'ভালো'তেল্লি মন্দতেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিও বালোতেল্লি হচ্ছে সার্কাসের সেই পোষা বাঘের মতো। এমনিতে সবকিছুই ঠিকঠাক করবে, কিন্তু যেকোনো সময়ই বেগড়বাই করতে পারে। নিস কোচ লুসিয়েন ফাভ্রে এখন নিশ্চয়ই কথাটার মর্ম বুঝতে পারছেন! যে বালোতেল্লি অন্তিম মুহূর্তে দলকে জয় এনে দিয়েছেন, তিনিই আরেকটু হলে ডোবাতে বসেছিলেন। গোল করার ৬ মিনিট পরে লাল কার্ড খাওয়া বালোতেল্লিকেই বোধ হয় মানায়!
লিভারপুল থেকে একরকম বিতাড়িত হয়েই এই মৌসুমে যোগ দিয়েছেন নিসে। শুরুতে মাঠের বাইরের খবর নিয়ে বেশি আলোচনায় ছিলেন। কিন্তু মাঠে যেন দেখা যাচ্ছে সেই পুরোনো বালোতেল্লিকেই। ফ্রেঞ্চ লিগে এরই মধ্যে তিন ম্যাচে ৫ গোল পেয়ে গেছেন। তবে কালকের গোলটিকে বোধ হয় সবচেয়ে এগিয়ে রাখবেন। লঁরিয়ার সঙ্গে নিসের ম্যাচের তখন ৮৫ মিনিট, ১-১ গোলে সমতা। বক্সের ভেতর বল পেলেন বালোতেল্লি, ডান পায়ের দুর্দান্ত এক বাঁকানো শটে বলটা জালে। সঙ্গে সঙ্গেই জার্সি খুলে ফেললেন আনন্দে। হলুদ কার্ডও দেখতে হলো অবধারিতভাবেই।
কিন্তু আগে যে হলুদ কার্ড পেয়েছিলেন, সেটা ৫ মিনিট যেতে না যেতেই বোধ হয় ভুলে গেলেন। অতিরিক্ত সময়ে আবার দেখলেন দ্বিতীয় হলুদ কার্ড। কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে তাঁর ঠিক কী হয়েছে, বোঝা যায়নি। রিপ্লে দেখে মনে হয়েছে, মাথা দিয়ে ঢুস মারার একটা ভঙ্গি করতে গিয়েছিলেন। কিন্তু নিস কোচ ফাভ্রে ব্যাপারটা ঠিক মানতে পারছেন না, ‘সত্যি বলতে কী, ডাগআউট থেকে আমি আসলেই বুঝিনি কী হয়েছে। মনে হয়েছে মারিও বলার মতো কিছুই করেনি। আমি অবশ্য পর্দায় একবারই ঘটনাটা দেখেছি। ঠিক কী হয়েছে সেটা আমাকে আবার দেখতে হবে।’
ভাগ্য ভালো, নিসকে এর জন্য বড় মূল্য দিতে হয়নি। ২-১ গোলের জয় নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে তারা। সেই সঙ্গে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানেও সবার ওপরে বালোতেল্লির দল। ১ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে মোনাকো, চ্যাম্পিয়ন পিএসজি আছে তিনে। রয়টার্স।