'ভাবিনি পর্তুগাল ইউরো জিততে পারবে'
>

রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ, পর্তুগালের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। গত মৌসুমটা আসলেই দুর্দান্ত গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। এর মধ্যেই আরেকটি সুখবর পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। টানা ষষ্ঠবারের মতো উয়েফা বর্ষসেরা খেলোয়াড় মনোনয়নের সেরা তিনে জায়গা করে নিয়েছেন। আজ রাতেই ঘোষণা করা হবে জয়ীর নাম। তার আগে গত মৌসুমে নিজের ও দলের পারফরম্যান্স নিয়ে রোনালদোর মূল্যায়ন উয়েফা ডটকমের সঙ্গে সাক্ষাৎকারে
* আপনার ক্যারিয়ারের মানদণ্ডে সর্বশেষ মৌসুমটাকে কোথায় রাখবেন?
ক্রিস্টিয়ানো রোনালদো: ট্রফির বিচারে এটা হয়তো আমার সেরা মৌসুম। ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে জয়ের পর দেশের হয়ে ইউরো জেতাটা দুর্দান্ত অর্জন। দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনও অনেক। আমি চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছি, ইউরো চ্যাম্পিয়নশিপটাও দারুণ কেটেছে। সব মিলিয়ে আসলেই আমার অন্যতম সেরা মৌসুম।
* চ্যাম্পিয়নস লিগের ফাইনালটার কথা ভাবলে কতটা আবেগাপ্লুত হন?
রোনালদো: এটা আসলে দারুণ একটা অভিজ্ঞতা ছিল। আরও একবার (২০১৪ সালের পরে) অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফাইনাল খেলেছি আমরা। ওরা দুর্দান্ত দল এবং শিরোপা জেতার সব সামর্থ্যই আছে। তবে রিয়াল মাদ্রিদ ওদের চেয়ে ভালো খেলেছে। আমরা টাইব্রেকারে কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছি। পেনাল্টি তো আসলে সব সময় লটারির মতো। কঠিন একটা মৌসুম শেষে আমরা সাফল্যের চূড়ায় পৌঁছেছি, ক্লাব ফুটবলের সর্বোচ্চ ট্রফিটা জিতেছি।
* এই সাফল্যে কোচ জিনেদিন জিদানের ভূমিকা কতটুকু?
রোনালদো: জিদানই তো চাবিকাঠি। তিনি খুবই পেশাদার, দারুণ একজন মানুষ। আমার মতে, তাঁর সবচেয়ে বড় গুণ খেলোয়াড়দের সুস্থির ও শান্ত রাখতে পারা। জানুয়ারিতে তিনি যখন দায়িত্ব নেন, ওটাই আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল। তিনি দায়িত্ব নেওয়ার পর আমরা শূন্য থেকে এক শতে পৌঁছেছি। লিগে আমরা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে ছিলাম। কিন্তু মৌসুমটা শেষ করেছি মাত্র ১ পয়েন্ট পেছনে থেকে। চ্যাম্পিয়নস লিগে তো শিরোপাই জিতলাম। এর বেশি আর কী চাওয়ার থাকতে পারে! জিদানের অনেক কৃতিত্ব পাওনা।
* ইউরোর মহাকাব্যিক ফাইনালে পর্তুগাল শিরোপা জিতল। ওই অভিজ্ঞতাটা কেমন ছিল?
রোনালদো: ইউরোর আগে আমাদের লক্ষ্য ছিল টুর্নামেন্টে ভালো খেলা এবং কোয়ার্টার ফাইনালে পর্যন্ত যাওয়া। এরপর বাকিটা আসলে বোনাস হয়ে এসেছে। সত্যি কথা বলতে, আমি শুরুতে ভাবিনি পর্তুগাল ইউরো জিততে পারবে। কিন্তু টুর্নামেন্টে যতই এগোতে থাকল, আমার বিশ্বাস হতে লাগল, এটা সম্ভব। আমি মনে করি, শেষ পর্যন্ত এটা আমাদের পাওনাই ছিল। আমরা একটা দল হিসেবে খেলেছি। আমাদের খেলোয়াড়েরা অভিনন্দন পাওয়ার দাবিদার।
* এখানে আপনার ক্লাব ও জাতীয় দল সতীর্থ পেপের ভূমিকা কতটুকু? আপনি তো দীর্ঘদিন ধরে তাঁকে চেনেন। তাঁর গুণগুলো কী, ড্রেসিংরুমে তিনি বাড়তি কী যোগ করেন?
রোনালদো: আমি খুব খুশি, আপনি এই প্রশ্নটা করেছেন। আমি মনে করি, পেপে অসাধারণ একটা মৌসুম কাটিয়েছে। সম্ভবত এটাই ওর সেরা মৌসুম। যে মৌসুমে সন্দেহাতীতভাবে সে পর্তুগালের সেরা খেলোয়াড়। চ্যাম্পিয়নস লিগেও রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড় ছিল। আমি খুবই আনন্দিত, সে ইউরোর সেরা দলে জায়গা পেয়েছে। আমার মতে, ইউরোর সেরা খেলোয়াড় ছিল পেপে।
* সামনের মৌসুমটা চ্যাম্পিয়নস লিগে আপনার ১৪তম মৌসুম হবে। আপনার কাছে এই টুর্নামেন্টের মূল্য কতটা?
রোনালদো: চ্যাম্পিয়নস লিগে খেলাটা সব সময় গৌরবের, সম্মানের। এটাই ক্লাব ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় আমার কাছে এটা আরও বিশেষ কিছু। এটা রিয়াল মাদ্রিদের জন্যও বিশেষ কিছু। আমরা এই মৌসুমে আবার এটা জেতার চেষ্টা করব।