সেটিই আমাকে মুগ্ধ করেছে বেশি। খেলাটির বড় বড় তারকা ও দলগুলোর বিপক্ষেও ভয় পায়নি, নিজস্ব দর্শনে খেলে সমীহ আদায় করেছে। এটি দেখতে খুব ভালো লেগেছে, ফুটবলে এমন আবেগই তো দরকার। এভাবেই ছোট দলগুলো আরও বড় হয়ে উঠে তাদের চেয়ে অনেক শক্তিশালী দলকেও হারিয়ে দেয়।
অবশ্য ভাগ্যও তার কাজটি করেছে। আইসল্যান্ড যেমন ইংল্যান্ডের বিপক্ষে ভাগ্যের সহায়তা পেয়েছিল, জয় যদিও প্রাপ্য ছিল ওদেরই। ফ্রান্স ও জার্মানির ক্ষেত্রেও একই গল্প। ফুটবল একটি খেলা, এতে অনিশ্চয়তা সব সময়ই থাকবে। ভাগ্য সব সময় কোনো না কোনোভাবে প্রভাব ফেলবেই। এবং এটি একটি ভালো জিনিস। কারণ এর মানে হচ্ছে, কোনো প্রতিযোগিতাতেই আপনি নিশ্চিত করে ভবিষ্যদ্বাণী করতে পারবেন না।
২০১৬ ইউরোর ভাগ্যবানের নাম পর্তুগাল। অর্থাৎ এবারের ইউরোর শিরোপা এমন এক দলের কাছে গেল, যারা অনেক দিন ধরেই অসাধারণ ফুটবলার উপহার দিয়েছে ফুটবলকে। এই তরুণ প্রতিভারা শুধু ভাগ্য বা ঘটনাচক্রে শিরোপা জেতেনি। তারা তাদের স্বপ্নটা দেখতে শিখেছে, কঠিন পরিশ্রম ও শৃঙ্খলার মধ্য দিয়ে সেটি আদায় করেছে, রেনাতো সানচেসই সবচেয়ে বড় উদাহরণ।
অবশ্য অনেক সেরা খেলোয়াড়কেই ভাগ্যের কাছে হার মানতে হয়েছে। সবচেয়ে পরিশ্রমী দলটি জেতে না, বরং ভাগ্যবান দলটিই জেতে। আমার কাছে এটা ভালোই লাগে।
এটি সাফল্যকে আরও মহিমান্বিত করে তোলে। আর জয়ের মুহূর্তটি হয়ে ওঠে বর্ণনাতীত। বিশ্বাস করুন, আমি এটি জানি; আমি এটির স্বাদ পেয়েছি যখন ২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপটি হাতে নিলাম। ওই মঞ্চে দাঁড়িয়ে আপনি কতটা কঠিন পথ পাড়ি দিয়েছেন সেটা আর মূল বিষয় থাকে না। বরং ওই মুহূর্ত আর নিজের সৌভাগ্যকে উপভোগ করাটাই তখন বেশি গুরুত্বপূর্ণ।
সুতরাং, আমি ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগালকে অন্তর থেকে অভিনন্দনটা জানাতে চাই।
ইতি—
ফিলিপ